১০:৪৮ পি.এম
নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান থেকে কলা-পেঁপেসহ কৃষিপণ্য এবং পুকুর থেকে মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামের এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই পাঁচটি কলার ছড়াও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্বপন উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজি ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বপনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আরও পড়ুন: বরিশালে জমি বিরোধে সৎ মামাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি
জিজ্ঞাসাবাদে স্বপন জানিয়েছেন, মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ কৃষিপণ্য এবং এলাকার পুকুর থেকে মাছ চুরি করতেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, স্বপন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন