ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্দান্ত লড়াইয়ে তুরস্ককে হারিয়ে জয় তুলে নিল অস্ট্রেলিয়া


দুর্দান্ত লড়াইয়ে তুরস্ককে হারিয়ে জয় তুলে নিল অস্ট্রেলিয়া

অনেকে নিশ্চয়ই ভাবতেন তুরস্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে সহজ জয় পাবে। কিন্তু পুরো ম্যাচে তাদের আধিপত্য থাকা সত্ত্বেও তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে অস্ট্রেলিয়া একটি দারুণ জয় নিয়ে ফিরে এসেছে।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া তুরস্ককে ২-০ গোলে পরাজিত করেছে। অজিদের হয়ে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাল্ফ।

পুরো ম্যাচে তুরস্ক ৭২ শতাংশ বল দখলে রেখেছিল এবং প্রতিপক্ষের গোল পোস্টে ৩০টি শট নিয়েছে। তবে গুলের-ইলদিজরা তবুও গোলের দেখা পায়নি।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ম্যাচের দুই হাফে অস্ট্রেলিয়া দুটি গোল করেছে। ২৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে প্রথমবার অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ইরানকুন্ডা। এরপর ৭৫তম মিনিটে তুরস্কের এক খেলোয়াড়ের ভুলের কারণে পাশে থাকা মেটকাল্ফ বল পেয়ে যান। তিনি সেই বল পেয়ে দূরপাল্লার শটে জালে পাঠান।

এই জয়ের ফলে গ্রুপ 'ডি'-এর দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সকারুসদের পরবর্তী ম্যাচ হবে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো দিনাজপুরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো দিনাজপুরে

 ‘আমরা জুলাই যোদ্ধা’ নামক জেলা শাখার আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত একটি অনুষ্ঠানে গতকাল শনিবার (১৩ জুন) কমিটির সদস্যদের নাম প্রকাশিত করা হয়েছে।

জানা যায়, গত ১২ জুন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির প্যাডে কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মিরাজের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত এই জেলা কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত যোদ্ধা মো. শাহীন হোসেনকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং মো. মাসুম হোসেনকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়েছে।

কমিটি ঘোষণার পর আহ্বায়ক মো. শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, “জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।” তিনি উল্লেখ করেন, “এজন্য ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী জুলাই যোদ্ধাদের একত্রিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব গঠিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

আহ্বায়ক হিসেবে সব সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রকৃত জুলাই যোদ্ধাদের তথ্য সংরক্ষণ করা, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তাদের সামাজিক ও মানবিক সহায়তায় কাজ করা।” তিনি বলেন, “আমরা কোনো বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।”

শাহীন বলেন, “জেলার অন্তর্ভুক্ত মন্ত্রী, এমপি এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক-নির্দেশনায় সবার সম্মিলিত প্রচেষ্টায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নব গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, এই কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি। জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি এবং মো. মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, নবগঠিত কমিটির সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রী হেনস্তার অভিযোগে জাবিতে ১ শিক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


ছাত্রী হেনস্তার অভিযোগে জাবিতে ১ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজারগামী বাসে এক ছাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলা ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে অপরাধের তীব্রতা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গবাজারগামী বাসে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়, এবং অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করে দেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম ঘটনাটির তদন্ত করতে উপস্থিত হন এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযুক্ত মো. হাসানুর রহমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে। অন্যদিকে, ভুক্তভোগী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত হাসানুর রহমান বাসের ভুক্তভোগী শিক্ষার্থীর অজান্তে তার কয়েকটি ছবি তোলেন। বিষয়টি এক শিক্ষার্থীর নজরে এলে, ভুক্তভোগী শিক্ষার্থী তার মোবাইল ফোন নিয়ে নেন। এসময় তিনি ছবি তোলার বিষয়টি অস্বীকার করে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ধস্তাধস্তির সময় তিনি পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে অভিযুক্ত জোর করে মোবাইল ফোন নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে, অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে আনে এবং প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরে নিরাপত্তা অফিসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে লিখিত জবানবন্দি দেন। সেখানে তিনি অনুমতি ছাড়া ছবি তোলা এবং ধস্তাধস্তির সময় নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা নিরাপত্তা অফিসে যাই এবং ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির বিরুদ্ধে কঠোর আইন আনছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির বিরুদ্ধে কঠোর আইন আনছে কানাডা

কানাডা সরকার জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি নতুন আইন প্রস্তাব করেছে। এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক (ট্যারিফ) হুমকির প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) কানাডার পার্লামেন্টে প্রস্তাবিত আইন, যা বিল সি-৩৫ নামে পরিচিত, উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী অনিতা আননড এর সংসদীয় সচিব রব এলিফ্যান্ট।

অলিফ্যান্ট উল্লেখ করেন, এটি একটি ‘কানাডীয় সমাধান’, যা আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত আইনে এমন পণ্যের একটি সার্বজনীন তালিকা প্রকাশের ব্যবস্থা থাকবে, যেগুলো নির্দিষ্ট অঞ্চল থেকে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কানাডার দূতাবাস, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য সরকারি সূত্রের তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হবে।

নতুন আইনের অধীনে তালিকাভুক্ত অঞ্চল থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে, আমদানিকারক প্রতিষ্ঠানকে প্রমাণ করতে হবে যে তাদের পণ্য জোরপূর্বক শ্রম বা আধুনিক দাসত্বের মাধ্যমে উৎপাদিত হয়নি।

বর্তমানে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি ঝুঁকি মূল্যায়ন ও এলোমেলো বাছাইয়ের মাধ্যমে কনটেইনার পরীক্ষা করে। তবে নতুন আইন কার্যকর হলে, সীমান্ত কর্মকর্তারা নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ পণ্যের তালিকা ধরে আরও লক্ষ্যভিত্তিক তল্লাশি চালাতে পারবেন।

সরকারের দাবি, এই আইন কানাডাকে মেক্সিকো এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাবিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে।

অলিফ্যান্ট বলেন, ‘জোরপূর্বক শ্রমে তৈরি সস্তা পণ্য কানাডার বাজারে ঢুকুক, আমরা তা চাই না।’

এদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টি অফ কানাডার পররাষ্ট্রবিষয়ক সমালোচক মাইকেল চং বিলটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও সরকারের সমালোচনা করে জানান, এ ধরনের পদক্ষেপ আগেই নেয়া উচিত ছিল।

প্রস্তাবিত বিলটি এখন সংসদীয় পর্যালোচনা এবং জনপরামর্শের মধ্য দিয়ে যাবে। গ্রীষ্মকালীন বিরতির আগে এটি পাস হওয়ার সম্ভাবনা কম। তবে, মানবাধিকার এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের প্রভাবের কারণে বড় চুক্তি বাতিলের পথে মেটা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


চীনের প্রভাবের কারণে বড় চুক্তি বাতিলের পথে মেটা

ম্যানুস নামে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি কিনতে তিনবারের প্রচেষ্টায় আসা দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা।

এই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই পক্ষের কার্যক্রম আলাদা করার পদক্ষেপ গ্রহণ করেছে। একযোগে পারস্পরিক তথ্য আদান–প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রযুক্তি নিরাপত্তার কারণে দেশটি প্রায় দুই মাস আগে ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। পরে মেটা কোম্পানি তাদের নিজস্ব প্ল্যাটফর্মে প্রবেশের পথ বন্ধ করে দেয়। ফলে এখন দুইটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রক্রিয়া চলছে।

সংবাদ অনুযায়ী, ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় এক বিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছে। এই বিনিয়োগের মাধ্যমে চীনা সংশ্লিষ্টতার সাথে নতুন কাঠামো তৈরি হতে পারে। ভবিষ্যতে হংকংয়ের বাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।

চীনের এ সিদ্ধান্ত প্রতিফলিত করে যে, কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বেইজিং আরও কঠোর হচ্ছ। শুধু ম্যানুস নয়, বরং দেশটির অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশী বিনিয়োগ গ্রহণেও সরকারি অনুমোদনের বিষয়টি উঠে আসছে।

এদিকে, মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও ম্যানুস নতুন সুবিধাসমূহ চালু করছে। বর্তমানে তারা বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী ব্যাপক আলোচনায় আসে এবং এর কিছুদিন পরে মেটা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।

তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন — উভয় দেশেই প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মেটা এবং ম্যানুস এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%