ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়


দেশে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়

দেশের বাজারে গত মঙ্গলবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা করা হয়েছিল।

আরও পড়ুন: পাঁচ মাসে বিএসইসি অনুমোদন করল সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে হকারদের দৌরাত্ম্যে পর্যটকরা অতিষ্ঠ, প্রশাসন পরিকল্পনার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ এম


কক্সবাজার সৈকতে হকারদের দৌরাত্ম্যে পর্যটকরা অতিষ্ঠ, প্রশাসন পরিকল্পনার আশ্বাস

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। প্রতিবছর লাখো পর্যটক এখানে আসেন নীল জলরাশি ও বিস্তীর্ণ বালুকাবেলা উপভোগ করতে। কিন্তু সৈকতে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। পর্যটকেরা অভিযোগ করছেন, হকারদের বারবার পণ্য কেনার অনুরোধ, অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা শঙ্কা, লাইফগার্ডের অভাব এবং আবাসন ব্যয়ের কারণে তাদের ভোগান্তি হচ্ছে। তাদের মতে, অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনার ফলে দেশের অন্যতম প্রধান এই পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে।

সম্প্রতি বগুড়া থেকে বেড়াতে আসা পলাশ মাহমুদ ও তার স্ত্রী লুপনা সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে ছাতার নিচে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন। এ সময় তাদের সামনে ধারণ করা চার মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একে একে ২৭ জন হকার পণ্য বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসে এমন অভিজ্ঞতায় বিরক্ত এই দম্পতি।

পলাশ মাহমুদ বলেন, ‘চার-পাঁচ সেকেন্ড পরপরই হকাররা এসে বিভিন্ন পণ্য কেনার জন্য অনুরোধ করছেন। আমরা মূলত এখানে আসি একটু আনন্দ করতে, মানসিক প্রশান্তি পেতে এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু হকারদের অতিরিক্ত আনাগোনার কারণে সেই আনন্দ অনেকটাই ব্যাহত হচ্ছে।’

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন লুপনাও। তিনি জানান, রাতে সৈকতে ঘুরতে গিয়ে প্রতি মিনিটে ১২ থেকে ১৫ জন বা তারও বেশি হকারকে পণ্য কেনার অনুরোধ জানাতে দেখেছেন। এতে স্বস্তিতে সময় কাটানো কঠিন হয়ে পড়ে, পাশাপাশি সৈকতের পরিচ্ছন্নতাও ব্যাহত হচ্ছে। ২০০৬ সালে কক্সবাজারে এসে যে পরিবেশ দেখেছিলেন, বর্তমানে তার অনেক পরিবর্তন হয়েছে।

শুধু এই দম্পতিই নন, সৈকতে আসা অনেক পর্যটকের অভিযোগ, কক্সবাজারে বেড়াতে এসে তারা প্রত্যাশিত স্বস্তি পাচ্ছেন না। সৈকতের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, হোটেলের বর্জ্য ও পলিথিনের দূষণ, নিরাপত্তার অভাব এবং অতিরিক্ত খরচ তাদের ভোগান্তি বাড়াচ্ছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরাও মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি করা কঠিন।

হকারের চাপ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার প্রশ্ন

সৈকতে পর্যাপ্ত লাইফগার্ড না থাকার অভিযোগ করেছেন পর্যটক রবিন আহমেদ। তিনি বলেন, হকারদের অতিরিক্ত আনাগোনার কারণে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পর্যটক হাবিবুর রহমানের অভিযোগ, সৈকতসংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে হোটেলগুলো। এসব হোটেলের বর্জ্য, পলিথিন ও অন্যান্য আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে।

আবাসন ব্যয় নিয়েও অসন্তোষ রয়েছে পর্যটকদের মধ্যে। আজিজুল হক বলেন, ভালো পরিবেশে থাকার মতো সাশ্রয়ী হোটেল পাওয়া কঠিন। তুলনামূলক কম ভাড়ার হোটেলগুলোতে আবার পরিবেশ ও মান নিয়ে প্রশ্ন রয়েছে।

বিমানভাড়ার ঘন ঘন পরিবর্তনও ভ্রমণের পরিকল্পনা ও বাজেটে প্রভাব ফেলছে বলে জানান চিকিৎসক ইয়াহিয়া খান। তার মতে, এক দিনের ব্যবধানে ভাড়া পরিবর্তন হলে পর্যটকদের পক্ষে ভ্রমণ ব্যয় হিসাব করা কঠিন হয়ে পড়ে।

নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন পর্যটক শিহাবুর রহমান। তার মতে, দূরদূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের স্থানীয় নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আগে থেকে জানার সুযোগ সীমিত। তাই পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

পরিবার নিয়ে ঘুরতে আসা জান্নাতুল মাওয়ার অভিযোগ, সৈকতের অপরিচ্ছন্নতা ও হকারদের আনাগোনার কারণে স্বস্তিতে সময় কাটানো যায় না। ভেজা অবস্থায় শিশুদের নিয়ে সৈকত থেকে ফেরার সময় নারী ও শিশুদের জন্য চেঞ্জিং রুম, পর্যাপ্ত ছাউনি বা আশ্রয়ের ব্যবস্থা নেই।

হকারের সংখ্যা ও দৌরাত্ম্য বাড়ছে কেন?

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী-এই তিনটি পয়েন্টে সহস্রাধিক হকারের বিচরণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির (বিএমসিএফ) সংশ্লিষ্টদের দাবি, তাদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা নন। ২০২৪ সালের পর থেকে সৈকতে হকারের সংখ্যা ও দৌরাত্ম্য বেড়েছে।

বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টের বালিয়াড়ি হকারমুক্ত রাখতে প্রতিদিন মাইকিং করা হয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানও চালানো হয়। কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেক রোহিঙ্গা হকারও এখন সৈকতে ব্যবসা করছেন। বিচ কর্মীদের একার পক্ষে সৈকতকে হকারমুক্ত রাখা সম্ভব নয়।

সৈকত পাড়ের স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ২০২৪ সালের পর থেকে সৈকতে হকারের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। বালিয়াড়ির পাশাপাশি তিনটি পয়েন্টের সড়ক থেকে সৈকতে প্রবেশের পথগুলোও হকারদের দখলে চলে যাচ্ছে।

জেট স্কি ব্যবসায়ী সাদ্দাম বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে স্থানীয় হকারের সংখ্যা ১০০ থেকে ১৫০ জন। অন্যদের অনেকে রোহিঙ্গা এবং দেশের বিভিন্ন জেলা থেকে এসে সৈকতে ব্যবসা করছেন। এতে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সৈকতকে হকারমুক্ত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অন্যদিকে, হকারদের দাবি, জীবিকা নির্বাহের তাগিদেই তাদের অনেকে সৈকতে পণ্য বিক্রি করেন। অপরাধ থেকে দূরে থেকে বৈধভাবে উপার্জনের সুযোগ চান তারা। এ জন্য নির্দিষ্ট বিক্রয়স্থান নির্ধারণ, সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার সুযোগ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

সৈকতসংলগ্ন তিন কিলোমিটার এলাকা পরিকল্পিতভাবে সাজানোর প্রস্তাব

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পুরো কক্সবাজারকে একসঙ্গে পরিকল্পিতভাবে সাজানো কঠিন হলেও সৈকতসংলগ্ন তিন কিলোমিটার এলাকাকে কেন্দ্র করে সমন্বিত উদ্যোগ নেয়া সম্ভব। এই এলাকায় যানবাহন চলাচল, হকার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, হাঁটাচলার পরিবেশ ও পর্যটকদের সুযোগ-সুবিধার উন্নয়ন করা গেলে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।

হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, কক্সবাজারে আসা অধিকাংশ পর্যটকের চলাচল সৈকতসংলগ্ন তিন কিলোমিটার এলাকাকে কেন্দ্র করে। কিন্তু টমটম চলাচলের অব্যবস্থাপনা, হকার ও ভিক্ষুকদের বারবার উপস্থিতি পর্যটকদের স্বাভাবিকভাবে অবসর কাটাতে বাধা দেয়।

ইয়াকুব আলীর মতে, পর্যটন মৌসুমে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, হকারদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সৈকতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে এসব সমস্যার কারণে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে আগ্রহ হারাতে পারেন।

হোটেল কক্স টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ মনে করেন, সৈকতসংলগ্ন তিন কিলোমিটার এলাকাকে আধুনিক নকশায় সাজানো গেলে কক্সবাজারের পর্যটন আকর্ষণ বাড়বে। এ জন্য জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ওই এলাকায় দৃষ্টিনন্দন হাঁটার পথ, সবুজ উদ্যান, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবার নিয়ে সময় কাটানোর উপযোগী সুযোগ-সুবিধা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে সৈকতসংলগ্ন দোকানগুলোকে নির্দিষ্ট স্থান ও অভিন্ন নকশার আওতায় আনা গেলে পরিবেশের সৌন্দর্য বাড়বে। ব্যবসায়ীদের জন্যও সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করা সহজ হবে।

পর্যটকেরা শুধু সমুদ্র দেখতে কক্সবাজারে আসেন না উল্লেখ করে তিনি আরও বলেন, সন্ধ্যা ও রাতে পরিবার-পরিজন নিয়ে হাঁটাচলা এবং অবসর কাটানোর মতো পরিবেশও তাদের প্রয়োজন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পর্যটন সেবার মান উন্নয়ন, হোটেল-মোটেলের জবাবদিহি নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পর্যটন ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা ও জেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে পর্যটনকেন্দ্রগুলোতে সেবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হোটেল-মোটেলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

তাসনীম জাহান বলেন, পর্যটকেরা যে অর্থ ও সময় ব্যয় করে কক্সবাজারে আসেন, সে অনুযায়ী কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ প্রায়ই পাওয়া যায়। পর্যটকদের ব্যয় ও সময়ের যথাযথ মূল্য নিশ্চিত করে তাদের ভ্রমণ আনন্দদায়ক করাই প্রশাসনের লক্ষ্য। উদ্যোগগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও পর্যটন ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

কক্সবাজারে একটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও জানান এই কর্মকর্তা। যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কক্সবাজারকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সমুদ্রসৈকতের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা ধরে রাখার ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জ হলো পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেয়া। হকার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যান চলাচল ও আবাসন সেবায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পর্যটকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পর্যটকদের প্রত্যাশা, কক্সবাজারে বেড়াতে এসে যেন সমুদ্র উপভোগের বদলে অব্যবস্থাপনার মুখোমুখি হতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ এম


কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর ছন্দ সংগীত একাডেমি’র উদ্যোগে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর সুর ছন্দ সংগীত একাডেমি প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুর ছন্দ সংগীত একাডেমির সহ-সভাপতি সুশীল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সিনিয়র শিক্ষক রিপন কুমার সিকদার, অসীম কুমার দাস এবং সিনিয়র স্টাফ নার্স উমা পাল, রিতা হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অনুরাগীগণ।
সমগ্র অনুষ্ঠানটির সাবলীল সঞ্চালনায় ছিলেন সুর ছন্দ সংগীত একাডেমির সাধারণ সম্পাদক শ্যামল হালদার।
আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বরিশাল বেতারের বিশিষ্ট শিল্পী বনানী হালদারের সার্বিক পরিচালনায় সুর ছন্দ সংগীত একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন রূপকথা হালদার, রোদেলা কর্মকার, অর্ণব দাস, মল্লিকা দাস, অর্পিতা মন্ডল, মন্দিরা দাস, অদ্বিতীয়া সিকদার, আদ্রিতা হালদার, তন্বী মজুমদার ও প্রথা হালদার। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত সুমধুর সুর ও সংগীতে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর আবহে ভরে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের শার্শায় টাকা দ্বিগুণের প্রলোভনে তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ এম


যশোরের শার্শায় টাকা দ্বিগুণের প্রলোভনে তিনজন গ্রেপ্তার

যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০), একই জেলার বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়, যারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযানের সময় জব্দ করা হয়েছে তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল। জব্দ করা কাচের টুকরো, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহৃত হতো। তারা মানুষকে বোঝাতো যে তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বার্থে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ এম


জাতীয় স্বার্থে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন। তিনি রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর আরোপিত অনেক নিষেধাজ্ঞা ও শুল্ক শিথিল করেছেন। গত মাসে স্বাক্ষরিত একটি আইনের আওতায় রোববার থেকে এসব নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। ট্রাম্পের দাবি, ‘জাতীয় স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদি প্রস্তাবিত পদক্ষেপ কার্যকর হয়, তাহলে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ সৃষ্টি হতো। এতে ভারত ও চীনসহ অন্তত ১০টি দেশ শুল্কের ঝুঁকিতে পড়তে পারত।

এক্ষেত্রে ওই দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছে বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার গভীর রাতে প্রকাশিত এক নির্বাহী আদেশে তিনি উল্লেখ করেন, ‘আমি এতদ্বারা গ্রাহাম আইনে নির্ধারিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক প্রয়োগ স্থগিত করছি। এ মুহূর্তে এ ধরনের ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে—এ মর্মে আমি কংগ্রেসে একটি প্রত্যয়নপত্র জমা দিয়েছি।’

তবে এই সিদ্ধান্তকে স্থায়ী অব্যাহতি হিসেবে দেখা যাবে না। নির্বাহী আদেশে আপাতত সংশ্লিষ্ট শুল্ক কার্যকর করা স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প চাইলে আবারও এসব শুল্ক আরোপ করতে পারবেন।

যদিও ট্রাম্পের সেই ‘জাতীয় স্বার্থের’ নেপথ্যে আদতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভয় আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এর আগে মার্কিনিদের মন জয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ডিজেল কেনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য অন্যদের হুঁশিয়ারি দিতেন ট্রাম্প। এখন তিনিই রাশিয়ার থেকে ডিজেল কেনার কথা ঘোষণা করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%