প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। দীর্ঘদিনের সাংবাদিকতা, আইন পেশা এবং সাংবাদিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে তাঁর নাম আলোচনায় এসেছে।
শিক্ষাজীবনে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার ঝালকাঠি ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি দৈনিক আজকের বার্তা, ভোরের ডাক, দৈনিক জনতা, ভোরের কাগজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ, দেশ টিভি, প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন, একাত্তর টিভি, দীপ্ত টিভি, যুগান্তর ও চ্যানেল ২৪-সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।
বর্তমানে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য হওয়ার পর তিনি সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চারবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের নির্বাচনে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তিনি প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।
সাংবাদিকতা জীবনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসেন আক্কাস সিকদার। ২০১১ সালে রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন র্যাবের গুলিতে আহত হয়ে পা হারানোর ঘটনা নিয়ে প্রথম আলোতে ধারাবাহিক প্রতিবেদন করেন। পরবর্তীতে লিমনের আইনি লড়াইয়েও তিনি যুক্ত হন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।
সাংবাদিকতায় অবদানের জন্য ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব পুরস্কার, ২০১৭ সালে সূর্যালোক ট্রাস্ট পুরস্কার এবং ২০২১ সালে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নেতার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি রাজনৈতিকভাবে রোষানলে পড়েছিলেন বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করায় ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন। ওই মামলায় তিনি হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
২০১০ সালে সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় যুক্ত হন আক্কাস সিকদার। বর্তমানে তিনি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন।
মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার বলেন, “ইনশাআল্লাহ, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। জনগণের আগ্রহকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব। তবে সাধারণ মানুষ চাঁদাবাজ, মাদকসেবী বা সন্ত্রাসীকে মেয়র হিসেবে চাচ্ছে না।”
পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করবেন বলে জানিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন