ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কোন বোলারের বল খেলতে ‘ভয় লাগছে’ জানালেন সূর্যবংশী


কোন বোলারের বল খেলতে ‘ভয় লাগছে’ জানালেন সূর্যবংশী

 

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পর থেকেই ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০২৫ সালের এপ্রিলে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল অভিষেকের পর থেকেই তিনি নজর কেড়েছেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক হয়ে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতার পাশাপাশি আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন বৈভব। এরপর থেকেই জাতীয় দলে তাকে নেওয়ার জোর দাবি উঠতে শুরু করে। এই তুমুল আলোচনার মাঝে রাজস্থান রয়্যালসের করা তার একটি পুরনো সাক্ষাৎকার আবারও স্পটলাইটে এসেছে।

আরও পড়ুন: মেসি পাচ্ছেন স্পেনের রাজকীয় সম্মাননা

আইপিএল শেষে দলের সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ দুই সদস্যের এক যৌথ সাক্ষাৎকারের আয়োজন করেছিল রাজস্থান কর্তৃপক্ষ। যেখানে বৈভব সূর্যবংশীর সঙ্গে মুখোমুখি বসেছিলেন রবীন্দ্র জাদেজা। দুজনকেই একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল—এমন কোনো বোলার আছেন, যাকে সামলাতে ভয় পান বা মুখোমুখি হতে চান না?

প্রশ্ন শুনে শুধুমাত্র ১৪ বছর বয়সী (তৎকালীন) বৈভবের ঝটপট উত্তর ছিল, ‘এখনো তেমন কেউ নেই!’ পরক্ষণেই তিনি স্পষ্ট করে বলেন, ‘আইপিএলের কথা বলছেন? সত্যি বলতে, তেমন কোনো বোলারকে এখনো পাইনি।’ একই প্রশ্নের জবাবে জাদেজা হাসতে হাসতে বলেছেন, ‘জোফরা আর্চার! ভাগ্য ভালো যে ও আমাদের দলেই খেলে।’

পুরো টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুয়াহাটির লড়াইটিকে বেছে নিয়েছেন বৈভব। তার ভাষ্য, ‘গতবার বেঙ্গালুরুর কাছে দুটো ম্যাচেই হেরেছিলাম আমরা। তাই এবার ওই ম্যাচটা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম সবাই। ওটাই আমার চোখে সেরা।’

আইপিএলে কোনো বোলারকে সমীহ না করলেও সাম্প্রতিক ইংল্যান্ড সফরে সতীর্থ জোফরা আর্চারের পেস অগ্নিপরীক্ষায় পড়তে হয়েছে বৈভবকে। ডার্ক চেরি হাতে আর্চারের তোপ সামলাতে তিনি রীতিমতো হিমশিম খেয়েছেন। তিন টি-টোয়েন্টির সিরিজে বৈভবের ব্যাট থেকে যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান আসে। এর মধ্যে প্রথম দুই ম্যাচেই তাকে প্যাভিলিয়নের পথ দেখান সেই আর্চারই।

আরও পড়ুন: আর্জেন্টিনাতেই থাকছেন স্কালোনি, সমঝোতা চূড়ান্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়াইগ্রামের বনপাড়া জাহেদা হাসপাতালকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ, ভিত্তিহীন দাবি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বড়াইগ্রামের বনপাড়া জাহেদা হাসপাতালকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ, ভিত্তিহীন দাবি কর্তৃপক্ষের

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত জাহেদা হাসপাতাল এবং ডা. মো. জাহেদুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলো হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

হাসপাতাল সূত্রে ইতোমধ্যে জানা যায়, গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার মোছাম্মদ আনোয়ারা (৬০) গত ৩ জুন ২০২৬ তারিখে পা ভাঙার চিকিৎসার জন্য জাহিদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং শারীরিক অবস্থা সন্তোষজনক বলতে গেলে ৭ জুন তাকে ছাড়পত্র দেওয়া হয়।

কর্তৃপক্ষের দাবি, রোগী ও স্বজনদের ছাড়পত্রের সময় নিয়মিত ড্রেসিং ও ফলো-আপের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে রোগী অন্যত্র ড্রেসিং করান। এরপর সংশ্লিষ্ট ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল এবং অস্ত্রোপচারকে দায়ী করে প্রচারণা চালানো হয়।

ডা. মো. জাহেদুল ইসলাম মন্তব্য করেন, "চিকিৎসা-পরবর্তী সংক্রমণের প্রকৃত কারণ নির্ধারণে বিশেষজ্ঞ মতামত ও যথাযথ তদন্ত প্রয়োজন। এসব ছাড়া অস্ত্রোপচারকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়।"

রোগীর পক্ষ থেকে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত কোনো যন্ত্রাংশ ভেঙে হাড়ের মধ্যে অবস্থান করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। পায়ের ভাঙা অংশ স্থিতিশীল রাখতে রড বা ইমপ্ল্যান্ট ব্যবহার চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।"

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা যেকোনো নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে গ্রহণ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিরাপদ খাদ্যের ভয়াবহ চিত্র উন্মোচন: মাদারীপুরে বেকারিতে মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


অনিরাপদ খাদ্যের ভয়াবহ চিত্র উন্মোচন: মাদারীপুরে বেকারিতে মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা প্রশাসন, মাদারীপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত কুলপদ্দির সামিয়া বেকারি-তে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, আগাম তারিখযুক্ত পাউরুটি প্রস্তুত, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা না রাখা, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, মেঝেতে খাদ্যসামগ্রী সংরক্ষণ, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিরাপদ ও ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক বহনের সময় ২০ বোতল এসকাফ সিরাপসহ মো. রুবেল আলী (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৫টায় গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামস্থ চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৈপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের মো. রবিউল ইসলাম ও মোসা. জের বানুর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে একটি লাল রঙের ১৬০ সিসির TVS Apache RTR মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির সাইড কভারের ভেতর এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গা থেকে বিশেষ কায়দায় রাখা ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিকেল ৫:৩০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে সিরাপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিডিএমএস (CDMS) সার্চ করে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ- ২৯/০৭/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

পিরোজপুরের কাউখালীতে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অধিকাংশ প্রধান সড়কই এখন প্রায় চলাচলের অনুপযোগী।
বিশেষ করে উপজেলা শহরের ডাকবাংলা সড়ক, টেম্পু স্ট্যান্ড সড়ক, উপজেলা পরিষদ সড়ক এবং উজিয়ালখান বেইলি ব্রিজ সংলগ্ন সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এসব সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, অটোরিকশা, ট্রাক, মোটরসাইকেল এবং সরকারি বিভিন্ন দপ্তরের যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং বর্ষার পানিতে পিচ ঢালাই উঠে গর্তগুলো দিন দিন আরও বড় আকার ধারণ করছে। ইতোমধ্যে এসব সড়কে ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটেছে।
ভোগান্তির কথা জানিয়ে অটোরিকশা চালক মোঃ লিটন বলেন, "প্রতিদিন এই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় গর্তে চাকা পড়ে গাড়ির ক্ষতি হয়, আবার যাত্রীরাও ঝুঁকিতে থাকেন। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
পথচারী কামাল হোসেন ও স্থানীয় স্কুল ছাত্রী ফেরদৌসি জাহান জানান, হেঁটে চলাচল করাও এখন কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে, ফলে সড়ক ও গর্তের পার্থক্য বোঝা যায় না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও প্রবীণ নাগরিকরা।
যোগাযোগ করা হলে কাউখালী উপজেলা প্রকৌশলী শেখ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, "সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশের তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে। তবে আপাতত জনগণের ভোগান্তি কমাতে ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনদুর্ভোগ ও সড়ক পরিস্থিতির সার্বিক বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, "উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশায় সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন। স্থানীয় প্রকৌশল দপ্তরকে ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দের চিঠি পাঠানো হচ্ছে। আশা করছি খুব দ্রুতই আমরা সড়কগুলোর পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করতে পারব।
দ্রুততম সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কার করে স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী, চালক ও সাধারণ পথচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%