জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৫:৩০ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চামটা ১৫ পল্লী মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক মানসিক প্রতিবন্ধী যুবককে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (২০ জুন) সকালে মন্দির এলাকায় প্রতিমার কিছু অংশ ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আঃ হাইয়ের ছেলে শফিউদ্দিন (৩৮) মানসিক ভারসাম্যহীন রোগীকে আটক করে। তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বালিয়াকান্দি বাজার ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিউদ্দিন নামে এ পাগল অনেকদিন যাবত বালিয়াকান্দি বাজার এলাকায় চলাফেরা করতেন। তবে সন্দেহভাজন হিসেবে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চামটা ১৫ পল্লী মহাশ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি বাজারের আশপাশ এলাকার লোকজনের অভিযোগ রয়েছে, তাকে মন্দিরের একটি সিমেন্টের পিলারের সঙ্গে বেঁধে লাকড়ি ও কলাগাছের ডাটা দিয়ে মারধর করা হয়।
এ ঘটনায় মন্দির কমিটির সাবেক সভাপতি ও শিক্ষক পলাশ কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মারধরের বিষয়টি দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রহমান তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ও বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে বর্তমানে শফিক উদ্দিন পাগলের অবস্থা আশঙ্কাজনক দেখে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৮-১০ মাস ধরে এ পাগল বাজার কেন্দ্রিক চলাফেরা করতেন ও তার পারিবারিক ও এলাকাবাসীর জানান সে ও তার পরিবারের কয়েকজনই মানসিক ভারসাম্যহীন রোগী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সুশীল সমাজের জনগণের জানিয়েছেন, একটা অরক্ষিত মন্দিরের প্রতিমা ভাঙচুর বিষয়কে কেন্দ্র করে এ ধরনের মানসিক ভারসাম্মহীন একজন মানুষকে এ ধরনের মারধর বিষয়টি তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনার সাথে জড়িতদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, ওই পাগলের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রবিবার (২১জুন) বিকালে উপজেলার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। তিনি বলেছেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। আমি বলব সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেছেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে লিওনেল মেসির সবচেয়ে বড় ভাস্কর্য। প্যাটাগোনিয়া অঞ্চলে নির্মিত এই ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার এবং এর ওজন ৭০ টন।
এই খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। আর্জেন্টিনার আলজেরিয়া ম্যাচের পূর্বে বিশ্বকাপে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।
জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে অবস্থিত এই ভাস্কর্যটি একটি বিশেষভাবে নির্মিত স্থানে বসানো হয়েছে। এর ভিতরের অংশটি তৈরি করা হয়েছে ইস্পাত দিয়ে, এবং বাইরের দিকে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যটিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে সজ্জিত অবস্থায় প্রদর্শন করা হয়েছে, এবং এর সামনের দিকে রয়েছে বিশ্বকাপ ট্রফি, সঙ্গে বুকে জ্বলজ্বল করছে তিনটি সোনালি তারা।
ভাস্কর্যটি নির্মিত করেছেন অ্যালদো বেরোইসা নামক এক ভাস্কর। তিনি কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একটি দলের সঙ্গে অসাধারণ পরিশ্রম করেছেন। অ্যালদোর ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করে শেষ মুহূর্তের খুঁটিনাটি সম্পন্ন করেছেন।
ভাস্কর্যটি মূলত এত বিশাল আকারের হওয়ার কথা ছিল না, শুরুতে কাট্রাল কোর ক্রীড়া সচিব অ্যালদোকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অ্যালদো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য বানানোর প্রস্তাব দেন।
গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। কিন্তু প্রবল বাতাসের কারণে কাঠামোর স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ এটি সরিয়ে ফেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সকাল বেলার সময় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় মো. আইয়ুব (৪৫) নামে ওই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আইয়ুব রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি বাঘাইছড়িতে তার ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় একটি অস্ত্রধারী গোষ্ঠীর দ্বারা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আইয়ুব।
হত্যাকাণ্ডের পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বাঘাইছড়ির দূরছড়ি এলাকায় শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব হত্যার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইয়ুবকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনায় নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করার বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করার ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া নিজের এবং অন্য এক সংসদ সদস্যের বিতর্কিত মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন তিনি।
রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে স্পিকার এ ঘোষণা দেন।
দিনের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যা সম্পূর্ণ অসত্য। উনার পিতা এখনো জীবিত আছেন।
এই অসত্য বিবৃতিটি ইতোমধ্যেই সংসদীয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি এটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার না হলেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সদস্য (আব্দুল মুনতাকিম) সেদিনই আমার চেম্বারে এসে জানিয়েছেন যে, ভুলবশত তার মুখ থেকে এটি বেরিয়ে এসেছে।
উনার পিতা জীবিত আছেন এবং তিনি নিজেও তার ভুল স্বীকার করেছেন। এটি একটি অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’। সুতরাং, এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।’
মামুনুল হককে নিয়ে করা মন্তব্যও এক্সপাঞ্জ
এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া নিজের একটি বক্তব্য ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের করা মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন স্পিকার।
গত বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন।
সে সময় স্পিকার নিজেও মন্তব্য করেছিলেন যে, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না।’
রবিবার কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের অনুরোধে স্পিকার এসব বক্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দেন।
স্পিকার বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাক সাহেবের সেই বক্তব্য এক্সপাঞ্জ করা হলো। একইসঙ্গে আমার দেওয়া ‘কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায়’ সম্পর্কিত অংশটিও এক্সপাঞ্জ করা হলো।’
সংসদ সদস্যদের সতর্ক করে স্পিকার আরো বলেন, ‘বাজেট বক্তৃতা বা অন্য যেকোনো আলোচনায় আপনারা খেয়াল রাখবেন– যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (রক্ষা) করা সম্ভব নয়, তার বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আমি আশা করি সবাই এ বিষয়ে সচেতন থাকবেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ