শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:১০ পি.এম
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে এবং নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বিজিবির সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিএএমপি ৭/১৪-এস সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে একটি ষাঁড় গরু নিয়ে আসার সময় বিজিবি কয়েকজনকে দেখতে পায়। টহল দলের চ্যালেঞ্জের মুখে তারা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ষাঁড়টি উদ্ধার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। এ সময় মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মুকুল রায় ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। বিজিবি জানায়, পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছয়টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, দুটি অভিযানে উদ্ধার হওয়া গরু ও মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা। আটক মুকুল রায়কে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া গরুটির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার সান্তাহারে পুলিশ, স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদারের নির্দেশের পর, রিক্সাভ্যান চালকদের কাছে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনার পর স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার প্রশংসার পাত্র হয়ে উঠেছেন।
জানা গেছে, সান্তাহারে একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে শহরের রিক্সা ও ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল কিছু প্রভাবশালী শ্রমিক নামধারী চাঁদাবাজ। এ চাঁদাবাজিতে সহায়তা করতেন নিষিদ্ধ আওয়ামী লীগের সান্তাহার পৌর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আলম হোসেন, যিনি স্থানীয় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আদায়কারী। সম্প্রতি, নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আলমের ছত্রছায়ায় স্থানীয় রিক্সাভ্যান শ্রমিক সংগঠনের কিছু নেতা পৌরসভার লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স প্রদান এবং শ্রমিক সংগঠনে ভর্তির অজুহাতে প্রতিদিন নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশনা দেন।
একপর্যায়ে, সান্তাহার পৌর শহরে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদারের কাছে তুলে ধরেন ভুক্তভোগী রিক্সাভ্যান চালকেরা। এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশ প্রশাসনকে এলাকায় চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার বিকেলে সান্তাহার শহরের রিক্সাভ্যান স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় ফাঁড়ির পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগের সান্তাহার পৌর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আলম হোসেন (৫০) এবং আদমদিঘী উপজেলার পোঁওতা টিকরী পাড়া গ্রামের হাফিজুল ইসলাম ওরফে কুচার ছেলে রবিউল ইসলাম (২৪)কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এ গ্রেফতার ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার প্রশংসার পাত্র হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার সচেতন ব্যক্তিরা সান্তাহার শহরের সকল সেক্টরে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শহীদ বীর আবু সাঈদ গণঅভ্যুত্থানের প্রতীক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, রংপুরবাসী গর্বিত এমন একজন সন্তানকে জন্ম দিয়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
রাশেদ খান উল্লেখ করেন, "আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। যা সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।"
তিনি আরও বলেন, "আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল।"
আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।"
বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।"
এ সময় আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, "সবশেষে আমি প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ রিপন হামিদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বিজিবি-র একটি যৌথ রেইডিং টিম।
গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে এবং বিজিবি-র সমন্বয়ে আজ ১৮ সেপ্টেম্বর ভোর ৪:০০ টায় হাকিমপুর থানাধীন বড় ডাঙ্গাপাড়ায় আসামী রিপন হামিদের বসতবাড়িতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আসামীর বসতবাড়ির কক্ষ থেকে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে রাখা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫টি (২৫০ মি.লি.) 'বুপিজেসিক' বুপ্রেনরফিন ইনজেকশন, ৪০০ পিস (১০৮ গ্রাম) 'Topee-100' ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Oppo (Model: cph2711) মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে আলামত সীলগালা করা হয়েছে এবং আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক) /৩৬(১)সারণির ২৯(ক)/২৬(১)ধারায় সংশ্লিষ্ট ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্যের মালয়েশিয়া সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সংসদ সদস্যরা তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে সফরটি বাংলাদেশে ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করা হলেও, মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠককে ‘শিক্ষামূলক সফর’ বলে অভিহিত করেছেন দেশটির রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ড. মাসজলি মালিক। বৈঠকে সংস্কারমুখী রাজনৈতিক দলের চ্যালেঞ্জ, সংসদ সদস্যদের ভূমিকা, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়েছে।
মালয়েশিয়ার রাজনৈতিক দল কেদিলানের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরো এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস) মালয়েশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ড. মাসজলি মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের সংসদ সদস্যদের আতিথ্য দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংস্কারমুখী দলগুলোর সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে এবং এসব পরিস্থিতিতে সংসদ সদস্যদের কী ধরনের ভূমিকা পালন করা উচিত, তা নিয়ে মতবিনিময় হয়েছে।
বৈঠকে অধ্যাপক জিয়াউদ্দিন সারদারের ‘পোস্ট-নরমাল টাইমস’ ধারণা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ‘মাদানি’ ধারণার প্রসঙ্গও উঠে এসেছে। ড. মাসজলি মালিকের বক্তব্য অনুযায়ী, বর্তমান সময়ের জনপ্রতিনিধিদের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে স্বচ্ছতা, সত্যনিষ্ঠা, সততা ও জবাবদিহিকে গুরুত্ব দিতে হবে। জনগণের কথা শোনা এবং তাদের প্রত্যাশার প্রতি সাড়া দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের সংসদে আগে দায়িত্ব পালন করেছেন এমন সদস্যদের অভিজ্ঞতা থেকেও আলোচনায় অনেক কিছু জানার সুযোগ হয়েছে। সফরকারীদের মধ্যে কেউ পশ্চিমা দেশে শিক্ষালাভ করেছেন, আবার কেউ তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। জামায়াতে ইসলামীর পেশাজীবী ও শিক্ষাবিদদের নেটওয়ার্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ড. মাসজলি।
প্রাপ্ত তালিকা অনুযায়ী, জামায়াতের ৩৪ সংসদ সদস্য ও তাদের স্ত্রীদের একটি বড় বহর ১৩ সেপ্টেম্বর এয়ার এশিয়ার ঢাকা-কুয়ালালামপুর রুটের একে-৭০ ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তালিকায় নাম না থাকলেও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন রংপুর-৬ আসনের মো. নুরুল আমিন, ঢাকা-৫-এর মোহাম্মদ কামাল হোসাইন, খুলনা-৬-এর মো. আবুল কালাম আজাদ, পিরোজপুর-১-এর মাসুদ সাঈদী, শেরপুর-১-এর মো. রাশেদুল ইসলাম রাশেদ, খুলনা-২-এর এস কে জাহাঙ্গীর হোসাইন হেলাল, বাগেরহাট-২-এর শেখ মঞ্জুরুল হক রাশেদ, চুয়াডাঙ্গা-১-এর মো. মাসুদ পারভেজ, নওগাঁ-২-এর মো. এনামুল হক, চুয়াডাঙ্গা-২-এর মো. রুহুল আমিন, গাজীপুর-৪-এর সালাহউদ্দিন, কুড়িগ্রাম-৪-এর মো. মোস্তাফিজুর রহমান, নড়াইল-২-এর মো. আতাউর রহমান, ঢাকা-৪-এর সৈয়দ জয়নুল আবেদীন এবং ময়মনসিংহ-৬-এর মো. কামরুল হাসান।
এ ছাড়া তালিকায় রয়েছেন নীলফামারী-৪-এর আবদুল মুনতাকিম, কুড়িগ্রাম-১-এর মো. আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা-৫-এর মো. আবদুল ওয়ারেস, গাইবান্ধা-১-এর মো. মাজেদুর রহমান, নীলফামারী-২-এর আলফারুক আবদুল লতিফ, চট্টগ্রাম-১৬-এর মোহাম্মদ জহিরুল ইসলাম, জয়পুরহাট-১-এর মো. ফজলুর রহমান, নীলফামারী-১-এর মো. আবদুল সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-২-এর মো. মিজানুর রহমান, পাবনা-৩-এর মোহাম্মদ আলী আসগর, পাবনা-৪-এর মো. আবু তালেব মণ্ডল, রংপুর-১-এর মো. রায়হান শিরাজী, নীলফামারী-৩-এর ওবায়দুল্লাহ সালাফি, নেত্রকোনা-৫-এর মাসুম মোস্তফা, মেহেরপুর-১-এর মো. তাজউদ্দিন খান, কুষ্টিয়া-৪-এর মো. আফজাল হোসাইন, গাইবান্ধা-২-এর মো. আবদুল করিম, ঢাকা-১৪-এর মীর আহমাদ বিন কাসেম এবং যশোর-৫-এর গাজী এনামুল হক।
সংসদ সদস্যদের বাইরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ফলে মূল তালিকায় ৩৫ জন পুরুষের নাম রয়েছে—৩৪ জন সংসদ সদস্য ও একজন দলীয় নেতা। সংসদ সদস্যদের সঙ্গে তাদের স্ত্রীদেরও সফরসঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতসংখ্যক সংসদ সদস্যের একসঙ্গে মালয়েশিয়া সফর দেশটির বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে রাজনৈতিক ও ইসলামি গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংস্কার, জবাবদিহি ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ায় সফরটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এখন পর্যন্ত মালয়েশিয়ায় জামায়াতের কোনো আনুষ্ঠানিক দলীয় কর্মসূচি, প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক কিংবা সংগঠন সম্প্রসারণের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্য কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে সফরটি ব্যক্তিগত ভ্রমণের পাশাপাশি কতটা শিক্ষামূলক ও রাজনৈতিক মতবিনিময়কেন্দ্রিক ছিল, তা স্পষ্ট হবে সংশ্লিষ্টদের পরবর্তী কর্মসূচি ও আনুষ্ঠানিক বক্তব্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ