০১:০৯ এম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে হাসপাতাল আঙিনায় একটি ক্লিনিক স্থাপন, ৪৩ লক্ষাধিক টাকা আত্মসাৎ, এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 'দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ' নামের একটি সংগঠন রবিবার (৫ জুলাই) সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনের আয়োজন করে। তাতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নিয়ে ডাঃ কামাল হোসেন মুফতির অপসারণের দাবি করেন। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র বিতরণ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের এমএসআর (রোগীদের ওষুধপত্র) ক্রয়ের জন্য বরাদ্দ ৪৩ লক্ষাধিক টাকা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে।
অতিরিক্ত অভিযোগ হিসেবে বলা হয়েছে, হাসপাতাল থেকে রোগী অন্যত্র নিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান করা, সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা, অবৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদান করে আর্থিক সুবিধা গ্রহণ, এবং ব্যক্তিগত ক্লিনিকে রোগী স্থানান্তরের বিষয়গুলোও উত্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে শক্তি দিয়ে বিল-ভাউচারে স্বাক্ষর নেওয়া, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম করা, এবং ঘন ঘন স্টোরকিপার ও হেড ক্লার্ক পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। অভিযোগপত্রে হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট তৈরির বিষয়টি তদন্তের দাবি করা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা সংক্রান্ত নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের করার দাবি উঠেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ বশির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: শহিদুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।'
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন