০৯:১৮ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একসময় দেশের ক্রীড়াঙ্গন ছিল প্রাণবন্ত। টাঙ্গাইল স্টেডিয়াম সর্বদা দর্শকে পরিপূর্ণ থাকত এবং মানুষ টিকিট কেটে খেলা উপভোগে আসতেন। কিন্তু গত ১৭ বছরে অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের কারণে দেশের ক্রীড়াঙ্গন কলুষিত হয়ে গেছে। বর্তমান সরকার সেই হারানো ঐতিহ্য ও প্রাণচঞ্চলতা ফিরিয়ে আনতে কাজ করছে।
আজ শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলা পর্যায়ে টাঙ্গাইলে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
তিনি খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানিয়ে বলেন, খেলাকে ঘিরে কোনো ধরনের বিদ্বেষ, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার স্থান নেই। খেলাধুলা হবে নির্মল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মাধ্যম। এছাড়াও তিনি সবাইকে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে টাঙ্গাইলে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি, ক্রীড়া অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
সরকারের মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন