ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল


কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

মৌলভীবাজার জেলার কুলাউড়ার ছকাপনে হযরত শাহ শরফ উদ্দিনের (রহ.) বংশধর মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার রাতে এই মাহফিল অনুষ্ঠিত হয় ছকাপন এলাকার বড়দল গ্রামে।

ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবারের সদস্য ও হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ এবং মুফতি আহসান উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: ভারতে সাহাবিদের প্রথম আগমনের ইতিহাস ও ইসলামের প্রচার

মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হাজী সিরাজ উদ্দীন আহমদ দাখিল মাদরাসা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, জোবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলের সভাপতিত্ব করেন আব্দুল মালিক। এই উপলক্ষে আহমদ ভিলা পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০৫ জন গ্রেফতার, মামলা ৬২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০৫ জন গ্রেফতার, মামলা ৬২

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে ৪০৫ জনকে গ্রেফতার করেছে। এই সময়ের মধ্যে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৪ জন, উত্তরা বিভাগ থেকে ২০ জন, রমনা বিভাগ থেকে ১৭ জন, ডিবি থেকে ৬ জন এবং এসআরইউ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, ১ জন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের ক্ষতি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রোববার হরমুজ প্রণালীতে একটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এর আগে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন জরুরি বিপৎসংকেত পাঠিয়ে জানান যে, হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, শুক্রবার উপসাগরীয় জলসীমা অতিক্রম করার সময় দেশটির একটি গ্যাসবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়।

কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার জাহাজটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী ‘আল মায়েদা’। এই জাহাজটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন।

গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের বিস্তৃত জলসীমায় জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে ইরান বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করছে।

ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে তাদের অনুমতি নিতে হবে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে।

কাতারের সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হামলার শিকার জাহাজটির কোনো নাবিক আহত হননি। এ ঘটনায় পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।

কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচল ও কার্যক্রম পরিচালনায় সক্ষম।

যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত কাতার সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরায় শুরু করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাসসকে জানিয়েছেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর যদি একটি মাত্র পদের বিপরীতে কেবল একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকে, তবে তার পরের দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

মঈন উদ্দীন খান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে একক প্রার্থী হওয়ায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন এই সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এর আগে, ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়ে যায়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আজ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আওতায় আসা সাতজন হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, "এই সাতজন আসামী (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। আমরা এভিডেন্স জমা দিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%