১১:০৬ এম
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে কনে নিয়ে বাড়ি ফেরার সময় একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়, যার ফলে শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং অন্যজন হলেন মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ ইসলাম এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়েতে বরযাত্রী হিসেবে বর সহ প্রায় ১৫ জন অংশগ্রহণ করেন।
বিয়ের পর বরযাত্রীরা কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ অন্তত ১৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি ১২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর গণমাধ্যমকে বলেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন