ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩


পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংঘটিত একটি দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায়।

নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর পুত্র। আহতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ইয়ানুর এবং তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপরদিকে, জীবন ও সজ্জাদ দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ধরধরা পুল এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার্ড করেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে ইয়ানুরের মৃত্যু ঘটে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের রংপুরে রেফার্ড করা হয়েছিল। রংপুরে যাওয়ার সময় ইয়ানুর নামের একজনের মৃত্যু ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হুশিয়ারি দিয়েছেন যে, সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ঘটলে ডিলারশিপ বাতিল করা হবে এবং যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় কৃষি সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে দেশের সব জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ অনলাইনে যুক্ত ছিলেন।

মন্ত্রী সার বিতরণ ও ব্যবস্থাপনার উপর কড়া নজরদারির কথা উল্লেখ করে বলেন, সার বিতরণে অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। একইসাথে, সার ব্যবস্থাপনার সঙ্গে কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার পাশাপাশি তাঁদের ডিলারশিপ এলাকার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা উচিত। জমির পরিমাণ, কৃষকের সংখ্যা ও ফসলের নিবিড়তা যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। নিয়ম লঙ্ঘনকারী ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিটি ডিলারের দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত অভিযান চালাতে হবে। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার বিতরণ নিশ্চিত করতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের ওপরও জোর দেন তিনি।

কৃষিমন্ত্রী আসন্ন রবি মৌসুমের সারের বরাদ্দ ও সরবরাহ বাড়ানোর কথা জানিয়ে বলেন, অতীতের তুলনায় এ বছর চাহিদার চেয়েও বেশি সার সরবরাহ করা হয়েছে। নতুন কোনো ফসলের আবাদ উল্লেখযোগ্যভাবে না বাড়লেও চাহিদা বাড়লে তা মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে সার পাচার রোধে কঠোর নজরদারি রাখতে হবে। প্রতিবেশী দেশের কিছু এলাকায় নন-ইউরিয়া সারের চাহিদা ও দাম বেশি থাকায় এবং কোথাও ইউরিয়ার সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে সার পাচারের আশঙ্কা থাকে। কোনো অবস্থাতেই দেশের সার দেশের বাইরে পাচার হতে দেওয়া যাবে না।

মন্ত্রী আরো বলেন, সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে। এই ভর্তুকির সুফল যেন প্রকৃত কৃষকরাই পান, তা নিশ্চিত করতে হবে। একদিকে সারের সংকটের অভিযোগ, অন্যদিকে গুদামে পর্যাপ্ত মজুত কিংবা পাচারের ঘটনা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টাকে স্পষ্ট করে। এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসকদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো জেলায় সার নিয়ে অনিয়ম হলে সংশ্লিষ্ট ডিসিদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে।

মন্ত্রী ইউরিয়া সার শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে অপব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, বিশেষ করে বস্ত্র ও ডাইং কারখানায় ইউরিয়া সার ব্যবহারের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জেলা পর্যায়ের সার মনিটরিং কমিটিকে নিয়মিত সভা করার নির্দেশনা দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশাবাদী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশাবাদী শামা ওবায়েদ

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি আশাবাদী।

তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘গঙ্গা চুক্তির নবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দাফতরিক পর্যায়ে আলোচনা চলছে। উচ্চপর্যায়ের কমিটি একটি সমঝোতায় পৌঁছাবে। আমি আশা করি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য কাজ চলছে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিএনপি সরকার কাজ করছে।’

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন সম্পর্কে শামা ওবায়েদ জানান, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুদিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরবেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু বিষয়ক যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং সাফল্য অর্জন করেছে, তা প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে ধরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে অ্যামচ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে অ্যামচ্যাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)। আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্য অর্জনে ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৩০তম ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।

আজ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল জানান, গত ১৫ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। তিনি বলেন, আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

কামাল আরও বলেন, ‘পুরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগই অর্জিত হবে— এমন দাবি আমরা করছি না। তবে এই ট্রেড শো লক্ষ্য অর্জন সহজ করবে।’ তিনি উল্লেখ করেন, গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছিল অ্যামচ্যামের পক্ষ থেকে।

অ্যামচ্যাম সভাপতি জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আরও সুযোগ রয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারের সঙ্গে কাজ করছে অ্যামচ্যাম। তারা শিগগিরই সরকারের কাছ থেকে একটি জ্বালানি রোডম্যাপ পাওয়ার প্রত্যাশা করছে। ট্রেড শোতে জ্বালানি খাত নিয়ে পৃথক সেমিনারের আয়োজন করা হয়েছে।

কামাল বলেন, সব খাতে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা না করে যেসব খাতে মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বেশি এবং বাংলাদেশে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে, সেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ট্রেড শোতে বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও অংশ নেবেন। তাদের সঙ্গে বাংলাদেশে এখনো কার্যক্রম শুরু করেনি— এমন কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও আসবেন। নতুন ১০ থেকে ১২টি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে পারাকে এ আয়োজনের বড় অর্জন হিসেবে দেখছে অ্যামচ্যাম।

ট্রেড শোতে ৩৬ প্রতিষ্ঠান ও সাত স্টার্টআপ :

আয়োজকদের তথ্যানুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩৬টি প্রতিষ্ঠান ও সাতটি স্টার্টআপ অংশ নেবে। এতে মোট ৬৩টি বুথ থাকবে। অংশগ্রহণকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যাটারপিলার, শেভরন, এক্সন মবিল, মেটলাইফ, সিটি গ্রুপ, মাস্টারকার্ড, ভিসা, কোলগেট-পামোলিভ, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, পেপসিকো, কস্টকো, পিপিজি, ইউপিএস ও কারগিল।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য পৃথক জোন থাকবে। এছাড়া স্টার্টআপ জোন, সরাসরি কেনাকাটার জন্য কার্নিভাল জোন এবং ট্রেড শোর ইতিহাস তুলে ধরতে হেরিটেজ কর্নার রাখা হয়েছে।

তিন দিনের এ আয়োজনে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর বিষয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি সরকারি প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, ১৯৯২ সালে অ্যামচ্যামের উদ্যোগে বাংলাদেশে ইউএস ট্রেড শোর যাত্রা শুরু হয়। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর প্রায় আড়াই বছরের বিরতি শেষে এবার আবার এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এ বছর সংগঠনটির ৩০ বছর পূর্তিও উদযাপন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্য বিভাগের কমার্শিয়াল কাউন্সেলর পল জি ফ্রস্ট উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

আপিল বিভাগের চেম্বার আদালত সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিন আপিলেও বহাল রইল।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন।

এর আগে মেজর আখতারুজ্জামান হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%