০৭:২৬ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্যকে বিনষ্ট করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে। যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার চেষ্টা করছে, তখন বিরোধী দলের একজন বা একাধিক নেতা রাজনৈতিক শিষ্টাচার থেকে বাহিরে থাকা বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরার অপচেষ্টা চালাচ্ছে।
এই অবস্থা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্স এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।
আরও পড়ুন: কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, গঠন করা হলো তদন্ত কমিটি
এ সময় প্রিন্স আরও বলেন, 'জনগণের নির্বাচিত সরকারকে যারা বারম্বার পতনের কথা বলেন, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে প্রবেশ করেছে। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনীতির নামে এ ধরনের আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।'
তিনি আরও যোগ করলেন, "যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তাহলে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রের সুযোগ পাবে।" তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন