ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি


মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বলিউডের পরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। বেশ অনেক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। কিন্তু নোরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বোনো তার কাছে কেবল একজন ‘খুব ভালো বন্ধু’ হিসেবে আছেন।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’তে অতিথি হয়ে হাজির হয়ে নোরা ফাতেহির কাছে যখন বোনোর সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি হাসিমুখে উত্তর দেন, হ্যাঁ, ও আমার বন্ধু। একই সঙ্গে তিনি বলার সুযোগ পেয়ে বোনোর প্রশংসাও করেন। তিনি জানান, সে অসাধারণ একজন ব্যক্তি এবং বিশ্বের সেরা গোলকিপারদের মধ্যে একজন। এছাড়া, নোরা আরো জোর দিয়ে বলেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রয়েছে।

নোরা যখন সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন, তখন তাকে কিছুটা লাজুক ভাবে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করেন, নোরা ও বোনো একসঙ্গে সত্যিই দারুণ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা বিব্রত হলেও তিনি জানান, দীর্ঘ সময় ধরেই বোনোকে চেনেন। তিনি আরো বলেন, কয়েক মাস আগে তাদের মধ্যে আবার একবার যোগাযোগ শুরু হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় সরকারি বাসা নেওয়া চাকরিজীবীদেরকে কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

মরক্কোর কাসাব্লাংকায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবরের পর থেকেই প্রেমের গুঞ্জন প্রকাশ পায়। তবে এ বিষয়ে এতদিন নোরা কিংবা বোনো কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় দলের গোলকিপার হিসেবে খেলেন। তিনি পেনাল্টি ঠেকানোর দক্ষতায় বিশ্ব ফুটবলে ব্যাপক প্রশংসিত।

এদিকে, সম্প্রতি মরক্কোর গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছে, তবে এ বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির একমাত্র পুত্রসন্তান ইশাক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যান্ত্রিক ত্রুটি

সিলেট থেকে ২২ ঘণ্টা পর জেদ্দা গেল বিমানের ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ এম


সিলেট থেকে ২২ ঘণ্টা পর জেদ্দা গেল বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে একটি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছেড়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে বোয়িং ৭৭৭ মডেলের (ফ্লাইট বিজি-২৩৫) বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সেখান থেকে আরো যাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার পথে যাত্রা করে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায় ফ্লাইটটি। তবে রানওয়েতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট বিমানটি ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনেন।

এরপর থেকে ওসমানী বিমানবন্দরেই ত্রুটিযুক্ত বিমানটির মেরামতের কাজ চলছিল। সিলেট ও ঢাকা থেকে আসা প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর বিমানটি চলাচলের উপযোগী হয়।

এদিকে, দীর্ঘ ২২ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকায় ফ্লাইটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের বড় একটি অংশই ছিলেন ওমরাহযাত্রী।

সোমবার রাতে আটকে পড়া যাত্রীদের নগরীর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি নিরসন হওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশে সিলেট ত্যাগ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৩ এম


শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। এ আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। রাহুমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্র-জনতার রক্তস্নাত এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা তথা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষকে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সইতে হয়েছিল। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে স্বৈরাচারের নির্দেশে দেশে গড়ে তোলা হয়েছিল শত শত গোপন বন্দিশালা- ‘আয়নাঘর’। ‘আয়নাঘরের’ অন্ধকার প্রকোষ্ঠে এক সীমাহীন অনিশ্চয়তায় মাসের পর মাস, বছরের পর বছর অগণিত মানুষকে আটকে রাখা হয়েছিল। অনেককে চিরতরে গুম করে ফেলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ এমন অনেক নেতাকর্মীর আজও সন্ধান মেলেনি।

সরকার প্রধান বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলে ছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল; নির্বাচনকে পরিণত করা হয়েছিল প্রহসনে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারকেই স্বাভাবিক কর্মকাণ্ডে পরিণত করে ফেলা হয়েছিল। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তিতন্ত্র। তবে শেষ রক্ষা হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বীর ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালক, মুটে-মজুর, পোশাক শ্রমিক, হোটেল-রেস্তোরাকর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গৃহবধূ, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্ধান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী জনগণের বুকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত রেহাই পায়নি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের সাহসী প্রাণ শহীদ আবু সাঈদের চিতানো বুক, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম কিংবা ঢাকার শহীদ মুগ্ধসহ আমাদের অসংখ্য সাহসী সন্তান হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের সাহসী প্রেরণা। শুধুমাত্র জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। শত শত মানুষ হাত-পা ও শরীরের অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন; অনেকই আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি বলেন, হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি। গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট গণভবন ছেড়ে পালিয়েছে। জাতীয় সংসদ ছেড়ে কথিত সংসদ সদস্যরা পালিয়েছে। আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে। মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। ফ্যাসিবাদের দোসররা আত্মগোপনে চলে গেছে। ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক নজিরবিহীন ঘটনা।

সরকার প্রধান বলেন, ১৯৭১ থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি বাঁকে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সব শহীদকে স্মরণ করছি। দেশ ও জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। প্রতিটি শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এখন শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের মধ্যে নানা ইস্যুতে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্ন চিন্তা, ভিন্নমত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না, কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এইসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

সবশেষে বাণীতে তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ কখনও ভোলেনি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনও ভুলবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ এম


জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বিবৃততে তিনি এ কথা বলেন।

বিবৃততে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। এ সময়ে বহু মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। শিক্ষা ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও আন্দোলন থেমে থাকেনি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছিল। আন্দোলন দমনে শত শত তরুণকে হত্যা করা হয়। এমনকি বাড়ির বারান্দা ও ছাদে থাকা শিশুরাও রক্ষা পায়নি। তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়।

বিবৃততে ফখরুল ইসলাম আরও বলেন, পরবর্তীতে জাতিসংঘের তদন্ত এবং দেশের ট্রাইব্যুনালে তৎকালীন সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার শেষে রায় কার্যকর হয়েছে।

বর্তমান সরকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ, কোটি মানুষের স্বপ্ন, মেধা ও পরিশ্রমকে শক্তি করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে আইনের শাসন, গণতন্ত্র এবং মানুষের মর্যাদা নিশ্চিত হবে।

সবশেষে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই ৫ আগস্টের সবচেয়ে বড় শক্তি এবং এটাই আমাদের অঙ্গীকার。

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে ফিরেই ইতিহাসের দোরগোড়ায় স্টার্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ এম


বাংলাদেশের বিপক্ষে ফিরেই ইতিহাসের দোরগোড়ায় স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মাঠে ফেরার সঙ্গে সঙ্গে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ডারউইনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে যদি তিনি মাত্র একটি উইকেট পান, তবে ভারতের কিংবদন্তি কপিল দেবকে স্পর্শ করবেন। আর যদি সাতটি উইকেট শিকার করতে পারেন, তবে তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক গতি তারকা ডেল স্টেইনকে ছাড়িয়ে যাবেন। এতে ৩৬ বছর বয়সী এই অজি তারকা টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী পেসারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসবেন।

আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরছেন স্টার্ক। ১০৫ টেস্টে তার উইকেটের সংখ্যা ৪৩৩। অস্ট্রেলিয়া নতুন মৌসুম শুরু করছে পূর্ণশক্তির দল নিয়ে, যেখানে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের সঙ্গে আক্রমণের নেতৃত্বে রয়েছেন স্টার্ক।

গত বছর দুর্দান্ত ছন্দে ছিলেন এই বাঁহাতি পেসার। ১৭.৩২ গড়ে ৫৫টি টেস্ট উইকেট নিয়ে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও তার ওপর বড় প্রত্যাশা রয়েছে।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন, বয়স নয়, মানসিকতার পরিবর্তনই তাকে আরও পরিণত করেছে। তিনি বলেন, "আমার মনে হয় আমি এখন খারাপ সময়গুলো দ্রুত পেছনে ফেলে এগিয়ে যেতে শিখেছি। আপনি যতটা ভালো ভাবেন, ততটা ভালো নন। আবার যতটা খারাপ মনে হয়, ততটাও নন।"

তিনি আরও জানিয়েছেন, "এখনও খারাপ বল করলে বিরক্ত হই। তবে আমাদের দলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক প্যাট কামিন্স সবসময় শেখান, যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে লাভ নেই। সামনে কীভাবে ভালো করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।"

স্টার্কের মতে, তার দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার মূল রহস্য নিজেকে প্রতিনিয়ত বদলে নেওয়া। ওব্লিক সিম, ধারাবাহিক লাইন-লেন্থ এবং পরিষ্কার মানসিকতা এই তিনটি দিক তার বোলিংকে আরও কার্যকর করেছে।

রেকর্ডের খুব বেশি গুরুত্ব দিতে চান না বলেও জানিয়েছেন স্টার্ক। তিনি বলেন, "রেকর্ডের কথা উঠছে মানেই আমি অনেক দিন ধরে খেলছি। কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম শুনতে অবশ্যই ভালো লাগে। তবে মাঠে থাকাকালীন এসব নিয়ে বেশি ভাবতে চাই না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই।"

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই যদি স্টেইনকে ছাড়িয়ে যেতে পারেন, তবে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের শীর্ষ দশে জায়গা করে নেবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%