বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
রাজশাহীর পবা উপজেলায় ভাতিজার হাসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদপুরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইদ্রিস আলী ওই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর ছেলের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর ছেলে পক্ষ নিয়ে তার ভাতিজা আফজাল হোসেন বিরোধে জড়িয়ে পড়েন। পরে উত্তেজিত হয়ে আফজাল হাসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেন। হাসুয়ার কোপে ইদ্রিস আলীর এক পায়ের উরুতে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা জানান, তারা বাড়িতে কাজ করছিলেন। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর পা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য তারা মর্গে অপেক্ষা করছেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ গাজিউর রহমান বলেন, অভিযুক্ত আফজাল হোসেনও আহত হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ও সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংশ্লিষ্ট জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ প্রদান করবেন।
সরকারের টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করার অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে মাঠ পর্যায়ে এই তদারকি ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর নিজ বসতঘর থেকে মোঃ ইয়ানুস আলী ওরফে ইউনুস আলী (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ানুস আলী ছিলেন মৃত সমীর আলী ও মৃত নছেয়ারার পুত্র, যিনি ধরমপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত থেকে ২৩ আগস্টের মধ্যে কোনো এক সময় ধরমপুর পূর্বপাড়ায় হারেজের দোকানের পাশে গলিতে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন ইয়ানুস আলী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে প্লাস্টিকের চেয়ারের ওপর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়রা বিষয়টি মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আরজুন জানান, ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রামেক মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মতিহার থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) রুজু হয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজত থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যা মামলার আসামি মিতু আক্তার কৌশলে থানা হেফাজত থেকে গায়েব হয়ে যায়।
তবে ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেছেন, রিমান্ডে থাকা হত্যা মামলার ওই নারী আসামি কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার প্রস্তুতির সময় তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।
এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (লাইন ক্লোজ) করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশের উচ্চশিক্ষিত প্রকৌশলী ও টেকনোক্র্যাটদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মেধাবীদের যথাযথভাবে কাজে লাগাতে না পারলে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগোতে পারবে না। বরং এতে ‘ব্রেইন ড্রেন’ আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘জাতীয় প্রকৌশলী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিশ্বের যেসব দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তারা প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশটি প্রযুক্তিগত শিক্ষা ও টেকনোক্র্যাটদের দক্ষতাকে কাজে লাগিয়ে দ্রুত অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, সমাজে মেধা ও যোগ্যতার মূল্যায়ন বাড়াতে হবে। নিয়মবহির্ভূত কোনো শক্তির প্রভাব যাতে মেধাতন্ত্রকে বাধাগ্রস্ত না করে, সেদিকে নজর দিতে হবে। আইনের শাসন ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা গেলে মেধাবীদের সর্বোচ্চ কাজে লাগানো সম্ভব হবে।
রুহুল কবির রিজভী বলেন, উচ্চশিক্ষিত ও মেধাবীদের রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
পাশাপাশি, গবেষণার পরিসর আরও বিস্তৃত করতে হবে। চিকিৎসা, প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান ও সক্ষমতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বাছাইয়ের ক্ষেত্রে তাদের চিন্তা বা দর্শনের পরিবর্তে যোগ্যতা, নিয়ম ও নিরপেক্ষতাকে গুরুত্ব দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিপ্রাপ্তদের তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে হবে। তাদের কর্মক্ষেত্রের পরিসরও বাড়াতে হবে। কোন মানুষকে কোথায় সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়, সেটিই রাষ্ট্রের নীতির গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।
তিনি বলেন, দেশের মেধাবীদের কাজে লাগানোর পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী ও বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশিদেরও দেশের উন্নয়ন ও উৎপাদনে কাজে লাগানোর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘ট্যালেন্ট পুল’ ধারণার কথাও উল্লেখ করেন তিনি।
তিস্তা ব্যারাজ নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, স্থানীয় অর্থায়ন ও স্থানীয় প্রকৌশলীদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয়েছিল। এতে স্থানীয় প্রকৌশলীদের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে।
দেশে ৫০টির মতো টেকনিক্যাল ইনস্টিটিউশন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠান গড়ে উঠেছে উল্লেখ করে রিজভী বলেন, এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর যে বিপুলসংখ্যক মেধাবী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ বের হচ্ছেন, তাদের দক্ষতা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি করে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।
উচ্চশিক্ষিত প্রকৌশলীদের কর্মসংস্থান ও সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রুহুল কবির রিজভী বলেন, টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিতদের উপযুক্ত কর্মসংস্থান ও তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবালাইজেশন ও অফশোরিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দেশের দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব।
তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে মেধা, জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য উচ্চশিক্ষিত প্রকৌশলী ও টেকনোক্র্যাটদের রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ