ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১


ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শুভ (২৫) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে আটক করেছে। তবে আলামত যাচাইয়ের পর পুলিশ জানিয়েছে, এটি ককটেল নয়, বরং পটকা বা আঁতশবাজির বিস্ফোরণ ছিল।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক করা ব্যক্তি ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ১৪-১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ নামের একজনকে আটক করে।

আরও পড়ুন: নলছিটিতে দুমাউস এনজিও'র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী গরু বিতরণ

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানিয়েছেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কিছু যুবক এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় পুলিশ শুভকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আলামত যাচাই করে বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হয়নি, বরং পটকা বা আঁতশবাজি প্রকৃতির কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে এই পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে চার গুণে পৌঁছেছে। দেশের ক্যাশলেস লেনদেনকে আরো গতিশীল ও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের বেশ কিছু রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার সূচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

ড. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সেবার মান বৃদ্ধি করতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা বিস্তৃত করতে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রান্তিক অঞ্চলে এ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাশলেস লেনদেন যত বাড়বে, সরকারের নতুন টাকা ছাপানোর পেছনে খরচ ততই কমবে। একই সঙ্গে সার্বিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, বাংলা কিউআর ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নগদ অর্থের ব্যবহার কমিয়ে এনে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সংবাদমাধ্যমকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সংবাদমাধ্যমকর্মীদের মধ্যে রয়েছেন— স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।

হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানিয়েছেন, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহের জন্য হেমায়েতপুরের পদ্মার মোড়ে উপস্থিত হন।

কিছু বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর তারা ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে ফুটেজ সংগ্রহ করতে থাকেন। এসময় মাস্ক পরা কয়েকজন তাদের সাংবাদিক পরিচয় শুনে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে।

একপর্যায়ে আশপাশের কয়েকজন হামলাকারীদের বুঝিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে ইতিহাস গড়ার পথে আবদুল এল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


মিশিগানে ইতিহাস গড়ার পথে আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল–সায়েদ জয়ী হওয়ার দাবি করেছেন। তবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলমান রয়েছে। তাই এই আসনে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে, তা এখনো নিশ্চিত নয়।

বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে মিশিগানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সিনেটে জয়ের দাবি করেন ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যার জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে কম।’

তিনি আরও জানান, ‘মিশিগান, আপনাদের সেবা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সমালোচনা করে বলেন, তারা মুসলিম ধর্মবিশ্বাসকে প্রচারণার মূল ইস্যু বানিয়ে ফেলেছিল।

সায়েদ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন পর আমরা এমন এক নোংরা প্রচারণা দেখলাম, যেখানে তারা আমার নাম ও ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে আমাকে আক্রমণ করেছে।’

তিনি আরো বলেন, ‘তারা এমন এক আমেরিকা চেয়েছিল যা আমাদের অনেকের জন্যই সংকীর্ণ। কিন্তু আমরা জানি, এই আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে এল-সায়েদের এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে। এখনো পর্যন্ত বিজয়ী কে হতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে রিপাবলিকান প্রার্থী রজার্স সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের জেতার পথ এখনো খোলা আছে। আপনারা বাড়ি গিয়ে একটু ঘুমান; ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনারা বিজয়ী হয়েছেন।’

বিবিসি-র মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাট জোসেলিন বেনসন জয়ী হতে চলেছেন, ফলে এই পদটি ডেমোক্র্যাটিক পার্টির দখলে থাকবে।

এছাড়া এই অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ৭৮ শতাংশ ভোট গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সের তুলনায় এগিয়ে রয়েছেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫ বছর বয়সে মারা গেলেন গায়িকা নিকোল টেলর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


৩৫ বছর বয়সে মারা গেলেন গায়িকা নিকোল টেলর

মার্কিন কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘টেলর রেড’-এর সদস্য নিকোল টেলর মারা গেছেন। স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষে ৩৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে। গত ২ নভেম্বর (সোমবার) দুই বোন ও ব্যান্ডের অন্য দুই সদস্য নিকা ও নাতালি একটি আবেগঘন ইউটিউব ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ করেন।

নিকোলের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার সাহস, বিশ্বাস ও লড়াইয়ের মানসিকতার কথা স্মরণ করেছেন দুই বোন। ভিডিওতে তারা উল্লেখ করেন, জীবনের কঠিন সময়েও নিকোল ছিলেন দৃঢ়। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের সময় তার বিশ্বাস ও মানসিক শক্তি পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করেছে।

নিকোল টেলর ছিলেন ‘টেলর রেড’ ব্যান্ডের তিন সদস্যের একজন। তার দুই বোন নিকা ও নাতালিকে নিয়ে গঠিত এই ব্যান্ডটি কান্ট্রি মিউজিকের জন্য পরিচিত। একসঙ্গে গান করার পাশাপাশি তিন বোনের পারিবারিক বন্ধনও ছিল বেশ দৃঢ়।

নিকোলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তবে নিকোলের অসুস্থতা, চিকিৎসা কিংবা মৃত্যুর নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তার পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%