০৫:৪০ পি.এম
জামালপুরে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের বনপাড়া এলাকার সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়া হাসানের পুত্র এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পড়াশোনার জন্য ঢাকায় থাকলেও ঈদের ছুটিতে রাফি তার পরিবারের সঙ্গে জামালপুরে আসেন। তার গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয় সূত্র জানায়, দুপুরে যখন বৃষ্টি শুরু হয়, অনেকেই কলেজের পুকুরে গোসল করতে নামে। রাফিও কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না, তাই সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। তার বন্ধুরা যখন গোসল শেষ করে পুকুর থেকে উঠে আসে, তখন রাফি তাদের সঙ্গে নেই বলে দেখে। এরপর স্থানীয়রা সবাই মিলে পুকুরে রাফির খোঁজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাফিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনার পর অভিযোগ না থাকায় কলেজ ছাত্রের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন