০৭:৩১ পি.এম
ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক তরুণীকে (২৪) উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়দের একদল জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধরেন্ডা কমলাপুরের ঢালে ওই তরুণীকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা প্রথমে কমলাপুর বাজারে নিয়ে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মেয়েটিকে তাদের হেফাজতে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। তাছাড়া ভুক্তভোগী তরুণী জামালপুর জেলার মেলান্দহ থানার পচাবহলা গ্রামের বাসিন্দা ছিলেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মাদ জানান, পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন