১০:৪৮ এম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সরকার চার স্তরের নতুন কমিটি গঠন করেছে। এ ব্যাপারে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে এসব কমিটি কাজ করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে গত রোববার (২১ জুন) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠিত হয়েছে। এ কমিটির সভাপতি হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে এই কমিটির দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। সভার কার্যবিবরণী ও বিস্তারিত প্রতিবেদন অবশ্যই মন্ত্রীর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের জন্য বদলির আবেদন যাচাই-বাছাই শেষে কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালকের (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করা হবে। সংযুক্তভাবে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ‘আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ গঠিত হয়েছে। কমিটির সদস্য হিসেবে বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), দুজন গণ্যমান্য ব্যক্তি এবং বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) থাকবেন। একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তি করবে এই কমিটি। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে কমিটির অনুমোদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন। অন্যদিকে উপজেলা বা থানা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই এবং অনুমোদনের দায়িত্ব বর্তাবে এ কমিটির ওপর। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব বিদ্যালয়ে এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষকদের বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিটি কমিটিকে নিয়মিতভাবে সভা আয়োজন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যবিবরণী ও প্রতিবেদন পাঠাতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে গঠিত এই কমিটিগুলো অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন