০৬:২৭ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের কাছে রয়েছে এবং আগামী জানুয়ারির শেষ পর্যন্ত এই সামরিক অভিযান চালানো সম্ভব। তিনি এও জানান যে, যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের ইতি টানার ক্ষমতা রয়েছে যখনই তারা চাইবে।
মঙ্গলবার ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে যুদ্ধের বিষয়ে তাঁর সামরিক পদক্ষেপগুলো সীমিত হয়ে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে, “আসলে জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের তহবিল রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যখনই চাই, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।”
সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের কড়া সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন যে, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রের অর্জনকে নস্যাৎ করতে পারে। তিনি বলেন, “তারা একটি পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে রূপ দেবে।” ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে।
আরও পড়ুন: চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, এটি “সম্ভবত করা সম্ভব” হলেও তা তাঁর মূল লক্ষ্য নয়। তিনি বলেন, “আমি শুধু চাই না তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক। শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।” সূত্র: আনাদোলু এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন