০৪:০৪ পি.এম
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব জোরদার করার এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
এই বৈঠকটি সোমবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় সরকার মন্ত্রীর অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
মন্ত্রী ড. আবদুল মঈন খান বৈঠকে জানান, ‘আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর এবং শক্তিশালী করতে কাজ করছে সরকার। পরিবেশ সুরক্ষা ও আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।’
তিনি আরো উল্লেখ করেন, পানি ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় প্রকল্পগুলোকে আরো গতিশীল এবং টেকসই করতে সাহায্য করবে। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশে এ খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, আলোচনা চলাকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী নিজেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করেছেন যে, দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থানীয় সরকার ও অবকাঠামোগত উন্নয়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন