ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে


ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র পড়েছে আবুধাবিতে। 

এটি ঘটেছে প্রথমবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দ্বিতীয় দফায় পরীক্ষার সময়, যা হবে ২১ জুন (রবিবার)। 

মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলায় এক শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র পড়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি বিদ্যালয়ে। 

আরও পড়ুন: মাদ্রাসায় বলাৎকার-অশালীন ঘটনা লজ্জাজনক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

তার প্রবেশপত্রে ভিনদেশি কেন্দ্রে সিট পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এই ঘটনার পেছনে দেশের ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রযুক্তিগত ত্রুটির কারণ রয়েছে বলে জানা গেছে। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব যখন পুনঃনিট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেন, তখন তিনি দেখতে পান, তার পরীক্ষাকেন্দ্র ভারতের পরিবর্তে আবুধাবির একটি স্কুলে নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুন: মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা 'অনেক দূর এগিয়েছে'

এমনকি আবদুল্লাহ নাগপুর থেকে আবেদন করেছিলেন, যেখানে দেশের মধ্যেই পরীক্ষাকেন্দ্র পাওয়ার কথা ছিল। 

বিষয়টি আরো জটিল হয়ে ওঠে, যখন এটি জানা যায় যে আবদুল্লাহর কোনো পাসপোর্ট নেই। 

ফলে বিদেশে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। 

এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের একটি ছবিতে আবুধাবির একটি ভারতীয় স্কুল পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সফরে গেছেন

বিষয়টি এনটিএর নজরে আসার পর, সংস্থাটি এটিকে প্রযুক্তিগত ত্রুটির ফল বলে উল্লেখ করে। 

শিক্ষার্থীর পরিবারের দাবি, আবদুল্লাহ আবেদন করার সময় পরীক্ষাকেন্দ্র হিসেবে নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরগুলিকে পছন্দের তালিকায় রেখেছিলেন। 

কিন্তু প্রবেশপত্রে তার পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির উল্লেখ থাকায় তারা ক্ষুব্ধ। 

তার বাবা ডা. মোহাম্মদ তালিব বলছেন, ‘প্রবেশপত্র দেখে আমরা হতবাক হয়ে গেছি।

আরও পড়ুন: রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

আমার ছেলে কাঁদতে শুরু করেছিল। তার তো পাসপোর্টই নেই।’ 

এনটিএ জানাচ্ছে, অভিযোগটি যাচাই করার পর কয়েক ঘণ্টার মধ্যেই আবদুল্লাহকে নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ দেওয়া হবে এবং সংশোধিত প্রবেশপত্র ইস্যু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: গয়েশ্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: গয়েশ্বর

গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে বাজে অবস্থায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘পাসের হার বাড়ানোর জন্য তাদের কাছে ফেল বলতে কোনো শব্দ ছিল না।

মেধাবীদের মেধার কোনো মূল্যায়ন করা হতো না, গড় হারে সবাইকে পাস দেওয়া হতো। বিদেশে গেলে আমাদের ছাত্রদের সার্টিফিকেট ছুড়ে ফেলে দেওয়া হয়। মূল্যায়ন করা হয় না।’

শনিবার (২০ জুন) সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সার্টিফিকেট জোগাড় করে বড় বড় চাকরি জোগাড় করা যায়, কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত তখন হয়ে উঠতে পারে, যখন তার অর্জিত জ্ঞান মানব কল্যাণে ব্যয় করা যায় এবং মানুষ তাকে দেখে ভালো কাজে আগ্রহী হয়।’

তিনি ব্যাখ্যা করেন, ‘কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় সার্টিফিকেট ছিল না। তবুও তাদের কিন্তু জ্ঞানের ভাণ্ডার ছিল।

তাহলে প্রকৃত শিক্ষা সেটাই, যেটা মানুষের জন্য এবং দেশের জন্য হয়।’ শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, ‘আজকের মেয়েদের ঘর সামলানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্র সামলানোর দায়িত্ব নিতে হবে। প্রচলিত পুরুষশাসিত সমাজ থেকে বের হয়ে নারীদের আগামী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। নারী শক্তি হবে কেরানীগঞ্জের সবচেয়ে বড় শক্তি।’

অনুষ্ঠানে কলেজটি সরকারিকরণের জন্য শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আহ্বান জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোযাদ্দেদ আলী বাবু, থানা বিশেষ সদস্য নাজিম উদ্দিন মাস্টার, আগানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আরসাদ রহমান সপু, হাজি ইমান উল্লাহ মস্তান, সামী উল্লাহসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই। বিচারব্যবস্থা স্বাধীন থাকবে—এটি সরকারের প্রত্যাশা। অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুছ কাজল এ কথা বলেছেন।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রচলিত ব্যবস্থায় সব মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। কেননা দেশে অনেক বিচারকের অভাব রয়েছে।’

তিনি উল্লেখ করেন, সরকার রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। মিডিয়ার মাধ্যমে বিচার না করে আদালতের মাধ্যমেই যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, সেই বিষয়েও সকলকে নজর রাখতে হবে।

এছাড়া, টিকটক করা আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন তথ্যও জানান অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক ও ভুয়া না হয়, এ বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছেন। আমরা ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়া করে বিচার করতে চাই না। তবে মামলার সংখ্যা বাড়ার ফলে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।’

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ‘রামিসা হত্যা মামলার বিচারের মাধ্যমে সরকার তার সক্ষমতার প্রমাণ করেছে। তাহলে অন্য মামলাগুলোর বিচারও কেন দ্রুত নিষ্পত্তি করা যাবে না?’ তিনি মৃত্যুদণ্ডের মামলাগুলো নিষ্পত্তি করতে বিশেষ অ্যাডহক বিচারক নিয়োগের পরামর্শও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরের সম্ভাব্যতা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় যখন গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চান, তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি রাজনৈতিক মন্তব্য না করে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন, এবং চতুর ও কূটনৈতিক পন্থায় জবাব দেন।

গতকাল রাতে ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয় ঘটে এবং তাদের নকআউট পর্বে জায়গা করে রাখে। এই জয়ের সূত্র ধরেই মার্কিন রাষ্ট্রদূত হাস্যোজ্জ্বল মুখে বলেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিদের অনুরোধ করতে এসেছিলাম যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।’

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ অনুষ্ঠিত আলাদা বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি এই সফর নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন বিশ্ব রাজনীতির এই সমীকরণ এবং ভূ-রাজনৈতিক আলোচনা কৌশলে ফুটবল মাঠের সমীকরণের মধ্যে রূপান্তরিত করে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

 

নেত্রকোনার কেন্দুয়ায় বিষপানে আন্জু মিয়া নামের একজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) দুপুরে তার মৃত্যু ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত আনজু মিয়া (৬৫) উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের মৃত ডেলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনজু মিয়া কিছুদিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২টায়, সবার অগোচরে বিষপান করলে পরিবারের লোকজন প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে তার মৃত্যু ঘটে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, বৃদ্ধ আনজু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%