১১:১৬ পি.এম
ঢাকায় শাহজাহানপুরের গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ স্বপ্না খাতুনকে (২৫) গলাটিপে হত্যার অভিযোগে তার স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাতে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল বিষয়টি নিশ্চিত করেন। এই নির্মম ঘটনার শিকার স্বপ্নার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।
জানা গেছে, চলতি মাসেই গুলবাগের বাসায় ভাড়া উঠেছিলেন তারা। আশপাশের ফ্ল্যাটের লোকজনের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে। শনিবার রাত এবং রোববার সকালে তাদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়েছিল। পরে এক পর্যায়ে স্বামী রুবেল তার স্ত্রীকে গলা টিপে ধরলে সেখানেই স্বপ্নার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
এসআই জানান, গুলবাগের ৩৩৪ নম্বর বাসার নিচতলার একটি কক্ষে স্বামী রুবেল মিয়া ও স্ত্রী স্বপ্না খাতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শনিবার রাত ১০টার দিকে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার রাতের ঝগড়ার জের ধরে রোববার সকাল সাড়ে ৭ টার দিকে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্না খাতুনের গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে স্বপ্নার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, এই ঘটনায় স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত স্বপ্না পেশায় গৃহকর্মী ছিলেন এবং তার স্বামী মাদক সেবন করতেন। শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন