০১:৪৬ পি.এম
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা নিয়ে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া অন্যান্য ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত কমিশন নিয়েছে। একই সঙ্গে, এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।
গত রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
এই আদেশে সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার ওপর, ‘খ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে, ‘খ’ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার কাছাকাছি, ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার উপর এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থগিত থাকা ছয় ক্যাটাগরির সেবা কবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন পরে নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন