ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুর থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিরাজের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, নিহত ব্যক্তির পরনে হালকা গোলাপি রঙের ফুলহাতা শার্ট ও নীল-খয়েরি রঙের লুঙ্গি ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানের চামড়া আংশিক খসে গেছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে একদম ইতিবাচক পর্যায়ে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, আগামীদিনগুলোতে দুদেশ একসঙ্গে কাজ করে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বৈঠকটি সত্যিই ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, গত সপ্তাহে ম্যানিলায় সার্জিও গরের সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। একই সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় ড. খলিলুর রহমান মন্তব্য করেন, ‘আমাদের সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অভিমুখে রয়েছে এবং আগামীদিনগুলোতে আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার জন্য কার্যক্রম চালিয়ে যাব।’

তিনি বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে স্বল্পপরিসরের বৈঠক হওয়ায় ভবিষ্যৎ সহযোগিতার সামগ্রিক দিকনির্দেশনা নিয়েই বেশিরভাগ আলোচনা হয়েছে।

বোইং উড়োজাহাজ ক্রয়ের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ শুধু রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে নয়, দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বোইং উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে এগিয়ে আসছে। এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ইতিবাচক উদাহরণ।

রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা পেয়ে থাকে, তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে। তবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ বা সংশ্লিষ্ট কোনো নির্দিষ্ট কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এটিকে কোনো একক বৈঠকের বিষয় না, বরং ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে দেখতে হবে।

আওয়ামী লীগ, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র কিংবা মানবিক করিডোরের মতো রাজনৈতিক বিষয়গুলোও এ বৈঠকে আলোচিত হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক (ট্যারিফ) ব্যবস্থা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে বিভ্রান্তির সুযোগ নেই। প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক উঠানো হয়, পরে তদন্ত শেষে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ট্যারিফ কোটা ব্যবস্থা চালু করেছে। এর ফলে বাংলাদেশে উৎপাদিত পোশাকে মার্কিন তুলা বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত ম্যান-মেইড ফাইবার ব্যবহার করা হলে যুক্তরাষ্ট্রের বাজারে আরও সুবিধাজনক প্রবেশাধিকার পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ এই সুবিধা পেয়েছে।

মানবাধিকার এবং র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে দুদেশের মধ্যে নিয়মিত আলোচনা হয়ে থাকে। তবে বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এ দায়িত্ব পালন বিষয় নিয়েও সার্জিও গরের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি যোগ করেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভূমিকা বিদ্যমান। সেহেতু সাধারণ পরিষদের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মতবিনিময় অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর উত্তরসূরি হিসেবে আলোচনায় খেলাইফি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইনফান্তিনোর উত্তরসূরি হিসেবে আলোচনায় খেলাইফি

বিশ্বকাপ সংক্রান্ত ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে এই পরিস্থিতিতে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর সম্ভাব্য বিকল্প হিসেবে নাসের আল-খেলাইফির নাম সামনে এসেছে, এমন দাবি করেছে টেলিগ্রাফ স্পোর্টস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ এবং ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেওয়ার বিষয়টি ইউরোপীয় ফুটবলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিবেদনে এই পরিকল্পনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের ব্যবসায়িক সম্পর্ক থাকার দাবি উঠে এসেছে।

এই অসন্তোষের প্রেক্ষাপটে, উয়েফা সদস্যদেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি ফিফার পরিকল্পনার বিরুদ্ধে বিরোধিতা, সম্ভাব্য বিশ্বকাপ বয়কট এবং ইনফান্তিনোর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বলে জানা গেছে, রিপোর্ট করেছে টেলিগ্রাফ স্পোর্টস।

বৈঠকে উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প কিংবা বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়া প্রায় যে কাউকেই আমি সমর্থন করব।” তার এই মন্তব্য ইউরোপীয় ফুটবল প্রশাসনে চলমান অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

তবে ইনফান্তিনোর পরিবর্ত হিসেবে আলোচনায় থাকলেও ফিফা সভাপতি হওয়ার আগ্রহ নেই বলে জানিয়েছেন নাসের আল-খেলাইফির প্রতিনিধি।

তার ভাষ্য হল, “ফিফা সভাপতি পদ নিয়ে নাসেরের কোনো পরিকল্পনা বা আগ্রহ নেই।” তিনি ইউরোপীয় ও বৈশ্বিক ফুটবল সংস্থাগুলোকে আগের মতোই সমর্থন জানিয়ে যাবেন।

বর্তমানে, আল-খেলাইফি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) চেয়ারম্যান এবং উয়েফার নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি বিইন মিডিয়া গ্রুপের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসিএও। এক বিবৃতিতে জানা গেছে, বিশ্বের ৮৫০টির বেশি ক্লাবের প্রতিনিধিত্ব করলেও, এত বিশাল গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সম্পর্কে তারা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বচ্ছ ও অর্থবহ আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

অতএব, ইনফান্তিনোকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচিত করা সহজ হবে না, কারণ ফিফার ২১১টি সদস্যদেশের অধিকাংশের সমর্থন ছাড়া সভাপতি পরিবর্তন সম্ভব নয়। এর মধ্যে উয়েফার সদস্য মাত্র ৫৫টি দেশ। ফলে ইউরোপের সমর্থন পেলেও বৈশ্বিক পর্যায়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করাই হবে যেকোনো বিকল্প প্রার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একই দিনে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দুই বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান, পৃথক জানাজা এবং দাফনের মধ্য দিয়ে তাঁদের শেষ বিদায় জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি ঢাকা শহরে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নাখারগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

অন্যদিকে, দক্ষিণ রামখানা ইউনিয়নের সফরটারী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী (৬৮) ৩০ জুলাই রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বিকাল ৩টায় সফরটারী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকেও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

উভয় অনুষ্ঠানে গার্ড অব অনারের নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা রতন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধে এই বীর সন্তানদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি। তাঁদের বিদায়ে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ বলেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। তাঁদের গৌরবোজ্জ্বল অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম বলেছেন, আজ আমরা আমাদের দুইজন সহযোদ্ধাকে হারালাম। তাঁদের দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক কবরস্থানে দুই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ইউরোফাইটার উৎপাদন শুরুর ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


তুরস্কের ইউরোফাইটার উৎপাদন শুরুর ঘোষণা যুক্তরাজ্যের

ইরান যুদ্ধ নিয়ে বৈশ্বিক উত্তেজনার মধ্যে তুরস্কের জন্য ফরমাশ করা অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' যুদ্ধবিমানের উৎপাদন কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান 'বিএই সিস্টেমস'। সম্প্রতি প্রকাশিত কোম্পানির চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালে প্রথম ধাপে বিমানগুলোকে ইস্তাম্বুলের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

এছাড়া বিএই সিস্টেমস যুক্তরাজ্যের সরকারের কাছ থেকেও একটি চুক্তি পেয়েছে। এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে বিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহায়তা সরঞ্জাম এবং সেবা প্রদান। উল্লেখ্য, তুরস্ক ২০২১ সালের অক্টোবরে বিমানগুলোর জন্য ফরমাশ দিয়েছিল।

বিএই সিস্টেমস তাদের অর্ধবার্ষিক বিবৃতিতে আরো উল্লেখ করেছে, ২০২১ সালের অক্টোবরে ফরমাশ করা তুরস্কের ২০টি টাইফুন বিমানের জন্য প্রশিক্ষণ, সহায়তা সরঞ্জাম এবং সেবা প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে একটি চুক্তি পাওয়া গেছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, যুক্তরাজ্য ও ইউরোফাইটার প্রকল্পের অংশীদার দেশগুলোতে ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম চলমান এবং ২০৩০ সালের জন্য বিমানগুলোর হস্তান্তরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আওতায় রয়েছে তুর্কি কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা। বিএই সিস্টেমস জানিয়েছে, প্রশিক্ষণ ও সহায়তা বিষয়ক এই চুক্তির মূল্য প্রায় ২.৫ বিলিয়ন পাউন্ড (৩.৩৬ বিলিয়ন ডলার)। তুরস্ক ও যুক্তরাজ্য সরকার ২০২৬ সালের মার্চে এই চুক্তিটি স্বাক্ষর করে। এটি মূলত ২০২৫ সালে সম্মত হওয়া টাইফুন যুদ্ধবিমান ও অস্ত্র সংক্রান্ত চুক্তির একটি সম্প্রসারিত অংশ। এই চুক্তিতে প্রধান ঠিকাদার হলো বিএই সিস্টেমস।

কোম্পানিটি যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতের কাজ করার পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও প্রদান করবে। ব্রিটিশ কোম্পানিটির আশা, যুদ্ধবিমানগুলো পরিষেবায় যুক্ত হওয়ার পর প্রথম তিন বছর এই সহায়তা কার্যক্রম চলবে। এর আওতায় পাইলট, প্রকৌশলী এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। ২০২৬ সালের ২৫ মার্চ, তুরস্ক ও যুক্তরাজ্য একটি পৃথক চুক্তি স্বাক্ষর করে, যেখানে 'ইউরোফাইটার টাইফুন' বহরের জন্য কারিগরি ও লজিস্টিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন ২০টি যুদ্ধবিমান পর্যায়ক্রমে তুর্কি বিমানবাহিনীতে যুক্ত হবে। ২০৩০ সালে ছয়টি বিমান আসার কথা রয়েছে। এক বছর পর ২০৩১ সালে আসবে আরও আটটি এবং সবশেষে ২০৩২ সালে আসবে বাকি ছয়টি বিমান। এই সরবরাহের প্যাকেজে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি লক্ষ্যভেদী গোলাবারুদ ও মিশন পড অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের জানিয়েছেন, এই প্যাকেজে 'মিটিওর' বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ (দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যভেদী) আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, তুর্কি কর্মীরা আসন্ন আগস্টে যুক্তরাজ্যে যাবে প্রশিক্ষণের জন্য। তারা ইউরোফাইটার টাইফুন পরিচালনার ওপর প্রশিক্ষণ নেবেন। যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ১০ জন তুর্কি প্রশিক্ষক পাইলটকে প্রশিক্ষণ দেবে এবং প্রায় ১০০ জন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষককেও প্রশিক্ষণ প্রদান করবে। পরবর্তী বছরগুলোতে আরও পাইলট ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণের জন্য সেখানে পাঠানো হবে।

এর লক্ষ্য হলো তুর্কি বিমানবাহিনীকে আগে থেকেই প্রস্তুত করে তোলা। কর্মকর্তারা চান ২০৩০ সালে প্রথম নতুন জেটটি আসার আগে এর পরিচালনগত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন থাকুক। চলতি বছরের ২৩ জুলাই অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় প্রশিক্ষণের পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছিল। মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোফাইটার (ইএফ) সংগ্রহের প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের আগস্ট মাসে ফ্লাইট-সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাজ্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এরপরই সেখানে ফ্লাইট প্রশিক্ষণ শুরু হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী বছরগুলোতেও যুক্তরাজ্যে ফ্লাইট ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পাঠানো অব্যাহত থাকবে। কাতার ও ওমানের কাছ থেকে ব্যবহৃত 'ইউরোফাইটার টাইফুন' যুদ্ধবিমান কেনার বিষয়ে তুরস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন যুদ্ধবিমান হাতে না আসা পর্যন্ত নিজেদের যুদ্ধবিমানের চাহিদা মেটানোই এর পরিকল্পনা।

কাতার 'ইউরোফাইটার টাইফুন ট্রাঞ্চ ৪' মডেলের বিমান ব্যবহার করে, যা গত কয়েক বছর আগে কেনা হয়েছিল। কাতার তুরস্ককে এ ধরনের ১২টি বিমান সরবরাহ করতে যাচ্ছে। তুরস্ক আশা করেছিল, ব্যবহৃত বিমানগুলো দ্রুতই হাতে পাবে। তবে জানাগেছে, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে এই সময়সূচি কিছুটা পিছিয়ে গেছে।

ব্যবহৃত এই বিমানগুলো মূলত অন্তর্বর্তীকালীন চাহিদা পূরণের জন্য নেওয়া হচ্ছে। নতুন ইউরোফাইটার টাইফুন বিমানগুলো পরিষেবায় যুক্ত না হওয়ার আগপর্যন্ত এগুলো তুর্কি বিমান বাহিনীর যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%