১২:১০ পি.এম
বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠের সীমানায় নয়, সমানতালে ছড়িয়ে পড়েছে জার্সির দুনিয়াতেও। ৪৮ দলের বর্ধিত এই আসরে বিভিন্ন দলের একাধিক কিট উন্মোচনের কারণে উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে দেখা যাচ্ছে শতাধিক ভিন্নধর্মী জার্সি। এই বিশাল সমাহার হতে ডিজাইন, ঐতিহ্য ও নান্দনিকতার ভিত্তিতে সেরা ২০টির জার্সির তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবলভিত্তিক গণমাধ্যম গোল ডটকম।
প্রকাশিত এই তালিকায় সেরা ১০ এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি মতো শক্তিশালী দলগুলো। তবে সবাইকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছে স্বাগতিক মেক্সিকোর হোম জার্সি। হালকা সবুজের ওপর গাঢ় সবুজ মোটিফের এই ডিজাইন দেশটির ফুটবল আবেগ ও ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরেছে।
দ্বিতীয় স্থানে থাকা জাপানের জার্সিতে রয়েছে ভিন্নতা। সমুদ্র ও আকাশের দিগন্তের কুয়াশা থেকে অনুপ্রাণিত একটি গ্রাফিক ডিজাইন ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। তৃতীয় স্থানে থাকা কুরাসাওয়ের অ্যাওয়ে জার্সিতে হালকা হলুদ রঙের সঙ্গে নীল ট্রিম এবং রঙিন লাল, সবুজ, কমলা স্ট্রাইপসের ব্যবহার এটিকে আলাদা মাত্রা দিয়েছে, যা দৃষ্টিনন্দন।
আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা
এছাড়া জার্মানি, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, কাতারের জার্সিগুলোও সেরা দশে জায়গা পেয়েছে। থ্রোব্যাক ডিজাইন, রেট্রো লুক, সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং আধুনিক নান্দনিকতার মেলবন্ধন ফুটে উঠেছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে।
১১ থেকে ২০ নম্বরেও রয়েছে বৈচিত্র্য। স্পেন, ডিআর কঙ্গো, জর্ডান, কানাডা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি, আইভরি কোস্ট, আলজেরিয়া, সেনেগালের জার্সিগুলো নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ বহন করছে এবং সবার নজর কেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপে জার্সির ডিজাইনে সৃজনশীলতার নতুন এক ধারা দেখা যাচ্ছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন স্পষ্টভাবে ফুটে উঠছে। পছন্দের দিক থেকে মেক্সিকো ও জাপানের জার্সি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে পৌঁছালেন আশরাফ হাকিমি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন