০২:৫১ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুক্রবার (১২ জুন) থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী 'চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৬'। এ অনুষ্ঠানটি চুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত হয়, যা ১৩ জুন পর্যন্ত চলবে। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠনে সহায়ক একাধিক সেশন ও কার্যক্রম রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথম দিনের আয়োজনে টেকনিক্যাল সেশন, বিসিএস ও ব্যাংকে চাকরির প্রস্তুতি এবং উদ্যোক্তা হওয়ার উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়। এর সঙ্গে ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা 'প্রেজেন্টএক্স' এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ৬৩ জন প্রতিযোগী ২৩টি দলের প্রতিনিধিত্ব করেন।
উৎসবের দ্বিতীয় দিন শুরু হবে অন্যতম আকর্ষণ চাকরি মেলার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে দেশসেরা ১২ টি কোম্পানির স্টল বসবে। এতে ভবিষ্যত চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা দিতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে পারবেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
এছাড়া একই দিনে উচ্চতর গবেষণা এবং কর্পোরেট চাকরি নিয়ে আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। সবশেষে পুরস্কার বিতরণী উৎসবের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ বলেন, ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদেরকে ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট জগতে যুক্ত করতে চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজনে চাকরি মেলা, টেকনিক্যাল সেশন, বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে সেমিনার আয়োজন করা হচ্ছে।’
চুয়েট ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, ‘এটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সম্পর্কে একটি দিকনির্দেশনা পাবে। আগামীকাল চাকরি মেলায় অনেকগুলো কোম্পানি আসছে, তাদের সাথেও আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ হবে। আশা করি এটি শিক্ষার্থীদের জন্য সহায়ক এবং ফলপ্রসূ হবে।’
সংগঠনটির প্রধান উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এ বছর প্রায় ১৭টি কোম্পানি ক্যারিয়ার ফেস্টে অংশ নেবে। এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। আমি চুয়েট প্রশাসনকে এই ধরনের আয়োজনে আরও বেশি সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: ময়মনসিংহে বিজয়া দশমী: ব্রহ্মপুত্রের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
উল্লেখ্য, ক্যারিয়ার ফেস্ট এর মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হলেও গত ১১ জুন (বৃহস্পতিবার) চীনের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চুয়েট শিক্ষার্থীদের নিয়ে একটি টেকনিক্যাল সেশন এবং চাকরি পরীক্ষার আয়োজন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন