০৮:২৯ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জেলা, স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে ২৫ জুলাই শুরু হওয়া এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্ব হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছানো। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া সাংবাদিকতাকে একটি 'মহান পেশা' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রযুক্তি। সুতরাং সাংবাদিকদের এসব বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে
তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু জাতীয় পর্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, ইংরেজি ভাষায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন