ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিনিয়োগ ও রপ্তানিতে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


বিনিয়োগ ও রপ্তানিতে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে বৃহৎ পরিসরে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পসহ উচ্চমূল্যের পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরওয়ের বাজারে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

এসময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে এখন প্রচলিত উন্নয়ন সহযোগিতার বাইরে গিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে।

রাষ্ট্রদূতের এ অবস্থানকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণে নরওয়ের বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নরওয়ের আন্তর্জাতিক নেতৃত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং নরফান্ডের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, ডিজিটাল উদ্ভাবন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণায় দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের শিক্ষাবৃত্তির সুযোগ আরও সম্প্রসারণেরও অনুরোধ জানান।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

বৈঠকে নরওয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বৈঠকে নরওজিয়ান দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার সারোয়ার জাহান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার

৪০০ বছর বয়সী জিনের বাদশা হিসেবে ভর্তি হয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল হামিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

তিনি আরও জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তকে সলঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন।

যখন গ্রাহকেরা টাকা ফেরত চাইতেন বা যোগাযোগ করলে, তখন তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা হিসেবে পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আব্দুল হামিদ প্রায় ১০০ জন মানুষের ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলমান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ভাণ্ডারিয়ায় সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়া সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভাণ্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে কোনো ছিনতাই বা অপরাধমূলক ঘটনার শিকার হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। পরে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভাণ্ডারিয়া থানা ওসি তদন্ত রত্নেশ^র কুমার মন্ডল জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


যে কারণে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি একই সঙ্গে সতর্ক করে বলেছেন, হামলা চলতে থাকলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

মঙ্গলবার (২ জুন) তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। এ সম্পর্কে বার্তা সংস্থা মেহের তথ্য দিয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ।

ফোনালাপে গালিবাফ বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তার ভাষায়, ‘আমাদের জীবন ও আপনাদের জীবন একসূত্রে গাঁথা।’

তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।’ তিনি জানান, গত দুই দিনের মধ্যে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের জন্য ইরান গুরুত্বসহকারে কাজ করছে।

এদিকে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে অবস্থান নেব।’

অন্যদিকে নাবিহ বেরি ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না।

এ ছাড়া লেবাননের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা বেড়েছে। এসব হামলার ফলে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এর পাশাপাশি কয়েক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং তেহরানের অভিযোগ, এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সহযোগী হিসেবে দায়ী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের আগে সেঞ্চুরিতে রাঙালেন তামিম ও হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের আগে সেঞ্চুরিতে রাঙালেন তামিম ও হৃদয়

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম ব্যাট হাতে দারুণ প্রস্তুতির বার্তা দিয়েছেন। ঈদের বিরতির পর মাঠে নেমেই ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে দুজনই দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন।

আগামী ৫ জুন বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ডিপিএলে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডানের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় দুর্দান্ত ইনিংসে ১০১ রান করেন। ১০৬ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। এ ছাড়া এনামুল হক বিজয়ের ৭১ এবং আফিফ হোসেন ধ্রুবর ৭০ রানের ইনিংসে ভর করে মোহামেডান ৫ উইকেটে ৩৩৯ রান তোলে। শেষ দিকে ইয়াসির আলী চৌধুরী ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে একটি চার ও ৪টি ছক্কা ছিল।

অন্যদিকে, পিকেএসপির ২ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৯৩ বলে ১৩টি চার ও ৫টি ছক্কায় ১১৯ রান করেন। একই ম্যাচে শাহাদাত হোসেন দিপুও শতক হাঁকান। তার ব্যাট থেকে আসে ১০৫ রান। দুই সেঞ্চুরির সুবাদে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে।

দিনের আরেক সেঞ্চুরিয়ান হলেন আবাহনী লিমিটেডের মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৫ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১০২ রান করেন। তার সেঞ্চুরির মাধ্যমে আবাহনী ৫ উইকেটে ৩১৫ রান তোলে।

এদিকে, সিটি ক্লাবের হয়ে আব্দুল্লাহ আল মামুন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন। তিনি ১৪৫ বলে ১২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন। তার ইনিংসে সিটি ক্লাব ৬ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। তবে ইনিংসটি ছিল বিশেষভাবে ব্যতিক্রমধর্মী, কারণ তার ১৫১ রানের মধ্যে ১২০ রানই এসেছে বাউন্ডারি থেকে, আর বাকি ৩১ রান করতে হয়েছে ১২১ বল খেলে।

অস্ট্রেলিয়া সিরিজের পূর্বে জাতীয় দলের ক্রিকেটারদের এমন ব্যাটিং পারফরম্যান্স নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। বিশেষ করে হৃদয় ও তানজিদের সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বৃদ্ধি করবেই, এ বিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা মত প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%