ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখা ব্যবস্থাপক আশরাফুন নেছা।
অনুষ্ঠান শেষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা হবে, অন্যদিকে এসব গাছ ভবিষ্যতে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের উদ্যোগকে তিনি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

মো: রাজিব তালুকদার

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


ঝালকাঠি পৌরসভার মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। দীর্ঘদিনের সাংবাদিকতা, আইন পেশা এবং সাংবাদিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে তাঁর নাম আলোচনায় এসেছে।

শিক্ষাজীবনে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার ঝালকাঠি ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি দৈনিক আজকের বার্তা, ভোরের ডাক, দৈনিক জনতা, ভোরের কাগজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ, দেশ টিভি, প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন, একাত্তর টিভি, দীপ্ত টিভি, যুগান্তর ও চ্যানেল ২৪-সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

বর্তমানে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য হওয়ার পর তিনি সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চারবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের নির্বাচনে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তিনি প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।

সাংবাদিকতা জীবনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসেন আক্কাস সিকদার। ২০১১ সালে রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন র‌্যাবের গুলিতে আহত হয়ে পা হারানোর ঘটনা নিয়ে প্রথম আলোতে ধারাবাহিক প্রতিবেদন করেন। পরবর্তীতে লিমনের আইনি লড়াইয়েও তিনি যুক্ত হন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

সাংবাদিকতায় অবদানের জন্য ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব পুরস্কার, ২০১৭ সালে সূর্যালোক ট্রাস্ট পুরস্কার এবং ২০২১ সালে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নেতার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি রাজনৈতিকভাবে রোষানলে পড়েছিলেন বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করায় ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন। ওই মামলায় তিনি হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০১০ সালে সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় যুক্ত হন আক্কাস সিকদার। বর্তমানে তিনি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন।

মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার বলেন, “ইনশাআল্লাহ, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। জনগণের আগ্রহকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব। তবে সাধারণ মানুষ চাঁদাবাজ, মাদকসেবী বা সন্ত্রাসীকে মেয়র হিসেবে চাচ্ছে না।”

পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করবেন বলে জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


যশোরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে তাদের অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন—উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না। দলীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অভিযুক্ত নেতারা অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় উপজেলা জামায়াত। এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি ক্ষমতায় এসে গত ছয় মাসের মধ্যে অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে।

সোমবার, রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, দেশের ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদ এবং প্রতিষ্ঠানগুলোকে মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।

তিনি আরও জানান, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে বিএনপিই ৬৭০টি ঘটিয়েছে। এসব সহিংস ঘটনায় এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, সরকার প্রথম থেকেই গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

তিনি দেশের তৎকালীন অর্থনৈতিক ও বিদ্যুৎ সংকটের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিএনপি সরকারের আসার পরই তীব্র জ্বালানি তেল সংকট শুরু হয়েছে এবং তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে গণপরিবহন, সেচ এবং সারসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমানে গ্যাসের ৪৩ শতাংশ ঘাটতি থাকায় ঢাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং শিল্পকারখানার উৎপাদন কমে গিয়েছে, যার কারণে একের পর এক রপ্তানি আদেশ হারানো যাচ্ছে।

তিনি আরো বলেন যে, ক্ষমতাগ্রহণের পর সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং, ভূতুড়ে বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় কমিটির সুপারিশগুলোও মানা হচ্ছে না। এখন যেকোনো সংকট তৈরি হলে আগের ফ্যাসিস্ট কিংবা অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে, অথচ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছিল।

বিরোধীদলীয় চিফ হুইপ কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরার সময় বলেন, কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেন না এবং তেমন হলে চড়া দামে কিনতে হচ্ছে। পাশাপাশি, ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য খাতে হামের প্রাদুর্ভাব এবং মহামারির জন্য অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হলেও বর্তমান সরকার সংকট এড়াতে পারে না, এবং এমনকি কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলেনি। অন্যদিকে, শিক্ষাঙ্গনগুলোতে দখলদারিত্ব প্রশংসিত হচ্ছে এবং বিরোধী মতাদর্শের ওপর হামলার পুরস্কৃত হলেও কোনো বিচার পাচ্ছে না কেউ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবে গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের ঘটনায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করে। প্যানেলের অন্যান্য সদস্যগণ হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে প্রসিকিউটর মইনুল করিম ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো অথবা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা।

এ ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এরই মধ্যে এই তিন সাংবাদিকের সম্পৃক্ততা তদন্ত সংস্থা আবিষ্কার করেছে। তাই তাদেরকে গ্রেপ্তারের জন্য আবেদন জানানো হলো।

শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট এই তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আজকের দিনে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সকালে তাদেরকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শাপলা চত্বর গণহত্যা মামলায় বাবু এবং ফারজানা গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করছে। অতিরিক্ত, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত আরেক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন শ্যামল দত্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%