ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লির তরুণী স্পিনার মেধাবীর ‘৬৭’ সেলিব্রেশনেই মাতল নেটদুনিয়া


দিল্লির তরুণী স্পিনার মেধাবীর ‘৬৭’ সেলিব্রেশনেই মাতল নেটদুনিয়া

দিল্লি প্রিমিয়ার লিগের মহিলা ক্রিকেটের ২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচেই নজর কেড়ে নেন তরুণ লেগ-স্পিনার মেধাবী বিধুরী। অরুণ জেটলি স্টেডিয়ামে সাউথ দিল্লি সুপারস্টার্জের বিরুদ্ধে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলতে নেমে এই ডান হাতি লেগ-স্পিনার ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

আজকালের প্রতিবেদনে বলা হয়, বোলিংয়ের পাশাপাশি ম্যাচের পর সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তাঁর অভিনব সেলিব্রেশন। ১৬ তম ওভারে নিশিকা সিংকে আউট করার পর সতীর্থ অরুশি গোয়েলের হাতে ক্যাচ নেওয়ার ঘটনাকে উদযাপন করতে মেধাবী হাতের ইশারায় ‘৬-৭’ দেখান। তাঁর জার্সি নম্বর ৬৭ হওয়ায় মুহূর্তেই সেই সেলিব্রেশন নজর কাড়ে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মুহূর্তে এই স্পিনারের এই উদযাপন ব্যাপক সাড়া ফেলে ক্রিকেট অঙ্গনেও। মেধাবী জানিয়েছেন, এই সেলিব্রেশনের পিছনে রয়েছে তাঁর ছোট বোনের পরামর্শ। তাঁর ছোট বোন, যিনি জেন-জি প্রজন্মের, মেধাবীকে ৬৭ নম্বর জার্সি পরার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় ‘৬-৭’ ইশারা করার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

ম্যাচে অবশ্য মেধাবীর পারফরম্যান্স সেন্ট্রাল দিল্লি কুইন্সকে জয় এনে দিতে পারেনি। সাউথ দিল্লি সুপারস্টার্জ ২০ ওভারে ১৫৬/৫ রান তোলে। মেধাবীর পাশাপাশি সুমিতি সোনি ২/১৩ বোলিং করে নজর কাড়েন। জবাবে সেন্ট্রাল দিল্লি কুইন্স নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় এবং ২৯ রানে ম্যাচ হারে।

২০ বছর বয়সি মেধাবী মূলত ডান হাতি লেগ-স্পিনার। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই খেলছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগেও এটাই তাঁর প্রথম মরশুম নয়। আগের সংস্করণেও তিনি সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়েই খেলেছিলেন।

উদ্বোধনী ম্যাচে দল হারলেও মেধাবীর ‘৬-৭’ সেলিব্রেশন তাঁকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের সঙ্গে অভিনব উদযাপনের মিশেলে নতুন মরশুমের শুরুতেই নিজের জন্য আলাদা পরিচয় তৈরি করেছেন এই তরুণ লেগ-স্পিনার।

আরও পড়ুন: নৌবাহিনীর সদস্যরা প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ভাগ হয়ে যাবে’: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ভাগ হয়ে যাবে’: জেলেনস্কি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার সময়ে ইউক্রেনে নির্বাচন আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী নির্বাচন আয়োজনের আহ্বান জানানোর পর রোববার প্রকাশিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক চাপের মুখে জেলেনস্কি নরওয়ের সঙ্গে নতুন একটি ড্রোন চুক্তিরও ঘোষণা দিয়েছেন। রাশিয়াকে হামলা বন্ধে চাপ দেওয়ার উপায় নিয়ে সোমবারের বৈঠকের আগে ইউরোপীয় নেতারা আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সামরিক আইন জারি থাকায় নির্বাচন স্থগিত রেখেছে। রুশ হামলা মোকাবিলায় দেশটি মনোযোগ দেওয়ায় জনগণের বড় অংশ এখনও এই সিদ্ধান্তকে সমর্থন করে।

২০২২ সালে রুশ হামলা শুরুর পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান পেয়ে আসছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই মস্কো প্রতিদিন ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘এ ধরনের যুদ্ধে নির্বাচন আয়োজন করাটা অত্যন্ত বড় ঝুঁকি বলে আমি মনে করি। এখন নির্বাচন ইউক্রেনের জন্য সুনামির মতো হবে, যা দেশটিকে বিভক্ত করে দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি দেশটিকে ধ্বংস করতে চাই, তাহলে এই যুদ্ধের সময়ে নির্বাচন আয়োজনের পথে এগোতে পারি।’

শনিবার এএফপিসহ সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

-নির্বাচন আয়োজনের বাধা-

জেলেনস্কি জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার পর চলতি গ্রীষ্মে কিয়েভে রাজনৈতিক সংকট দেখা দেয়।

হাজার হাজার মানুষ তার পুনর্বহালের দাবিতে রাস্তায় নামে। এ সময় ফেদোরভ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন।

এই বিরোধের জেরে জেলেনস্কিকে সেনাবাহিনীর সর্বাধিনায়ককে বরখাস্ত করতে হয়। এরপর কয়েক দিন আগে বরখাস্ত হওয়া ফেদোরভ নির্বাচন আয়োজনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে বিস্ময় সৃষ্টি করেন।

তিনি সরাসরি জেলেনস্কির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেননি। তবে তার এই আকস্মিক উদ্যোগে এমনকি তার কিছু সমর্থকও দূরত্ব তৈরি করেন।

বিশেষজ্ঞরা নির্বাচন আয়োজনের পথে নানা বাধার কথা বলেছেন।

এর মধ্যে রয়েছে সেনাসদস্য, লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী এবং রুশ দখলকৃত এলাকার বাসিন্দারা কীভাবে ভোট দেবেন, তা নির্ধারণ করা। এর পাশাপাশি রাশিয়ার হস্তক্ষেপ ও শারীরিক হামলার আশঙ্কাও রয়েছে।

একটি জনমত জরিপে দেখা গেছে, মাত্র ১৫ শতাংশ ইউক্রেনীয় মনে করেন, যুদ্ধ শেষ হওয়ার আগে নির্বাচন হওয়া উচিত।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের ভেতরে জেলেনস্কির সমালোচনা বাড়লেও তিনি এখনও ব্যাপকভাবে জনপ্রিয়।

ফেদোরভের দল রোববার এএফপিকে নিশ্চিত করেছে, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এই সফরের ফলে তিনি জেলেনস্কির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী ড্রোন যুদ্ধের কৌশলের অন্যতম প্রধান সমর্থক ছিলেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে এই কৌশল এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সেনাবাহিনীতে সংস্কারের পক্ষেও ছিলেন। এতে তিনি জনসমর্থন পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় জোড়া খুনের পেছনে কী কারণ, জানালো র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


খুলনায় জোড়া খুনের পেছনে কী কারণ, জানালো র‍্যাব

খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার আশিবিঘা বালুর মাঠে আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

র‍্যাব জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণতার ফল। শুক্রবার (২০ আগস্ট) গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি এবং তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। পরে সাগর আহমেদকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শটগান, শটগানের গুলি, পিস্তল ও চাপাতিসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার র‍্যাব-৬-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নিস্তার আহমেদ এসব তথ্য জানান। তিনি জানান, খুলনার টুটপাড়া, হরিণটানা ও লবণচরা এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শীর্ষ দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সাইফি গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে কাজ করতেন। অন্যদিকে রফিক নগরীর অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ-রোহন বাহিনীর হয়ে ওই এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন।

র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট বিকেলে চুল কাটার পর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন নাজমুল। এসময় রফিক বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে ভিডিও কলের মাধ্যমে রেখে তাকে কুপিয়ে আহত করা হয়। এর প্রতিশোধ নিতে সাইফি এবং তার দলের ১৫ থেকে ১৬ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে হরিণটানার আশিবিঘা এলাকায় যায়। সেখানকার প্রতিপক্ষের সদস্য মনজুরুলকে সামনে পেয়ে তার বাবার সামনেই গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

নিস্তার আহমেদ বলেন, সন্ধ্যায় মনজুরুলকে হত্যার পর রাত সাড়ে ৮টার দিকে নাজমুলকেও হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ আশিবিঘা এলাকায় ফেলে রাখা হয়। একই দিনে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার সাইফির দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার সাইফি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী কাউয়া মিরাজের নির্দেশনায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এমতাবস্থায়, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এছাড়া, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। পাশাপাশি, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এছাড়া, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এই মামলায় ১৪ জুলাইয়ের সেই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু ঘটে। আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রত্যক্ষভাবে জানানো হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে, এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিতভাবে জানায় যে, হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু হয়েছে মোট ৮৩৯ শিশুর। আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। অর্থাৎ এই সময়সীমায় হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৩৮ শিশু মারা গেছে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৮৩ শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯। এই সময়ে ১ হাজার ৫৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং অসুস্থ শিশুদের মধ্যে ৯৪৬ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%