প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি) আওতাধীন সড়ক নির্মাণের কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের মাটি, বালি, ইট এবং খোয়া। সংশ্লিষ্ট বিভাগের নিয়ম অনুসারে সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। রাতের অন্ধকারে বালির পরিবর্তে মাটি, পুরোনো নিম্নমানের ইটের খোয়া ও তার অবশিষ্ট অংশের ধুলোবালি দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজের তদারকিতে উপজেলা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
কালীগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪৪০ মিটার পিচ সড়কের কাজ চলমান রয়েছে। এই সড়কটি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের রোকনপুর গ্রাম থেকে বাবরা দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। ঠিকাদারী প্রতিষ্ঠান এ,টি,এস, ট্রেডার্স ব্যাপারিপাড়া ঝিনাইদহ এই কাজটি করছে। রোকনপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, "যেভাবে নিম্নমানের মাটি, বালি ও ইটের খোয়া ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং এর উপর যদি পিচ দেওয়া হয়, তাহলে সড়কটি অল্পদিনেই নষ্ট হয়ে ভেঙে খানাখন্দে পরিণত হবে।"
নির্মাণ কাজে অতি নিম্নমানের বালি, মাটি ও ইটের খোয়া ব্যবহারের কারণে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, "একেবারেই নিম্নমানের বালি, ইট ও খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সড়কের কাজ যে ভাবে করা হচ্ছে, সবই সিডিউল অনুযায়ী হচ্ছে না।" সড়কটিতে সিডিউলে উল্লেখিত বক্সের মাপ সঠিকভাবে করা হয়নি এবং সঠিক বালি ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের কাদামাটিযুক্ত বালি ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ বলেন, "বর্তমানে বালির খুব সংকট থাকায় বাওড় থেকে উত্তোলন করা বালি রাস্তায় দেওয়া হয়েছে। সড়কে যে মালামাল দেওয়া হচ্ছে, সব মালামাল এসও সাহেবের কথামতো ব্যবহার করেছি।"
সড়কটির কাজের তদারকি করছেন কালীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুজাইফা হক। তিনি জানান, "রাস্তাটি নির্মাণের জন্য ঠিকাদার কাজের সাইটে যে নিম্নমানের নির্মাণ সামগ্রী রেখেছেন এবং রাস্তায় যা ফেলেছেন, তা অতিসত্বর অপসারণ করার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে।"
উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহরিয়ার আকাশ বলেন, "আমি রাস্তাটি দেখতে যাব। নিয়ম বহির্ভূতভাবে কাজ করলে অবশ্যই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, "আমি কাজের একটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে দেখে কাজটি আপাতত বন্ধ রাখার জন্য বলেছি। তদন্ত করে কাজ নিয়ম অনুযায়ী ভালোভাবে না করলে ব্যবস্থা নেব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন