০৫:৪১ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভর করে না, এটি জনগণের আস্থার উপরও নির্ভর করে।
আজ বৃহস্পতিবার, জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের জন্য সহায়তা করে।
তিনি বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের একটি অন্যতম হাতিয়ার। কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক, যাতে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকতে পারে।
তিনি আরো বলেন, সংসদের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আইন প্রণয়ন, তদারকি ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।
তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের ‘স্ট্রেইনদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স এন্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের জন্য সহযোগিতা করে যাচ্ছে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেছেন, মানুষের শেখার সময় দোলনা থেকে অঙ্গীকার শুরু হয়। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসা কেউ শিক্ষক বা ছাত্র নয়, বরং আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখবো।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কার্যপ্রণালি-বিধি, সংবিধান, এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই শিক্ষা তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, প্রথমত, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হইনি। দ্বিতীয়ত, সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায় - এ লক্ষ্য সংসদ পরিচালিত হবে।
দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে বৃহস্পতিবার সংসদীয় আসন ১৫১ ময়মনসিংহ- ৬ হতে ধারাবাহিকভাবে ১৫৬ ময়মনসিংহ-১১, ১৫৮ নেত্রকোনা-২ থেকে ১৮৭ ঢাকা-১৪, ১৮৯ ঢাকা-১৬, ১৯১ ঢাকা-১৮ হতে ২৭৮ চট্টগ্রাম-১, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫ হতে ৩০০ বান্দরবান আসনের নির্বাচিত সংসদ-সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩২৫ মহিলা আসন-২৫ থেকে ৩৫০ মহিলা আসন-৫০ হতে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন