০৯:৫৩ এম
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মাঠে ফেরার সঙ্গে সঙ্গে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ডারউইনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে যদি তিনি মাত্র একটি উইকেট পান, তবে ভারতের কিংবদন্তি কপিল দেবকে স্পর্শ করবেন। আর যদি সাতটি উইকেট শিকার করতে পারেন, তবে তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক গতি তারকা ডেল স্টেইনকে ছাড়িয়ে যাবেন। এতে ৩৬ বছর বয়সী এই অজি তারকা টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী পেসারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসবেন।
আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরছেন স্টার্ক। ১০৫ টেস্টে তার উইকেটের সংখ্যা ৪৩৩। অস্ট্রেলিয়া নতুন মৌসুম শুরু করছে পূর্ণশক্তির দল নিয়ে, যেখানে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের সঙ্গে আক্রমণের নেতৃত্বে রয়েছেন স্টার্ক।
গত বছর দুর্দান্ত ছন্দে ছিলেন এই বাঁহাতি পেসার। ১৭.৩২ গড়ে ৫৫টি টেস্ট উইকেট নিয়ে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও তার ওপর বড় প্রত্যাশা রয়েছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা মানা খুবই জরুরি
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানিয়েছেন, বয়স নয়, মানসিকতার পরিবর্তনই তাকে আরও পরিণত করেছে। তিনি বলেন, "আমার মনে হয় আমি এখন খারাপ সময়গুলো দ্রুত পেছনে ফেলে এগিয়ে যেতে শিখেছি। আপনি যতটা ভালো ভাবেন, ততটা ভালো নন। আবার যতটা খারাপ মনে হয়, ততটাও নন।"
তিনি আরও জানিয়েছেন, "এখনও খারাপ বল করলে বিরক্ত হই। তবে আমাদের দলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক প্যাট কামিন্স সবসময় শেখান, যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে লাভ নেই। সামনে কীভাবে ভালো করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।"
স্টার্কের মতে, তার দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার মূল রহস্য নিজেকে প্রতিনিয়ত বদলে নেওয়া। ওব্লিক সিম, ধারাবাহিক লাইন-লেন্থ এবং পরিষ্কার মানসিকতা এই তিনটি দিক তার বোলিংকে আরও কার্যকর করেছে।
রেকর্ডের খুব বেশি গুরুত্ব দিতে চান না বলেও জানিয়েছেন স্টার্ক। তিনি বলেন, "রেকর্ডের কথা উঠছে মানেই আমি অনেক দিন ধরে খেলছি। কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম শুনতে অবশ্যই ভালো লাগে। তবে মাঠে থাকাকালীন এসব নিয়ে বেশি ভাবতে চাই না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই।"
আরও পড়ুন: মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ৬ জনকে ধরলেন
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই যদি স্টেইনকে ছাড়িয়ে যেতে পারেন, তবে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের শীর্ষ দশে জায়গা করে নেবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন