ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার


তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার পুলিশ বিশেষ একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, তুরাগ থানার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদ পাওয়ার পর তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান এবং এএসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।

আরও পড়ুন: ধামরাইয়ে ভূমি অফিস ভবন হলেও সোয়া ৪ বছরেও সেবা মিলছে না

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ৭/৩ ফুট আকারের ব্যানার জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্যানারে লেখা ছিল- ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’。

​

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: সীমান্তে সভা করে পালিয়েছেন আ.লীগ নেতা রঞ্জিত সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

বরুন কুমার দাশ

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : একটি কেবিন, চারটি দেয়াল, এবং একটি শয্যা। এটি তৎকালীন পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিন। এই কেবিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি আবেগঘন অধ্যায়।

একজন মানুষ, যিনি একদিন কলমের আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল। দুরারোগ্য অসুস্থতার কারণে জীবনের শেষ পর্বে তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দের যে জগৎ তাঁকে দিয়েছিল অমরত্ব, সেই শব্দের সঙ্গেই তৈরি হয় এক গভীর নীরবতার দূরত্ব। এখানে কথা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তাঁর জীবনের শেষ দিনগুলোর কথা মনে পড়লে শুধু একজন অসুস্থ কবির ছবি ভেসে ওঠে না, বরং ভেসে ওঠে এক সুদীর্ঘ নীরবতা এবং প্রিয় কবির প্রতি মানুষের ভালোবাসা, ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়ও।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, সাম্য ও মানবতার কণ্ঠস্বর। তাঁর কবিতার শব্দে কেঁপে উঠেছিল অন্যায়ের সিংহাসন। নজরুলের গানে মানুষ মুক্তির প্রেরণা খুঁজে পেয়েছিল। জীবনের শেষ অধ্যায়ে সেই মহাবিদ্রোহী কাটিয়েছেন দীর্ঘ নীরবতার মধ্যে।

বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনটি সেই নীরব সময়ের স্মৃতি বহন করে। অসুস্থ অবস্থায় কবি এখানে কাটিয়েছেন জীবনের শেষ এক বছর এক মাস আট দিন। ১৯৭৫ সালের ২২ জুলাই ধানমন্ডির ‘কবিভবন’ থেকে কবিকে এখানে নিয়ে আসা হয়। এই কেবিনে থাকার সময়েই কবিকে ১৯৭৬ সালের জানুয়ারিতে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার নাগরিকত্ব প্রদান করে।

এর আগে, ১৯৭২ সালের ২৪ মে, কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় স্বাধীন বাংলাদেশে। বাঙালি জাতি তাঁকে গ্রহণ করে জাতীয় কবির মর্যাদায়, গভীর ভালোবাসায়।

ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়কের ৩৩০-বি নম্বর বাড়িটি তাঁর বাসভবন হিসেবে বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি পরিচিতি পায় ‘কবিভবন’ নামে। এই ‘কবিভবন’ থেকেই তাঁর স্থান হয় ১১৭ নম্বর কেবিনে।

নজরুল মানেই বিদ্রোহ। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। তাঁর কবিতায় ছিল শোষিত মানুষের আর্তনাদ। তাঁর গানে ছিল সাম্য ও সম্প্রীতির আহ্বান। তিনি কখনো প্রেমের কবি, কখনো মানবতার কবি, আবার কখনো শৃঙ্খল ভাঙার দুর্বার প্রতীক।

কিন্তু অসুস্থতা তাঁকে ক্রমশ নিস্তব্ধ করে দেয় চিরতরে। ১৯৪২ সালের পর থেকে তাঁর সৃজনশীল জীবন কার্যত থমকে যায়। যে কণ্ঠে একদিন উচ্চারিত হয়েছিল দ্রোহের অগ্নিবাণী, সেই কণ্ঠ আর আগের মতো কখনও সাড়া দেয়নি।

হাসপাতালের কেবিন সাধারণত চিকিৎসা, অপেক্ষা এবং উদ্বেগের জায়গা হয়ে থাকে। তবে কিছু কিছু কক্ষ সময়ের সীমানা অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনও তেমনই, যেখানে নজরুলের জীবনের অন্তিম অধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে। কেবিনটি ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে বিশেষ আবেগ। কেবিনটির দরজা, জানালা কিংবা শয্যা সবকিছুকে ঘিরেই যেন কল্পনায় ফিরে আসে কেবল সেই দিনগুলোর কথাই।

জানা গেছে, কবিকে ‘কবিভবন’ থেকে পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে কবির ইচ্ছার বিরুদ্ধেই ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। আজও তাঁর সমাধি শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে প্রিয় কবির স্মৃতির এক অমূল্য ঠিকানা।

নজরুলের অসুস্থতা ছিল ব্যক্তিগত বেদনার চেয়েও বড় একটি জাতীয় অনুভূতি। তাঁর সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী চেতনা তাঁকে মানুষের হৃদয়ে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিল, যেখানে শারীরিক উপস্থিতির চেয়েও বড় হয়ে ওঠে তাঁর সৃষ্টির শক্তি। তিনি কথা বলতে না পারলেও তাঁর কবিতা কথা বলেছে। তাঁর কণ্ঠ স্তব্ধ হলেও তাঁর গান থেমে থাকেনি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সৃষ্টিতে খুঁজে পেয়েছে প্রতিবাদ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং মুক্তির বাণী।

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন কেবল ইতিহাসের কাছে একটি স্থাননাম, কিন্তু বাঙালির আবেগে এটি এক মহৎ জীবনের শেষ অধ্যায়কে স্মরণ করার প্রতীক। তবে দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ বছর কেউ কবির জীবনের শেষ দিনগুলো কাটানো এই কক্ষটির খোঁজ রাখেনি। যদিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি-ব্লকে শিক্ষক, শিক্ষার্থী এবং হাজার হাজার রোগী প্রতিনিয়ত আনাগোনা করেন। কিন্তু অনেকে জানতেনই না যে ওই ভবনের (প্রশাসনিক ভবন) দ্বিতীয় তলার ১১৭ নম্বর কেবিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষটির সংস্কার কাজ চলছে। এজন্য জাতীয় কবির ব্যবহৃত সকল কিছু কেবিন থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। রুমটির আধুনিকায়নের কাজ শেষ হলে সবকিছু আবার সাজানো হবে।

বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বাসসকে জানান, সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থাকে ‘নজরুল কক্ষ’। অনেকেই কক্ষটি ঘুরে দেখেন এবং পরামর্শ দেন। কক্ষটিকে আধুনিকায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফলে এটি এখন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত নয়। শিগগিরই কাজটি শেষ হয়ে যাবে। তখন আবার তা দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নজরুল গবেষকদের দাবির প্রেক্ষিতে ২০০২ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কক্ষটির নামফলকসহ সংরক্ষণের উদ্যোগ নেন। তখন থেকে এটি নজরুলের স্মৃতি রক্ষার্থে ‘নজরুল কক্ষ’ হিসেবে পরিচিতি পায়। কিন্তু এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেবিনটি আবারও স্টোর হাউজ হিসেবে ব্যবহৃত হতে থাকে। নজরুল গবেষকদের কঠোর সমালোচনার মুখে ২০১৬ সালের দিকে কিছুটা সংস্কার কাজ করা হয়। এরপর আবারও অবহেলায় পড়ে কক্ষটি। সম্প্রতি নজরুল বর্ষ উপলক্ষে এ কক্ষের সংস্কারে হাত দেয় বিএমইউ কর্তৃপক্ষ।

যে কেবিনে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বিদ্রোহী কবি, সেটি কেবল একটি হাসপাতালকক্ষ নয়, বাঙালির ইতিহাস ও আবেগের এক অমূল্য স্মারক। যথাযথ সংরক্ষণ ও মর্যাদার সঙ্গে কক্ষটি উন্মুক্ত রাখা গেলে নতুন প্রজন্মও অনুভবে সক্ষম হবে জাতীয় কবির জীবনের শেষ অধ্যায়ের স্মৃতি। এর ফলে সময়ের নীরব সাক্ষী হয়ে ১১৭ নম্বর কেবিন বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২২ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৪৩ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%