০১:৪৭ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, ১৬ লাখ টাকা ছিনতাই এবং প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে পৌর শহরের চন্ডিবের এলাকায় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ অক্টোবর ব্যবসায়িক কাজে ব্যাংকে যাওয়ার পথে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলীসহ ৪ থেকে ৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বিভিন্ন সংগঠনের ব্যানারে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, ঘটনার পর একটি মহল আহত ব্যবসায়ী নুরুল হক ও তাঁর ভাই মাসুদুর রহমান রানাকে নিয়ে নানা ধরনের মিথ্যা অপবাদ ও সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা এলাকার পরিচিত ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সঙ্গে যুক্ত।
মানববন্ধনে বক্তব্য দেন ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মো. সুমন মোল্লা, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, বই মেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, এবং দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা প্রমুখ।
আরও পড়ুন: কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন