ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

লেবানন ‘ইসরায়েলের খেলার মাঠ’ হওয়া উচিত: বেন-গভির


লেবানন ‘ইসরায়েলের খেলার মাঠ’ হওয়া উচিত: বেন-গভির

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির লেবাননে যুদ্ধবিরতির যেকোনও উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, লেবানন ‘ইসরায়েলের খেলার মাঠ’ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত।

একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার কেএএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বক্তব্য তুলে ধরেন তিনি।

উগ্রপন্থি হিসেবে পরিচিত এই মন্ত্রী বলেন, “ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে না।”

তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবহিত করেন যে, তিনি যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইসরায়েল লেবাননে কোনও যুদ্ধবিরতি মেনে নেবে না।

বেন-গভির আরও বলেন, “ট্রাম্প একজন সত্যিকারের বন্ধু। আমাদের তার সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে এবং তাকে আলিঙ্গন করতে হবে। কিন্তু একই সঙ্গে তাকে বলতে হবে যে, আমরা লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারি না।”

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

তিনি আরও যুক্ত করেন, “সিদ্ধান্ত আমরা নিই, আর আমাদের সেনাদের জন্য ভালো ফলও আসছে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক এবং তা লেবানন যুদ্ধের অবসানে কী প্রভাব ফেলবে- এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে যখন মতবিরোধ বাড়ছে, তখনই বেন-গভিরের এই মন্তব্য সামনে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে পঞ্চম দফা সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার আগের চার দফা বৈঠকের লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানের পথ খোঁজা।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা এই আলোচনার মধ্যে, ইরান ও হিজবুল্লাহকে ঘিরে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা নিয়ে ইসরায়েলের ভেতরে সমালোচনা বাড়ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনও চুক্তি হলে তা তেহরান এবং তার আঞ্চলিক মিত্রদের আরও শক্তিশালী করতে পারে বলে তেল আবিব আশঙ্কা করছে।

ওই কর্মকর্তারা দাবি করেন, ট্রাম্প প্রশাসন এবং তাদের আলোচক দল ‘তেহরান ও হিজবুল্লাহর আদর্শিক ভিত্তিকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে’। তাদের ভাষায়, ‘ট্রাম্প শিয়া ভাষা বোঝেন না’। এর দ্বারা তারা ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও হিজবুল্লাহর প্রকৃতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের বোঝাবুঝির সমালোচনা করেন। সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুতার সূত্র ধরে নবীনগরে শিপ্রা হত্যার মামলার রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


জুতার সূত্র ধরে নবীনগরে শিপ্রা হত্যার মামলার রহস্য উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত ও চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস (৩৪) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে, সোমবার (২২ জুন) সকালবেলা নোয়াখালী জেলার সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে মামলার প্রধান ও পলাতক আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়, বলেও জানায় পিবিআই।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের বিস্তারিত তুলে ধরেন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এসময় তিনি জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানের মাধ্যমে নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল হত্যার কথা স্বীকার করেন।

পিবিআই পুলিশ সুপার আরো জানান, নাসিরনগর উপজেলার ভলাকুটের বাসিন্দা শিপ্রা রানী দাস বিভিন্ন কারণে নরসিংদীর কালু সাহা বাবুর্চির সাথে রান্নার সহকারী হিসেবে কাজ করতেন। গত ২০২১ সালের ১ অক্টোবর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে নিখোঁজের চারদিন পর ৪ অক্টোবর নবীনগর থানার নবীপুর এলাকার একটি নির্জন কৃষিজমি থেকে শিপ্রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। নিহতের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর এই ঘটনায় নিহতের স্বামী সবিনয় দাস ২০২২ সালের ৯ জানুয়ারি নবীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সময় ধরে মামলার রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্তে ব্যর্থ হওয়ায়, মামলাটি নবীনগর থানা থেকে তদন্তের ভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে নেমে পিবিআই জানতে পারে, গ্রেফতার হওয়া বাবুর্চির সহযোগী তাজুল ইসলামের সাথে নিহত শিপ্রা রানী দাসের প্রায় ৬ থেকে ৭ মাস ধরে একটি পরকীয়া সম্পর্ক ছিল। এ সময়ে তারা সিলেট শ্রীমঙ্গলসহ বিভিন্ন পর্যটন স্পটে একসাথে রাত যাপন করেন। এক পর্যায়ে শিপ্রা রানী দাস তাজুল ইসলামের কাছে এনজিওর ঋণ পরিশোধের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গোপন শারীরিক সম্পর্কের বিষয়টি প্রকাশের হুমকি দেন। এতে লোকলজ্জার ভয়ে ক্ষুব্ধ হয়ে তাজুল ইসলাম হত্যার পরিকল্পনা করতে শুরু করেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তাজুল ইসলাম শিপ্রা রানী দাসকে নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনার তীরবর্তী চরলাপাং এলাকার নবীপুরের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে শিপ্রার মরদেহ একটি ফসলি জমিতে ফেলে রেখে পালিয়ে যান তাজুল। এ সময় তাজুলের পায়ে থাকা জুতাও নিহতের মরদের পাশে পড়ে ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানান হয়, মামলাটির তদন্ত চলাকালে পিবিআই এর আগে আরেক সহযোগী আসামি বাবুর্চি কালু সাহাকে গ্রেফতার করেছিল। তবে তার কাছ থেকে হত্যাকাণ্ডের সম্পর্কিত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেনের উপর পরে। পরে তদন্তকারী অফিসার শাহদাত আসামি তাজুলের ফেলে যাওয়া জুতার সূত্র ধরে এবং আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মামলার মূল রহস্য উদঘাটন এবং প্রধান আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা জানান, দীর্ঘমেয়াদী এই অমীমাংসিত মামলার রহস্য উদঘাটনে আধুনিক প্রযুক্তি ও পেশাদার তদন্ত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসামি হত্যার দায় স্বীকার করেছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।

এছাড়া গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি তৈরি হয়েছে। দেশের এই সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুন্ন রাখতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে একটি নোটিশ দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ সংসদের বৈঠকে এই নোটিশটি উত্থাপন করেন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে নোটিশটি উপস্থাপন করেন রাশেদুল ইসলাম রাশেদ।

সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ তার নোটিশে ভবনের বর্তমান নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত সংস্কারের দাবি জানান। স্পিকার এই নোটিশটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে অনুরোধ জানান।

যাহোক, নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিকে দিনের কার্যসূচির শুরুতে জামায়াতের অপর সংসদ সদস্য মুজিবুর রহমান একটি নোটিশের মাধ্যমে সংসদ সদস্যদের পরিচিতির বিষয়ে আরেকটি দাবি তোলেন। তিনি বলেন, সংসদের চার মাস পার হতে চললেও এখনো অনেক সংসদ সদস্যের সঙ্গে সবার পরিচয় ঘটেনি। টেলিভিশন স্ক্রিনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় শুধু চেহারা দেখা যায় এবং বক্তব্য শোনা যায়, কিন্তু সংশ্লিষ্ট সদস্যের নাম বা নির্বাচনী এলাকা জানা যায় না।

স্ক্রিনে নাম ও এলাকার নাম ভেসে উঠলে সবার জন্য পরিচিত হওয়া সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার মুজিবুর রহমানের এই দাবিকে অত্যন্ত যুক্তিযুক্ত আখ্যা দিয়ে সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এখন থেকে সংসদ সদস্যরা যখন বক্তব্য দেবেন, তখন টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা দেখানোর ব্যবস্থা করা হবে। তবে এই বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বনী, রাজশাহী

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুহার কমাতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদান। সকল শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দীর্ঘ বিরতির পর এবার এই ক্যাম্পেইনের গুরুত্ব আরও বেড়েছে বলেও জানানো হয়।
সভায় জানানো হয়, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ জুন রাজশাহী বিভাগে মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।
এবার রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়, যেখানে ৫ লাখ ৭ হাজার শিশুকে এ ক্যাপসুল দেওয়া হবে। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রয়েছে জয়পুরহাট জেলায়, সেখানে ১ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।
সভায় অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলি করা কে এই যুবক?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলি করা কে এই যুবক?

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা আবদুস আট্তার মজুমদারের বাড়িতে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবিটি প্রমাণ হিসাবে আছে এবং গুলিবর্ষণের ওই ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা গতকাল রোববার (২১ জুন) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটে।

এ বিষয়ে জানা গেছে, সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

১ মিনিট ২ সেকেন্ডের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পিস্তল হাতে এক যুবক উত্তেজিত অবস্থায় সাত্তার মজুমদারের বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি একটি কক্ষ লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। এসময় তাকে থামানোর চেষ্টা করেন একজন নারী। এরপর একটি ফুলের টব নিয়ে তিনি জানালার গ্লাস ভেঙে ফেলেন।

স্থানীয় তথ্য অনুযায়ী, একটি এনজিও সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবদুস সাত্তার মজুমদারের সঙ্গে ক্ষোভের জেরে এ ঘটনা ঘটিয়েছে তারই ছোট ভাই সুমন। সুমন দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে জানতে সোমবার দুপুরে বড়ভাই আবদুস সাত্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%