ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি


চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি

চীনের অর্থনৈতিক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের পতন সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতামত বিভাগের লেখক ম্যাথিউ হেনেসি।

তিনি উল্লেখ করেন, যে চিত্র চীনের সাফল্যের বিষয়ে বিশ্বজুড়ে উপস্থাপিত হচ্ছে, তার একটি বড় অংশ অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর। রাষ্ট্রীয় দমন-পীড়ন, প্রযুক্তি চুরি এবং তথ্যের কারসাজির ওপর নির্ভর করে কোনো দেশের টেকসই সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়।

‘চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’ শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে হেনেসি লিখেছেন, চীনের আধুনিক পরিবহনব্যবস্থা, প্রযুক্তিপণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শহর দেখে অনেকের মনে হচ্ছে, দেশটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে ধারণা তৈরি হয়েছে। তবে তিনি এই মূল্যায়নের সঙ্গে একমত নন।

আরও পড়ুন: পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?

হেনেসির দাবি, চীনের অর্থনীতির বাহ্যিক চিত্র শক্তিশালী মনে হলেও, এর ভেতরে রয়েছে নানা দুর্বলতা। তিনি চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলেছেন।

তার নিবন্ধে স্ট্যানফোর্ডের হুভার ইনস্টিটিউশনের ফেলো আইক ফ্রেইম্যানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চীনে বছরের শুরুতেই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তা অর্জনের জন্য প্রয়োজন হলে অর্থনৈতিকভাবে অকার্যকর অবকাঠামোও নির্মাণ করা হয়।

চীনের নকল পণ্য উৎপাদন এবং মেধাস্বত্ব লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন হেনেসি। তার নিবন্ধে বেইজিংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ড্যাক্সু কনসাল্টিংয়ের এক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের জব্দ করা নকল ও পাইরেটেড পণ্যের মোট মূল্যের প্রায় ৯০ শতাংশের উৎস ছিল চীন ও হংকং।

লেখকের মতে, যুক্তরাষ্ট্রের শক্তি উদ্যোক্তা, উদ্ভাবন এবং ব্যক্তিস্বাধীনতায় নিহিত। বিপরীতে, চীনে নজরদারি, ভয়ভীতি এবং কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ মানুষের স্বাধীনতাকে সীমিত করে রেখেছে।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর বাবা-মা কিশোরী হেলিয়া ফাত্তাহিকে হত্যা

তার যুক্তি, যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল গণতন্ত্রের মধ্যেও নতুন ধারণা এবং প্রতিযোগিতার বিকাশের সুযোগ রয়েছে, যা দীর্ঘ মেয়াদে দেশটিকে এগিয়ে রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয়ে সিরিজে ধবলধোলাই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয়ে সিরিজে ধবলধোলাই বাংলাদেশ

বাংলাদেশের পরাজয়ের আশঙ্কা আগে থেকেই ছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ, এ বিষয়টি স্পষ্ট ছিল। তবে, জানার অপেক্ষা ছিল, ইনিংসের সঙ্গে কত রানে পরাজিত হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

অপেক্ষার সময় খুব বেশি দীর্ঘ হয়নি। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ ২১৯ রান ও ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ ধবলধোলাইয়ের সম্মুখীন হলো।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের বাকি যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসানকে ১১৫ জনকে হত্যার দায়ে এমন শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাকে পৃথিবীতে অবাঞ্ছিত করে তোলা উচিত। কারণ, যাদের তিনি হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ছিল না।

‘পারসোনা নন-গ্রাটা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, "আমরা বুঝিয়েছি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়।" তিনি আরও জানান, এই ‘পারসোনা নন-গ্রাটা’ কেবল সেনানিবাসের ভেতরে নয়, বরং এমন একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।

তিনি বলেন, "অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে।" বিষয়টি বোঝাতে জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথাও বলেন তারা।

আমিনুল ইসলাম বলেন, "আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছি যে, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’।" অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বক্তব্য দেবেন তারা।

জিয়াউল আহসানের বিভিন্ন অপকর্মের বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যাতে তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা উচিত।

তিনি প্রশ্ন করেন, একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন। চিফ প্রসিকিউটর বলেন, "যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে।" এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়ে বলেন, জিয়াউলকে এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ হয়ে যান।

যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কিছু সেনা কর্মকর্তার বিবরণ তুলে ধরে তিনি বলেন, সেনা কর্মকর্তারা আমাদের জানমালের নিরাপত্তা দেবেন, কিন্তু তারা আমাদের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করেছেন তারা। প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী এবং তাদের সামনে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে জানা গেছে, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো।

চিফ প্রসিকিউটর বলেন, এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। এর মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজন নজরুল, অপরজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।

মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে ১১৫ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে। কেননা গুমের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সেখান থেকেও আরও তথ্য পাওয়া যেতে পারে।

আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালাতে গেছেন জিয়াউল। প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষীরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমানে একটি ভয়াবহ সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। ইরান দাবি করেছে যে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। মার্কিন পাহারায় থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে তেহরানের এই আকস্মিক সমুদ্র অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সর্বশেষ ঘটনার মধ্যে ওমানের খাসাব বন্দরের কাছে একটি কনটেইনার জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এটি মাঝসমুদ্রে থেমে যেতে বাধ্য হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা দাবি করেছে যে, ক্ষতিগ্রস্ত জাহাজটি নেভিগেশন সিস্টেম বন্ধ করে একটি অননুমোদিত রুট দিয়ে চলাচল করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত বা ‘ট্রাম্পের হরমুজ রুট’ এড়িয়ে চলার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের নির্দেশনা অমান্য করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

কনটেইনার জাহাজে হামলার ঠিক আগে চলমান এই সামুদ্রিক সংঘাতে আরও চারটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানার দাবি করেছে ইরান। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটির নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: টিওআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে

ভারত ও জাপান চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবের মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে। আনুষ্ঠানিক সামরিক জোটে না গেলেও, যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দুই দেশ একটি কৌশলগত বলয় গড়ে তুলছে।

সম্প্রতি, জাপানের সামরিক বাহিনীকে ভারতের প্রশিক্ষণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা এই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এই সম্মতিপত্রের ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে। এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলন অন্তর্ভুক্ত হতে পারে।

তবে, এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি।

নিরাপত্তাঝুঁকি ও উদ্বেগ

ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।

তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন। যদিও দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে, বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে। তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সামুদ্রিক নিরাপত্তায় জোর

ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।

এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বাড়ছে মহড়া

দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনীর মধ্যে ‘জাইমেক্স’ এবং বিমানবাহিনীর মধ্যে ‘ভীর গার্ডিয়ান’ মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।

প্রতিরক্ষা প্রযুক্তিতেও অংশীদারত্ব

সামরিক মহড়ার পাশাপাশি, প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ ‘ইউনিকর্ন’ নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা।

জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে।

জোট নয়, অংশীদারিত্বে জোর

তবে, ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।

ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশের সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে, চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবিলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য।

এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%