০৯:৩৩ পি.এম
দীর্ঘ ২০ বছর ধরে স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা হারিয়ে ৭৯ বছর বয়সী দিনমজুর মো. খোরশেদ প্রামাণিক অনেকটা ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। জীবনের শেষ প্রান্তে এসে সামান্য পথ চলতেও তিনি অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অন্যদিকে, জন্মলগ্ন থেকেই পরিবারের সদস্যদের সহযোগিতায় জীবন কাটাচ্ছে ১২ বছর বয়সী শিশু সোহাগ। একা একা সময় কাটাতে সে গান শুনে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারলেও গানই যেন তার একাকিত্বের সঙ্গী। এই বৃদ্ধ ও শিশুর মুখে এবার ফুটেছে আনন্দের হাসি। তাঁদের চলাচলের কষ্ট কিছুটা লাঘব করতে পাশে দাঁড়িয়েছে মেরিন ইঞ্জিনিয়ারদের মানবিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে দুজনের হাতে তুলে দেওয়া হয়েছে দুটি হুইলচেয়ার।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে খোরশেদ প্রামাণিকের হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের চলাফেরার কষ্টের পর এমন উপহার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দে তাঁর চোখ ভিজে আসে। কথা বলার ফাঁকে বারবার চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। যেন দীর্ঘদিনের কষ্টের মাঝে কিছুটা স্বস্তি খুঁজে পেলেন এই বৃদ্ধ।
একই দিন উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিন ও বুলবুলি বেগম দম্পতির ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহাগের হাতেও তুলে দেওয়া হয় আরেকটি হুইলচেয়ার। জন্মের পর থেকেই চলাফেরায় পরিবারের সহযোগিতার ওপর নির্ভর করতে হয় তাকে। কথা বলতে পারে না সোহাগ, তবে কিছুটা বুঝতে পারে। দিনের বড় একটি সময় সাউন্ড সিস্টেমের বক্সে গান শুনেই কাটে তার।
আরও পড়ুন: জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নতুন হুইলচেয়ারে বসতেই আনন্দে হেসে ওঠে সোহাগ। তার সেই হাসি ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য ও আশপাশে থাকা স্থানীয় মানুষের মধ্যেও। শিশুটির মুখে এমন আনন্দ দেখে আবেগাপ্লুত হন উপস্থিত সবাই। পরিবারের সদস্যদের কাছেও এটি ছিল স্বস্তি ও আনন্দের মুহূর্ত।
মানবিক সংগঠন ‘হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর দ্য ওল্ড অ্যান্ড ডিস্ট্রেসড’ (ঐঙঙউ)-এর অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রসিদ পাপ্পু, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম, কচুয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন এবং কাউছার আলম মুকুল।
এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সংগঠনের সদস্য মেরিন ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন মিঠু ও নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন বাবু। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে এর আগেও লালপুরের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসহায় বয়স্ক মানুষের চলাচলের সুবিধার্থে ১৫ থেকে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি হতে পারে দীর্ঘদিনের অসহায়ত্ব থেকে কিছুটা মুক্তি, পরিবারের ওপর নির্ভরশীলতা কমানোর উপায় কিংবা নিজের মতো করে একটু এগিয়ে যাওয়ার সুযোগ। খোরশেদ প্রামাণিকের চোখের জল আর শিশু সোহাগের মুখের হাসি যেন সেই মানবিকতারই দুটি আলাদা ছবি। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাঁদের জীবনযাপনের কষ্ট অনেকটাই লাঘব হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন