ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই


ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হামলা, ড্রোনের গতিবিধি এবং সামরিক অভিযানের বিপুল পরিমাণ ডেটা এখন যুক্তরাজ্যের কাজে লাগবে। এই বাস্তব তথ্যের ভিত্তিতে প্রশিক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দেশটির সামরিক ঘাঁটি, রেলপথ, বিমানবন্দর এবং বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই উদ্দেশ্যে যুক্তরাজ্য একটি নজিরবিহীন চুক্তি করেছে কিয়েভভিত্তিক ‘অ্যাভেঞ্জার্স এআই ল্যাব’-এর সঙ্গে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের চুক্তি যুক্তরাজ্যে প্রথমবারের মতো হচ্ছে। চুক্তির আওতায় ইউক্রেনের রণাঙ্গন থেকে অ্যাভেঞ্জার্স এআই ল্যাবের সংগ্রহ করা বিপুল ডেটা ব্যবহার করার সুযোগ পাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত এআই কোম্পানিগুলো। এই তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য নতুন প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে।

প্রথম ধাপে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। পরিকল্পনার মধ্যে রয়েছে মাটির নিচে থাকা ফাইবার-অপটিক কেবলের সঙ্গে এআই-নিয়ন্ত্রিত সেন্সর যুক্ত করা। এই সেন্সরের মাধ্যমে আশপাশে মানুষের চলাচল, যানবাহনের গতিবিধি অথবা অন্য কোনো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করার চেষ্টা করা হবে। পরীক্ষার সফলতার পর বিমানবন্দর, কারাগার, গুরুত্বপূর্ণ রেলপথ এবং জ্বালানি স্থাপনাসহ আরও বিস্তৃত এলাকায় প্রযুক্তিটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ সরকারের।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

যে ঘটনার পর নড়েচড়ে বসে ব্রিটেন

ব্রিটেনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠার পর এই উদ্যোগে গতি এসেছে। গত জুনে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর কয়েকজন সদস্য স্কুটারে করে যুক্তরাজ্যের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে প্রবেশ করেন। তারা আরএএফ ব্রিজ নর্টনে ঢুকে দুটি সামরিক বিমানে স্প্রে পেইন্ট করে নিরাপদে বেরিয়ে যান। এই ঘটনা ব্রিটিশ নিরাপত্তাব্যবস্থার বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে। পরে সংগঠনটি দাবি করে, তাদের এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে। এ ধরনের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নত নজরদারি ব্যবস্থা তৈরির দিকে নজর দিয়েছে ব্রিটিশ সরকার।

তিনটি ব্রিটিশ কোম্পানির হাতে যাচ্ছে যুদ্ধের ডেটা। ইতোমধ্যে যুক্তরাজ্যের তিনটি এআই প্রতিষ্ঠান সিনটেলা, মাইন্ড ফাউন্ড্রি এবং স্কাইরাল-নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমে এই ডেটা ব্যবহারের নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে ব্রিস্টলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিনটেলা ফাইবার-অপটিক সেন্সর প্রযুক্তিতে কাজ করে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নজরদারি ব্যবস্থা তৈরির জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৩ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি করেছে। ইউক্রেনের রণাঙ্গনের তথ্য ব্যবহারের ফলে এসব প্রতিষ্ঠান ড্রোন পরিচালনার ডেটা, সামরিক হামলার ভিডিও ফুটেজ এবং ফ্লাইট প্রোফাইলের মতো বাস্তব যুদ্ধক্ষেত্রের তথ্যের ভিত্তিতে নিজেদের এআই ব্যবস্থা উন্নত করার সুযোগ পাবে। এই বিশাল ডেটাসেটে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার হামলা এবং সেগুলো ধ্বংসের প্রচেষ্টার তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

চার বছরের যুদ্ধের ডেটা বিশেষভাবে মূল্যবান মনে করা হচ্ছে। কারণ এতে বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের হামলা, ড্রোনের ব্যবহার, সামরিক গতিবিধি এবং অবকাঠামোর ওপর আক্রমণের বিস্তারিত চিত্র রয়েছে। এতদিন এ ধরনের এআই ব্যবস্থা তৈরিতে মূলত ইন্টারনেটে পাওয়া উন্মুক্ত তথ্য বা ওপেন সোর্স ডেটার ওপর নির্ভর করতে হয়েছে। এবার সরাসরি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য যুক্ত হওয়ায় নতুন মডেলগুলো আরও কার্যকর হতে পারে বলে আশা করছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের লক্ষ্য শুধু হামলার পর তা শনাক্ত করা নয়। বরং কোনো সামরিক ঘাঁটি, রেললাইন বা বিদ্যুৎ গ্রিড কখন এবং কীভাবে ঝুঁকিতে পড়তে পারে, সেটি আগেই অনুমান করতে সক্ষম এমন এআই ব্যবস্থা তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ভূগর্ভস্থ ফাইবার-অপটিক কেবল বসিয়ে সেখানকার মানুষের কিংবা যানবাহনের অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করা হবে। এআই সেই তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগাম সতর্কতা দিতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের দাবি, এই প্রযুক্তি শুধু বিদেশি রাষ্ট্রের হামলা ঠেকাতে নয়, সামরিক স্থাপনায় বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের অনুপ্রবেশ শনাক্ত করতেও ব্যবহার করা হবে।

আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা

এআই চিপেও নজর ব্রিটেনের

চুক্তিটি শুধুমাত্র নজরদারি প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে ড্রোন, রোবোটিকস এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় ব্যবহারের জন্য বিশেষায়িত শক্তিশালী এআই চিপ তৈরির সুযোগও এর আওতায় রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম বলেছেন, ব্রিটিশ প্রযুক্তি কোম্পানিগুলোর নিজস্ব এআই সক্ষমতার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি হয়েছে এই উদ্যোগে। তার মতে, এর মাধ্যমে এমন প্রযুক্তির দ্রুত বিকাশ সম্ভব হবে, যা জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনীতিকেও আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

তবে প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

যদিও উদ্যোগটিকে প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, এর কার্যকারিতা নিয়ে প্রশ্নও রয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক স্টিভেন মার্ডক মনে করেন, ফাইবার-অপটিক কেবল ব্যবহার করে মানুষের চলাচল বা অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করার প্রযুক্তি নতুন নয়; কয়েক দশক ধরেই এর ব্যবহার রয়েছে। তার প্রশ্ন, ইউক্রেন যুদ্ধের বিপুল ডেটা এই সেন্সরগুলোর সক্ষমতা বাস্তবে কতটা বাড়াতে পারবে, তা এখনও পরিষ্কার নয়। তবে তিনি এটাও মনে করেন, যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করে এমন কিছু নতুন আচরণ বা লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে, যা আগে ইন্টারনেটে উন্মুক্ত তথ্যের মধ্যে পাওয়া যায়নি। আর সেই জায়গাতেই ইউক্রেনের যুদ্ধের ডেটা ব্রিটেনের নতুন এআই নিরাপত্তাব্যবস্থার জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

তথ্য সূত্র-

দ্যা গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় ধর্মঘট প্রত্যাহার, পাঁচ রুটে বাস চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


চুয়াডাঙ্গায় ধর্মঘট প্রত্যাহার, পাঁচ রুটে বাস চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রত্যাহার করেছে। প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে এসব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।

 

দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, শ্রমিক এবং ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কোনো উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। এছাড়া উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রঙে ইজিবাইক রাঙাতে হবে।

 

নির্ধারিত রং অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইকে কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার (পৌরসভা ছাড়া) ইজিবাইকে নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগরে হলুদ রং করতে হবে।

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল জানান, ইজিবাইকের রং এবং শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

 

এখন থেকে সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইজিবাইক চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৈঠকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল-ইসলামসহ পরিবহন ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে কর্মসূচি শুরু করে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই বাস না পেয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যান।

পরে শনিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা। প্রশাসনের আশ্বাস এবং ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে উপজেলা ও পৌরসভাভিত্তিক সিদ্ধান্তের পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফি-র রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফি-র রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে দলে নিতে তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যে সিটিজেনরা তার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে একটি ঐক্যমতে পৌঁছেছে।

 

এখন অলরেডদের কাছে বিশাল অঙ্কের একটি প্রস্তাব পেশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

গাকপো মাঠের দুই প্রান্তের উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে সমানভাবে দক্ষ। এই বহুমুখী প্রতিভার কারণে কোচিং স্টাফ যে কোনো মূল্যে তাকে ইত্তিহাদে নিয়ে আসতে প্রস্তুত। খবর অনুযায়ী, গাকপোকে পেতে লিভারপুলের সামনে ৮৫ মিলিয়ন পাউন্ডের (৯৯ মিলিয়ন ইউরোরও বেশি) একটি বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে সিটি।

 

যদি এই চুক্তিটি সম্পন্ন হয়, তাহলে ২৪ বছর বয়সী এই তারকা ডাচ ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের নতুন রেকর্ড গড়বেন। এর আগে ২০১৯ সালে আয়াক্স থেকে ৭৫ মিলিয়ন ইউরো ও বাড়তি ১১ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসে বার্সেলোনায় গিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন।

তবে, লিভারপুল যে হুট করে গাকপোকে ছাড়বে, তা ভাবা ভুল হবে। বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা তার উপযুক্ত বিকল্প নিশ্চিত করতে চায়।

 

পিএসজি থেকে ১২৩ মিলিয়ন পাউন্ডের বিপুল ফিতে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার বিষয়ে অলরেডরা চুক্তি সম্পন্ন করেছে। তবুও, আক্রমণে আরও একজন উইঙ্গারকে দলে ভেড়াতে চায় ক্লাবটি।

সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইলা সার। তাকে অ্যানফিল্ডে নিয়ে আসতে ইতোমধ্যে ৫০ মিলিয়ন পাউন্ডের একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে অলরেড কর্তৃপক্ষ। সারের যোগদান নিশ্চিত হলে গাকপোর সিটিতে যাওয়ার সবুজ সংকেত মিলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ এম


জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, ক্ষমতার স্বার্থে জামায়াত এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামী প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে।

 

শনিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগগুলো তুলে ধরেন।

তিনি আরো বলেন, জামায়াত কর্মসূচি ডাকবে এবং সেই কর্মসূচির মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। তবে জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একত্রে মাঠে নামবে। এই লং মার্চের ঘোষণা আসলে আওয়ামী লীগের নামার পথ তৈরি করার উদ্দেশ্যে।

 

তিনি আরও বলেন, তাদের কাছে জাতীয় সংকট যেমন জ্বালানি সংকট, তা মূল বিষয় নয়, বরং তারা শুধুমাত্র ক্ষমতা বোঝে। আর এজন্য জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে, যা জাতীয় সংকটকে পূঁজি করে করা হচ্ছে। ক্ষমতা না জনতা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিউইয়র্কে আরএসএস প্রধান

‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ এম


‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছেন যে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সকল ধর্মীয় পথ একই লক্ষ্য অর্জন করে। তিনি বলেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন যে ভারতে কোনো মুসলমানের থাকা উচিত নয়, তবে তিনি আর হিন্দু থাকবেন না।’

‘এক বিশ্ব এক মানবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

 

মোহন ভাগবত অনুষ্ঠানে উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলাকালে তারা আরএসএসের উদ্দেশ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ ধারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভাগবত জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল— হিন্দু রাষ্ট্র গঠিত হলে ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া হবে কি না। আমি স্পষ্ট বলেছি, না। হিন্দু রাষ্ট্র মানে মুসলিমদের বের করে দেওয়া নয়।

 

এটি হিন্দুত্ববাদের সংজ্ঞায় পড়ে না।’ তিনি আরও বলেন, যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জন্য স্থান নেই, তবে সে আর হিন্দুই থাকে না।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক অভিভাবক হিসেবে আরএসএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ভারতে হিন্দুত্ববাদী উগ্রপন্থা প্রচার করে এবং একাধিক মুসলিমবিরোধী সহিংসতা ও দাঙ্গায় জড়িত। ঐতিহাসিকভাবে, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকে ভারতে মুসলিম জনগণের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের সঙ্গে এই সংগঠনের নাম জড়িত।

 

মোহন ভাগবতের নিউইয়র্ক সফরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানায়। তবে তীব্র আপত্তি সত্ত্বেও তিনি পূর্বনির্ধারিত এই অনুষ্ঠানে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%