ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় লারাক দ্বীপে মার্কিন সশস্ত্র বাহিনীর হামলার কিছু ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

সোমবার (৩১ আগস্ট) ভোরে, দেশটির বিভিন্ন কৌশলগত স্থান থেকে আন্তর্জাতিক জলসীমা ও আঞ্চলিক লক্ষ্যবস্তুতে একযোগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এবং রয়টার্স ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে এই বিধ্বংসী আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে, দেশটির সরকারি বার্তা সংস্থা প্রেস টিভি জানায়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌযানগুলোকে নিশানা বানিয়ে এই পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সংবাদ চ্যানেলগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিরিকে একাধিক বিকট বিস্ফোরণের খবর প্রচার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রণালিতে ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের পাল্টা প্রতিক্রিয়ার সঙ্গে এসব বিকট শব্দের সরাসরি সম্পর্ক রয়েছে।

মার্কিন অভিযানের কঠোর জবাব নিশ্চিত করে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আরেকবার আমাদের প্রতিরোধ আর দৃঢ়তা পরীক্ষা করতে আসবেন না, এতে আরও চড়া মাশুল গুনতে হবে। আমাদের ধ্বংসাত্মক জবাব কিন্তু আসছেই, এখন কেবল দৌড়ান!” তিনি সতর্ক করে আরও জানান, নতুন অপরাধের জন্য আমেরিকা ও তার সহযোগীদের এমন শিক্ষণীয় সাজা দেওয়া হবে যা তাদের চূড়ান্ত পরাজয়ের রাস্তা ত্বরান্বিত করবে।

এর আগে, রোববার (৩০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পয়েন্ট লক্ষ্য করে ঝটিকা বিমান হামলা চালায়। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানায়, লারাক দ্বীপে জাহাজবিধ্বংসী ও মাইনবাহী রকেট প্রস্তুত রাখা হয়েছিল বলেই ওয়াশিংটন ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে, যা জুলাই মাসের পর প্রথমবারের মতো ঘটল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওই মার্কিন ড্রোন হামলায় তাদের বেশ কয়েকজন সেনা সদস্য এবং সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে নিহতের ঘটনা নিশ্চিত করে সর্বাত্মক বদলা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রচেষ্টায় জুনে দুই পক্ষ একটি সাময়িক সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল, তবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচলের বিবাদ কেন্দ্র করে জুলাই থেকে যুক্তরাষ্ট্র পুনরায় পূর্ণমাত্রায় নৌ-অবরোধ ও ক্ষেপণাস্ত্র আক্রমণ অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
লা লিগা

৪ গোলে জিতে তিনে তিন রিয়ালের, তবু খুশি নন বেলিংহাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ এম


৪ গোলে জিতে তিনে তিন রিয়ালের, তবু খুশি নন বেলিংহাম

লা লিগার এই মৌসুমে নবাগত মালাগাকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। জোসে মরিনহোর দল ৪-০ গোলে জয়লাভ করেছে।

 

টানা তিনটি জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি নিজেদের দখলে রেখেছে রিয়াল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন জুড বেলিংহাম। তবে এই দাপুটে জয়ের পরেও পুরোপুরি সন্তুষ্ট নন এই তারকা মিডফিল্ডার।

ম্যাচ শেষে বেলিংহাম মন্তব্য করেন, ‘প্রথমার্ধটা দুর্দান্ত ছিল।

 

কিন্তু শেষ ২০ মিনিট ছিল ভয়াবহ। কেন এমন হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারছি না।’

তবে রিয়ালের নতুন কোচ মরিনহোর অধীনে ফুটবল খেলার অভিজ্ঞতা উপভোগ করছেন বেলিংহাম। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইংলিশ তারকা বলেন, ‘আমি খুব খুশি।

 

আমি আমার ফুটবল উপভোগ করছি এবং যে স্বাধীনতা আমাকে দেওয়া হচ্ছে, সেটি কাজে লাগিয়ে ভালো খেলছি।’

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতে ম্যাচের শুরু থেকেই মালাগার ওপর চড়াও হয় রিয়াল। ১৯ মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করে দলের জন্য এগিয়ে দেন বেলিংহাম।

এরপর তার হেড থেকে আসা বল মালাগার গোলকিপার আলফোনসো হেরেরোর গায়ে লেগে জালে ঢুকে যায়। গোলটি শেষ পর্যন্ত আত্মঘাতী হিসেবে গণ্য হয়।

 

৩০ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পে রিয়ালের লিড বাড়িয়ে ৩-০ করেন।

প্রথমার্ধে রিয়ালের দাপট ছিল স্পষ্ট। তারা ৬০ শতাংশের বেশি বলের দখল রেখে চারটি শট লক্ষ্যে রেখেছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। মালাগাও নিজেদের রক্ষণ শক্তিশালী করে কয়েকটি সুযোগ তৈরি করে। যোগ করা সময়ে আর্দা গুলের রিয়ালের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে; প্রতিপক্ষ রিয়াল বেতিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ এম


জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে জামায়াতে ইসলামী পুলিশি নিরাপত্তার মধ্যে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে।

গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগটি প্রকাশ করেন।

 

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলাকালীন মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর তারা হুমকি দিচ্ছে যে পরবর্তীতে নাকি ভিতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে!’

তিনি আরও লিখেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভিতরে ঢুকেছিলো? আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের মধ্যে একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিলো? আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে! কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রটেকশনে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি!’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়- জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার বাতাসের খবর কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ এম


বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার বাতাসের খবর কী?

জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের নানা শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, ৩৯০ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

 

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হচ্ছে। অন্যদিকে, বায়ুমান স্কোর ৭৯ নিয়ে তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

সোমবার (৩১ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

 

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মালয়েশিয়ার কুচিং শহরের পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ুমান স্কোর ২৪০। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এরপর কুয়েতের কুয়েতসিটি, কাতারের দোহা, বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা এবং ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর জাকার্তা দূষণের দিক থেকে শীর্ষে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়।

 

যদি স্কোর ৫১ থেকে ১০০ হয়, তবে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী-সন্তান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ এম


বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী-সন্তান নিখোঁজ

ভারতের রাজধানী দিল্লিতে একটি বাসার বাথরুম থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার প্রেক্ষিতে তার স্বামী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দিল্লির শাহাবাদ এলাকার একটি বাসার বাথরুমে সাবিলা খাতুন (২২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে সাবিলার স্বামী লালবাবু এবং তাদের শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটি এনডিটিভির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিহত সাবিলার ভাই মোহাম্মদ গুলাব পুলিশকে জানিয়েছেন, প্রায় দুই বছর আগে লালবাবুর সঙ্গে সাবিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দিল্লির প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে বসবাস করে আসছিলেন।

গুলাব আরও জানান, তিনি যখন বোনের বাসায় যান, তখন তাকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসায় তার দুলাভাই লালবাবু বা বোনের শিশু সন্তান কাউকেই পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় শাহাবাদ ডেইরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সাবিলার মৃত্যুর কারণ তদন্ত করছে এবং তার স্বামী ও নিখোঁজ শিশুকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%