মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪২ এম
ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য আধুনিক মানের ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু সোয়া ৪ বছর পেরিয়ে গেলেও ভূমির মালিকরা সেবা পাচ্ছেন না। জনবল অভাবের কারণে ওই ভূমি অফিসে তালা ঝুলছে।
গাজীপুর এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ ও পানি সুবিধা সম্বলিত আধুনিক ভবনটি প্রায় সোয়া ৪ বছর আগে নির্মাণ করা হয়, যার ব্যয় ছিল প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। ভবন নির্মাণের পর অফিসের কার্যক্রম উদ্বোধনের প্রায় ৪ বছর অতিবাহিত হলেও ইউনিয়নবাসী ভূমি সংক্রান্ত কোন সেবা পাচ্ছেন না।
জানা গেছে, দেশের বিভিন্ন শহর ও ইউনিয়নে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ধামরাই উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য গাজীপুর এলাকায় আধুনিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আধুনিক মানের এই ভবন সোয়া ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হয়। ২০২২ সালের ২৫ জুলাই তৎকালীন ডিসি মো. শহিদুল ইসলাম অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের সময় একজন ভূমি উপ সহকারিকে দায়িত্ব দেওয়া হয়। নতুন ভবনে ৭ থেকে ৮ দিন বসে এলাকার জনগণকে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করেন ভূমি উপ সহকারি কর্মকর্তা। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)'র তদারকির অভাবে কিছুদিন পর ওই কর্মকর্তা নতুন ভবনে না বসে ধামরাই সদর ইউনিয়ন ভূমি অফিসে অফিস করতে শুরু করেন।
ফলে, ভাড়ারিয়া ইউনিয়নের মানুষ বাধ্য হয়ে ভূমি সংক্রান্ত সেবা নিতে ধামরাই সদরে যেতে হচ্ছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই অফিসে তালা ঝুলতে দেখা গেছে।
ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা রিফাজ উদ্দিন বলেন, "প্রায় ৪ বছর আগে আমাদের এখানে আধুনিক মানের ভূমি অফিস নির্মিত হয়। ডিসি স্যার এ ভবন উদ্বোধন করার পর ৭/৮ দিন নায়েব সাহেব বসেছিলেন। তখন এলাকার মানুষ কিছু ভূমি সেবা পেয়েছিল। কিন্তু কয়েকদিন পর আর কোন কর্মকর্তা এখানে আসেনি। আমাদের বাধ্য হয়ে আগের মতো ধামরাই সদরে যেতে হচ্ছে ভূমি সেবা নেয়ার জন্য।"
তিনি আরও জানান, "এ অফিসের তালা ভেঙে চোরেরা জেনারেটর নিয়ে গেছে। পরে ধামরাই ভূমি অফিসের এক কর্মকর্তা অফিস দেখাশুনা করার জন্য আমার কাছে তালার চাবি দিয়ে গেছে। বর্তমানে আমি বিনা পয়সায় দেখাশোনা করছি।"
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ধামরাই, ফাহিম শাহরিয়ার জানান, "নতুন অফিসগুলোর জন্য জনবল তৈরি হয়নি, তাই অফিসের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। তবে অফিসের কার্যক্রম চালু করার বিষয়ে উর্ধতন স্যারের সাথে আলাপ আলোচনা চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ এর বেশি হয়ে গেছে। চলতি বছরে অঙ্গরাজ্যটিতে এ রোগের কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৫ জনে পৌঁছেছে। আগের হিসাবের তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। গত সাত দিনে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের হার ৩৩ শতাংশ। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের মধ্যে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা ১ শতাংশেরও কম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। ১৯৯১ সালের পর এটি দেশটিতে এক বছরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি।
পেনসিলভানিয়ার পর সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি হাম ছড়িয়েছে। এদিকে, ২০০০ সাল থেকে হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখা যুক্তরাষ্ট্র সেই অবস্থান বজায় রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে বৈঠকে বসবে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং উড়োজাহাজ উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে।
বোয়িং সোমবার (৯ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানায়। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্বাভাবিকভাবে চাকরি ছেড়ে যাওয়া কর্মীদের শূন্য পদ পূরণ করা হবে না।
বোইংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্টেফানি পোপ কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় জানান, উৎপাদন বাড়ানোর গতি কমিয়ে কারখানা ও সরবরাহব্যবস্থাকে আরও স্থিতিশীল করার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উড়োজাহাজ উৎপাদনের সময়সূচি পরিবর্তন এবং উৎপাদনের পরিমাণ কমানোর ফলে প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী হয়ে পড়েছে। তাই কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে ছাঁটাইয়ের বিষয়ে কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানানো শুরু হবে।
স্টেফানি পোপ বলেন, চলতি বছর ৭৩৭ ম্যাক্স ৭ ও ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার সনদ পাওয়াসহ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। কর্মীদের সঙ্গে মর্যাদা ও সম্মানজনক আচরণ বজায় রেখেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অক্টোবরের শেষ দিকে এক সম্মেলনে বোয়িংয়ের কর্মকর্তারা উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় ধীরগতির ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা জানান, ২০২৬ সালের জন্য নির্ধারিত উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। একই সঙ্গে ৭৩৭ ম্যাক্সের মাসিক উৎপাদন ৪৭ থেকে বাড়িয়ে ৫২টিতে নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, দীর্ঘদিনের আর্থিক লোকসান কাটিয়ে আয় ও মুনাফা বাড়ানোর ক্ষেত্রে ৭৩৭ ম্যাক্সের উৎপাদন বৃদ্ধি বোয়িংয়ের জন্য গুরুত্বপূর্ণ। ২০১৮ ও ২০১৯ সালে এই মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির পর নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ও সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।
বোইংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ গত ২৭ অক্টোবর বলেন, অগ্রগতি হলেও উৎপাদনব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে উড়োজাহাজের ডানা এবং কানসাসের কারখানায় কাঠামো তৈরির কাজে আরও ধারাবাহিকতা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বর্তমান পরিস্থিতি দেশের নতুন সরকারের বৈধতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সরকার আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে সু চিকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ নেই। রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে তাকে একধরনের ‘রাজনৈতিক জিম্মি’ হিসেবে আটকে রাখা হয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে, মিয়ানমারের সরকার সাবেক নেত্রী অং সান সু চির কিছু নিম্নমানের ছবি প্রকাশ করে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে তিনি সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন, যা পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্দিজীবন নির্দেশ করে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সকালে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই দিনই তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং তাকে আটক করে। এরপর থেকে তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।
সামরিক সরকার সু চিকে আটক রাখার জন্য আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত, উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে, বাইরের বিশ্ব সু চিকে প্রায় দেখতেই পায়নি। ২০২৬ সালের এপ্রিল, আগস্ট ও অক্টোবরে প্রকাশিত কয়েকটি ছবি ছাড়া তার শারীরিক অবস্থার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তার এক ছেলেসহ কয়েকজন তার বেঁচে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
সু চির ছবি প্রকাশ কিংবা তার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে উদ্বেগ প্রশমিত করার চেষ্টা করছে মিয়ানমারের কর্তৃপক্ষ। তবে এর পেছনে মানবিক বিবেচনার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশও রয়েছে।
ক্ষমতার বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা
সামরিক শাসন থেকে নামমাত্র বেসামরিক সরকারের দিকে উত্তরণের পর, আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মিয়ানমারের নতুন সরকার। এ উদ্দেশ্যে সু চির বিষয়ে কিছু তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক উদ্বেগ কমানোর চেষ্টা করা হচ্ছে।
তবে নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন সেই ব্যক্তি, যিনি ২০২১ সালের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং।
২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারিতে, মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি নির্বাচন আয়োজন করা হবে। গণতন্ত্রপন্থি শক্তিগুলো ব্যাপকভাবে নির্বাচন বর্জন করবে, ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। প্রত্যাশিতভাবেই, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বিপুল ব্যবধানে জয়লাভ করবে।
এরপর, এপ্রিলে সামরিক বাহিনীর প্রভাবাধীন পার্লামেন্ট মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এর মাধ্যমে সাবেক এই সেনাপ্রধান তার শাসনের পক্ষে একটি নির্বাচনী প্রক্রিয়ার বৈধতার আবরণ তৈরি করতে সক্ষম হন।
সু চিকে পুরোপুরি মুক্তি দিতে চান না মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হওয়ার পর, মিন অং হ্লাইংয়ের প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদও কমানো হয়।
তবে দ্য ডিপ্লোম্যাট মনে করে, এসব পদক্ষেপকে সু চির মুক্তির ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়। মিন অং হ্লাইংয়ের রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত স্বার্থ—দুই কারণেই সু চিকে পুরোপুরি মুক্তি দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।
সু চির মুক্তি মিয়ানমারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে, তাকে বন্দি রেখে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকারের গণতান্ত্রিক বৈধতার দাবিও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে। ফলে সাবেক এই নেত্রীর ভবিষ্যৎ এখনো মিয়ানমারের ক্ষমতার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে দলের হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন।
ভিডিও বার্তায় ফজলুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, মুখে এক কথা বললেও সারজিস আলমের কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ফজলুল করিম বলেন, "আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখে আসছিলাম, আমার মনে হচ্ছে এনসিপি সেখান থেকে লাইনচুত হয়েছে।" তিনি আরও জানান, পদত্যাগের কারণ নিয়ে সারজিস আলমের সঙ্গে চ্যাটিং হয়েছে এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছেও কল রেকর্ড রয়েছে। তিনি বলেন, "পদত্যাগের পরও আমাকে বহিষ্কার দেখায় এনসিপি। যেটা নিছক একটা ‘ভণ্ডামি’।"
তিনি বলেন, "পদত্যাগ করার পরও বহিষ্কার দেখিয়ে তারা দেশ ও জাতিকে এটাই বুঝাতে চাচ্ছেন, আমরা তাদের বহিষ্কার করছি। কিন্তু সারা বিশ্বে এটা অলরেডি জেনে গেছে, এনসিপির যে মূল আদর্শ ও নীতি, সেটা থেকে সরে গেছে।" ফজলুল করিম জানান, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলাম, এখন মনে হচ্ছে এটা আমাদের ভুল ছিল।
তার অভিযোগ, এনসিপির হবিগঞ্জ জেলার কমিটিতে অনেক চাঁদাবাজ ও মাদককারবী রয়েছে। তিনি বলেন, "এই কমিটিতে যোগ্যদের পেছনে রেখে অযোগ্যদের মূল্যায়ণ করা হচ্ছে।"
ফজলুল করিম বলেন, "আমরা মনে করেছিলাম দলটির উদ্দেশ্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এদের উদ্দেশ্যই অসৎ। এরা আসলেই ভণ্ড। সারজিস সালম থেকে শুরু করে কেন্দ্রে যারা আছেন, সকলের ভেতরেই ভণ্ডামি।" এসব ছাড়াও তিনি দলের নানা কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তোলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ