ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ


সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি তৈরি হয়েছে। দেশের এই সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুন্ন রাখতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে একটি নোটিশ দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ সংসদের বৈঠকে এই নোটিশটি উত্থাপন করেন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে নোটিশটি উপস্থাপন করেন রাশেদুল ইসলাম রাশেদ।

আরও পড়ুন: সিজেপির দুই মুখপাত্র এক সপ্তাহ পর মুক্তি

সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ তার নোটিশে ভবনের বর্তমান নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত সংস্কারের দাবি জানান। স্পিকার এই নোটিশটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে অনুরোধ জানান।

যাহোক, নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিকে দিনের কার্যসূচির শুরুতে জামায়াতের অপর সংসদ সদস্য মুজিবুর রহমান একটি নোটিশের মাধ্যমে সংসদ সদস্যদের পরিচিতির বিষয়ে আরেকটি দাবি তোলেন। তিনি বলেন, সংসদের চার মাস পার হতে চললেও এখনো অনেক সংসদ সদস্যের সঙ্গে সবার পরিচয় ঘটেনি। টেলিভিশন স্ক্রিনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় শুধু চেহারা দেখা যায় এবং বক্তব্য শোনা যায়, কিন্তু সংশ্লিষ্ট সদস্যের নাম বা নির্বাচনী এলাকা জানা যায় না।

স্ক্রিনে নাম ও এলাকার নাম ভেসে উঠলে সবার জন্য পরিচিত হওয়া সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ‘ভাই ফটো তুললেন না, বিজিবি দেখলে বিপদ’

স্পিকার মুজিবুর রহমানের এই দাবিকে অত্যন্ত যুক্তিযুক্ত আখ্যা দিয়ে সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এখন থেকে সংসদ সদস্যরা যখন বক্তব্য দেবেন, তখন টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা দেখানোর ব্যবস্থা করা হবে। তবে এই বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বনী, রাজশাহী

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুহার কমাতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদান। সকল শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দীর্ঘ বিরতির পর এবার এই ক্যাম্পেইনের গুরুত্ব আরও বেড়েছে বলেও জানানো হয়।
সভায় জানানো হয়, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ জুন রাজশাহী বিভাগে মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।
এবার রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়, যেখানে ৫ লাখ ৭ হাজার শিশুকে এ ক্যাপসুল দেওয়া হবে। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রয়েছে জয়পুরহাট জেলায়, সেখানে ১ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।
সভায় অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলি করা কে এই যুবক?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলি করা কে এই যুবক?

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা আবদুস আট্তার মজুমদারের বাড়িতে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবিটি প্রমাণ হিসাবে আছে এবং গুলিবর্ষণের ওই ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা গতকাল রোববার (২১ জুন) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটে।

এ বিষয়ে জানা গেছে, সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

১ মিনিট ২ সেকেন্ডের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পিস্তল হাতে এক যুবক উত্তেজিত অবস্থায় সাত্তার মজুমদারের বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি একটি কক্ষ লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। এসময় তাকে থামানোর চেষ্টা করেন একজন নারী। এরপর একটি ফুলের টব নিয়ে তিনি জানালার গ্লাস ভেঙে ফেলেন।

স্থানীয় তথ্য অনুযায়ী, একটি এনজিও সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবদুস সাত্তার মজুমদারের সঙ্গে ক্ষোভের জেরে এ ঘটনা ঘটিয়েছে তারই ছোট ভাই সুমন। সুমন দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে জানতে সোমবার দুপুরে বড়ভাই আবদুস সাত্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও বৈষম্য দূরীকরণের একটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট করছেন, আগামী দিনগুলিতে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার কমন বিষয়গুলোতে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় শিক্ষামন্ত্রী এই মন্তব্যগুলো করেন।

শিক্ষামন্ত্রী আরো জানান, ‘আইনি জটিলতা কাটিয়ে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জট কেটে যাবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে।’

তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও সিলেবাস ক্রমান্বয়ে পরিবর্তনের বিষয়ে উল্লেখ করে বলেন, ‘আমরা চাই না যে শিক্ষার মধ্যে কোনো বৈষম্য রয়ে যাক। আগামী দিনে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার যে সকল বিষয়গুলি কমন (যেমন: বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স ও সোসিওলোজি)- এসব বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরো জানান, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়িত করার উদ্দেশ্যে সেখানেও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সেকেন্ডারি ও টারশিয়ারি এডুকেশনসহ পুরো শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানো হচ্ছে। এছাড়াও, এবারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একযোগে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, এটি সম্পর্কে তিনি নিশ্চিত করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের আইনি জটিলতা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, ২০১৭ সালের একটি মামলার কারণে সারা দেশের ৬৫ হাজার ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩২ হাজার ৫০০ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে। ফলে বহু সহকারী শিক্ষক পদোন্নতি না পেয়েই অবসরে যাচ্ছেন।

শিক্ষামন্ত্রী জানান, ‘সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনা এবং ৩০০ বিধিতে আমার বক্তব্যের পর বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়েছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে আদালত এই সমস্যার সমাধান করে দেবেন। এতে হলে আগামী তিন মাসের মধ্যে আমরা আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে সক্ষম হচ্ছি।’

শিক্ষকদের ভোগান্তি কমাতে এনটিআরসিএ-এর মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ ‘অটোমেটেড’ বা স্বয়ংক্রিয় করারও ঘোষণা দেন তিনি।

মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন প্রসঙ্গে পূর্ববর্তী ব্যবস্থার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালে শুরু হওয়া ১০ কোটি টাকার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট ৮০ কোটি টাকায় পৌঁছলেও তা এখনও শেষ হয়নি। বিগত অন্তর্বর্তীকালীন সরকার ১৭ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিলেও সঠিক ইএফটি ডাটাবেজ না থাকার কারণে বেতনের প্রয়োজনীয় বরাদ্দ নির্ধারণের পদ্ধতি ভুল ছিল। বর্তমান সরকার এই জটিলতা সমাধানে দ্রুত কার্যক্রম গ্রহণ করছে।

জনসংখ্যাকে অভিশাপ হিসেবে না দেখে সম্পদে পরিণত করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আল্লাহ মানুষের মাঝে মেধার কোন বৈষম্য করেননি। শিক্ষা ও মেধার চর্চা করে উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমাদের শিশুদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজন। প্রধানমন্ত্রী স্কুলগামী শিশুদের জুতো, মোজা, ড্রেস, ব্যাগ, বই এবং মিড-ডে মিল দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ সময় নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, খেলাধুলা ও সংস্কৃতির চর্চাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় মামলাগুলো করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের পার্সেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে রমজান আলী নামে এক ব্যক্তির সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাংলা টিফিনে ব্যাপক ভাঙচুর চালায় এবং একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করা হয়। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এছাড়া রেস্তোরাঁর তিন কর্মচারীও আহত হন।
পরে হামলাকারীরা একই মালিকানাধীন মণ্ডলের মোড় এলাকার বঙ্গভোজ রেস্তোরাঁয় গিয়েও হামলা ও ভাঙচুর চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রেস্তোরাঁ মালিকপক্ষের দাবি, হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলার বাদী রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল এবং আহত পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিন। দুটি মামলাতেই বিনোদপুর বাজারসংলগ্ন ধরমপুর-খোজাপুর এলাকার বাসিন্দা সাবেক শিবির নেতা রমজান আলীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, হামলার ঘটনায় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে রেস্তোরাঁ মালিক মুর্শেদ শাকিল অভিযোগ করেছেন, ঘটনার পরদিন সকালে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি তার কর্মচারীদের হুমকি দিয়েছে। মামলা প্রত্যাহার না করলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত রমজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ থাকার দাবি করলেও সেসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%