ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার নতুন চমক মাহলি বিয়ার্ডম্যান


ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার নতুন চমক মাহলি বিয়ার্ডম্যান

অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটাতে পারেন। ২০ বছর বয়সী এই পেসার সোমবার (২ নভেম্বর) ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণের দলে স্থান পেয়েছেন।

তবে, দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর তাদের কাজের চাপ কমানোর জন্য নির্বাচকরা বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।

১৩ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এর পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। দুই সংস্করণেই অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

আরও পড়ুন: আফগান লিগের ড্রাফটে ব্রিটিশ পরিচয়ে নাম দিলেন আমির, আইপিএলে নিবন্ধন করবেন কি?

গত জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে বিয়ার্ডম্যান ৩৩ রানে ২ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে, ওয়ানডে দলে ফিরেছেন লিয়াম স্কট। ট্রাভিস হেড, ম্যাথু রেনশ, জশ ইংলিস, কুপার কনোলি এবং ক্যামেরন গ্রিন দলে থাকলেও তারা টি-টোয়েন্টি দলে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে তাদের কাজের চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশেষজ্ঞ টিম ডেভিডেরও।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, অলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট এবং অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে মারুফার অংশগ্রহণ অনিশ্চিত চোটের কারণে

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হারপার, স্পেনসার জনসন, মিচেল ওয়েন, ল্যাকলান শ এবং অ্যাডাম জাম্পা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সাধারণ সম্পাদক মোবাশ্বির

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সাধারণ সম্পাদক মোবাশ্বির

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নীতিগত চিন্তাভাবনা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ক্যারিয়ার-ভার্স, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চ্যাপ্টার। এক বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পর সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোবাশ্বির রহমান।

জানা যায়, পলিসি হ্যাকাথন ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের হাত ধরে ক্যারিয়ার-ভার্সের এই উদ্যোগের সূচনা হয়। গত এক বছর ধরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারণী বিষয়ে চিন্তাভাবনা এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করার কাজ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টার।

ইয়ুথ ফর পলিসি (YfP) ও ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্টের (IID) সঙ্গে সম্পৃক্ত এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। গতানুগতিক ক্যারিয়ার ক্লাবের ধারণার বাইরে গিয়ে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি নীতিগত বিশ্লেষণ, সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তাভাবনা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে চায় সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি আইরিন আক্তার লাবণ্য বলেন, “ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টারের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের পাশাপাশি বড় একটি দায়িত্ব। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু প্রচলিত চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের সক্ষমতা বিকশিত করুক। শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনা তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোবাশ্বির রহমান বলেন, “একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের জন্য এমন সব কার্যক্রম আয়োজন করতে চাই, যার মাধ্যমে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন, নীতিনির্ধারণী বিষয়ে ধারণা লাভ এবং নিজেদের পেশাগত সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে পারবে। সংগঠনের প্রতিটি কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নতুন ধারণাকে গুরুত্ব দেওয়া হবে।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কর্মজীবনের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন ধারণা, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিকাশের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে সিনেট নির্বাচনে স্টিভেনসের সমর্থন রিপাবলিকান রজার্সকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


মিশিগানে সিনেট নির্বাচনে স্টিভেনসের সমর্থন রিপাবলিকান রজার্সকে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস নিজ দলের প্রার্থী আবদুল এল-সাইয়েদকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন। মঙ্গলবারের নির্বাচনের দুদিন আগে তাঁর এই ঘোষণা ডেমোক্র্যাট শিবিরে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

রোববার (১ নভেম্বর) স্টিভেনস গির্জায় রজার্সের সঙ্গে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেছেন, "আমি আবদুলের প্রচারশিবিরের অংশ নই। মিশিগানের মানুষ হিসেবে আমাদের পরিচয় ঘৃণা নয়। আমাদের ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর কাছ থেকে এখন যে আচরণ দেখা যাচ্ছে, সেটিও আমাদের পরিচয় নয়। এ কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন দিচ্ছি।"

ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এল-সাইয়েদের কাছে পরাজিত হওয়ার পর থেকেই স্টিভেনস এবং এল-সাইয়েদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। স্টিভেনসকে মধ্যপন্থী হিসেবে পরিচিত করা হয়, আর এল-সাইয়েদ বামঘেঁষা অবস্থানের অধিকারী।

বিতর্কের সাম্প্রতিক সূত্র হিসেবে একটি প্রচারবিজ্ঞাপন উঠে এসেছে। উদারপন্থী একটি বাইরের সংগঠনের ওই বিজ্ঞাপনে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সঙ্গে পণ্যমূল্য বৃদ্ধির সম্পর্ক তুলে ধরা হয়। এল-সাইয়েদ বিজ্ঞাপনটির সমালোচনা করলেও এর বিষয়বস্তুর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।

রোববার একটি অনুষ্ঠানে এল-সাইয়েদের সঙ্গে স্টিভেনসের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু এল-সাইয়েদ তাঁকে সেখানে না আসতে বলেছিলেন। পরে স্টিভেনস রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে গির্জার অনুষ্ঠানে যোগ দেন। সাংবাদিকদের তিনি বলেন, "এল-সাইয়েদ আমাকে নিজের প্রচারশিবিরে চাননি।"

স্টিভেনসের সমর্থন নিয়ে প্রশ্ন করা হলে এল-সাইয়েদ বলেন, "আমি মিশিগানের মানুষের সমস্যাগুলো নিয়ে মনোযোগ দিচ্ছি। দিন শেষে আমি হ্যালি স্টিভেনসকে নিয়ে ভাবছি না। এসবের কোনো গুরুত্ব নেই।"

স্টিভেনসের সিদ্ধান্তের পর তাঁর নির্বাচনী দলের বেশ কয়েকজন কর্মী পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। স্টিভেনস জানান, "ওয়াশিংটনে আমার অসাধারণ একটি দল রয়েছে এবং কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে স্বাধীন।"

রিপাবলিকান প্রার্থী রজার্স স্টিভেনসের সমর্থনকে স্বাগত জানিয়ে একে ‘সাহসী’ সিদ্ধান্ত বলেছেন। আইওয়ায় নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্টিভেনসের প্রশংসা করেন। তিনি বলেন, "স্টিভেনসের সঙ্গে আমার পরিচয় বা কখনো সাক্ষাৎ হয়নি, তবে তিনি এমন কথা বলেছেন, যা বলার সাহস অনেকের নেই।" ট্রাম্প মন্তব্য করেন, স্টিভেনস রিপাবলিকান পার্টিতে যোগ দিলে তিনি খুশি হবেন।

ডেমোক্র্যাট নেতারা স্টিভেনসের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল বলেন, "তার এ সিদ্ধান্তে বোঝা যায়, তিনি যেসব মূল্যবোধের কথা বলেন, সেগুলো থেকে সরে গেছেন।" তিনি দলকে বিভক্ত করা এবং নির্বাচনী অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করার কথাও জানান।

সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার স্টিভেনসের সিদ্ধান্তকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন। ডেট্রয়েটের কয়েকজন ডেমোক্র্যাট ভোটারও বিবিসিকে বলেছেন, রজার্সকে সমর্থন দেওয়ায় তাঁরা হতাশ। তবে রজার্সের কয়েকজন সমর্থকের ধারণা, স্টিভেনসের এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে তেমন প্রভাব ফেলবে না।

মিশিগানের সিনেট আসনটি বর্তমানে একজন অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটরের দখলে রয়েছে। ১৯৯৪ সালের পর এই আসনে কোনো রিপাবলিকান নির্বাচিত হননি। তবে প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২০২০ সালে অঙ্গরাজ্যটিতে জো বাইডেন এবং ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের চারটি আসন বাড়াতে হবে। মিশিগানের আসনটি হারালে তাদের জন্য লক্ষ্য পূরণ আরও কঠিন হয়ে পড়বে; তখন পাঁচটি আসন বাড়ানোর প্রয়োজন হবে।

ডেমোক্র্যাট দলের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সাইয়েদ মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান। ওয়াশিংটনের রাজনীতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তৃণমূল পর্যায়ের অসন্তোষকে তিনি নিজের প্রচারে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে, স্টিভেনস মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত এবং দলীয় মনোনয়ন লড়াইয়ে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারের মতো নেতাদের সমর্থন পেয়েছিলেন।

স্টিভেনস ও এল-সাইয়েদের বিরোধ নির্বাচনের আগে ডেমোক্র্যাট দলের অভ্যন্তরীণ মতপার্থক্যকে সামনে এনেছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও এই বিরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়

দেশের বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষাবর্ষ শেষ হতে প্রায় এক মাস বাকি থাকলেও, নীতিমালা জারির পূর্বেই অনেক স্কুলে অভিভাবকদের পুনঃভর্তি ফি প্রদান করতে চাপ দেয়া হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন খাতের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানায়, যদি অতিরিক্ত ফি আদায় করা হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবর্ষ শেষ না হলেও, চলতি মাসেই বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি নীতিমালা ইতিমধ্যেই জারি করা হলেও, বেসরকারি স্কুলের নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি।

ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছিল যে, স্কুলে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। কিন্তু অভিযোগ রয়েছে, রাজধানীর অনেক স্কুলে শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই অভিভাবকদের পুনঃভর্তি ফি দিতে চাপ দেয়া হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন খাতের মাধ্যমে অতিরিক্ত ফিও আদায় করা হচ্ছে।

এক অভিভাবক মন্তব্য করেন, "ভর্তি ফি তদারকি করা দরকার। সরকারকে মনিটরিং করতে হবে যাতে অতিরিক্ত টাকা নেয়া না হয়। এভাবে বাড়তি টাকা নেয়া হলে অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হবেন।"

সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা নেই। অভিভাবকরা দ্রুত নীতিমালা জারির দাবি জানিয়েছেন।

এক অভিভাবক বলেন, "এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ নীতিমালাই আসেনি। নীতিমালা না থাকলে একজন অভিভাবক কীভাবে সিদ্ধান্ত নেবেন তার সন্তানকে কোথায় ভর্তি করাবেন?"

প্রতিবছর ভর্তি ও অন্যান্য ফি নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে অভিযোগ রয়েছে, বেশিরভাগ নামী স্কুলই এসব নির্দেশনা মানে না।

শিক্ষা গবেষকরা বেসরকারি স্কুলগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার পরামর্শ দিয়ে জানান, প্রতিবছর অতিরিক্ত ফি আদায়ের কারণে অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। ফি আদায়ের ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, "ফি আদায়ের ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা দেখা যায়। একেক স্কুল একেকভাবে ফি আদায় করে। এতে অভিভাবকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়। এই চাপ অভিভাবকদেরই মোকাবিলা করতে হয়। এমন পরিস্থিতি এড়াতে ফি আদায়ের ক্ষেত্রে একটি অভিন্ন নীতিমালা থাকা উচিত।"

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালা জারি করা হবে। পাশাপাশি অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সময় সংবাদকে জানান, "এ বিষয়ে এরইমধ্যে কয়েক দফা সভা হয়েছে। আশা করছি, অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে। এবার বিষয়টি আমরা অত্যন্ত নজরদারিতে রাখব। কোথাও কোনো অভিযোগ পেলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"

নীতিমালার খসড়া অনুযায়ী, রাজধানীর বেসরকারি স্কুলে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ভর্তি ফি নেয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিরুদ্ধে ম্যাচের জন্য আল নাসর ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার তাসখন্দে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের দলে পর্তুগিজ মহাতারকাকে রাখা হয়নি।

এই সিদ্ধান্তটি এসেছে এমন একটি সময়ে, যখন এক সপ্তাহ আগে আল নাসরের পূর্ববর্তী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্টগুলোর ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

গত সপ্তাহে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে রোনালদো ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৫-এ নিয়ে গেছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা এই ফরোয়ার্ডকে ব্যস্ত সূচি ও দীর্ঘ ভ্রমণের চাপ সামলাতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লু।

উজবেকিস্তানে সংবাদ সম্মেলনে পোস্টেকোগ্লু জানিয়েছেন, রোনালদোর পাশাপাশি কিংসলি কোমান ও মোহাম্মদ সিমাকানকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

তিনি মন্তব্য করেছেন, "ম্যাচের চাপ এবং দীর্ঘ যাতায়াতের কথা বিবেচনা করেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।"

এশিয়ার শিরোপা জয়ের স্বপ্নে ধুঁকছে আল নাসর। প্রথমবারের মতো এশিয়ান শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা আল নাসরের এবারের অভিযান খুব একটা ভালো শুরু হয়নি। ৩২ দলের টুর্নামেন্টের পশ্চিমাঞ্চলীয় গ্রুপে তারা বর্তমানে নবম স্থানে রয়েছে। সৌদি আরবের পাঁচ প্রতিনিধির মধ্যে এটিই সবচেয়ে নিচের অবস্থান। তবে পোস্টেকোগ্লু আশাবাদী।

তিনি বলেন, "কঠিন সূচনা এবং মৌসুমের শুরুতে পুরোপুরি প্রস্তুত না থাকলেও আমরা এখন অনেক ভালো অবস্থানে পৌঁছেছি।"

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। রোনালদো আগের ম্যাচেও বিশ্রাম পেয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসল নিরাপত্তাজনিত কারণে রিয়াদ সফরে যেতে অস্বীকৃতি জানানোয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ম্যাচটি স্থগিত করেছিল।

এর আগে ১২ অক্টোবর আল নাসরের একটি ঘরের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়েছিল। কারণ ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল।

এই পরিস্থিতি শুধু ক্লাব ফুটবলেই নয়, আগামী এশিয়ান কাপ আয়োজন নিয়েও প্রশ্ন তুলছে। ২০২৭ সালের ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটির।

এশিয়ান কাপ আয়োজন নিয়েও সংশয়

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো সম্প্রতি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে এশিয়ান কাপ আয়োজন করা সহজ হবে না।

তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, "অঞ্চলের পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপ হতে পারে। প্রয়োজন হলে আমরা সিদ্ধান্ত নেব। দরকার হলে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালেও নেওয়া যেতে পারে।"

যদিও এসব উদ্বেগের মধ্যেও সৌদি আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং সব ম্যাচের ভেন্যু ও কিক-অফ সময় ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%