০৬:২৮ পি.এম
বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি দেশে কারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য চীনা ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন।
ঢাকায় বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ঢাকায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ।
আরও পড়ুন: জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের
তিনি উল্লেখ করেন, এ পরিস্থিতি পরিবর্তনের জন্য দ্বিপক্ষীয় বাণিজ্যকে শুধু পণ্য আমদানি-রপ্তানির মধ্যে সীমাবদ্ধ না রেখে, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত। চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করলে, দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজার সুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন তিনি।
দুই দেশের সম্পর্কের উন্নতি তুলে ধরে, জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ককে এখন বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে হবে।
ইসমাইল জবিউল্লাহ চীনের সহযোগিতা চেয়েছেন বন্দর ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে পরিণত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরো একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া, চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির
জনপ্রশাসন উপদেষ্টা মন্তব্য করেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব।
তবে, তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার মতে, করিডোরটিকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে দেখা উচিত নয়; বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করা উচিত। এ জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা এবং নীতিগত সংলাপ জোরদার করা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও উচ্চতায় নেওয়া সম্ভব। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানান।
আরও পড়ুন: জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) জ্যেষ্ঠ গবেষক ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তা, সাবেক কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন