০৩:১৩ পি.এম
নওগাঁর রাণীনগরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে ডাকাতির চেষ্টা চালানোর সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের তাড়া খেয়ে অপর দুটি মোটরসাইকেলে থাকা পাঁচ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের ‘গোনা মোড়’ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মন্ডল (২২) এবং রাব্বি হাসান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একজন লোক, যার নাম মাহবুব, মোটরসাইকেল নিয়ে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনি গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৮ জনের একটি ডাকাতদল তাকে ধাওয়া করে। বিপদ টের পেয়ে মাহবুবের পেছনে থাকা আরোহী চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ও টহল পুলিশ দেখা মাত্রই এগিয়ে আসে।
অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ তাদের পিছু নেয়। এরপর উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে এক মোটরসাইকেলে থাকা তিন ডাকাতকে জনতা ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়। তবে বাকি দুই মোটরসাইকেলে থাকা পাঁচ ডাকাত পালিয়ে যায়।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত মোটরসাইকেলটি ছিনতাই বা ডাকাতি করার উদ্দেশ্যে মাহবুবকে ধাওয়া করেছিল। সময়মতো জনতা ও পুলিশ এগিয়ে না এলে তারা চালককে মারধর করে গাড়িটি নিয়ে চম্পট দিত। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া চলছে। একই সাথে পালিয়ে যাওয়া বাকি ৫ ডাকাতকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন