ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
শাপলা চত্বরের মামলা

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি


দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসন্ন ১০ দিনের মধ্যে তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনে রবিবার (৭ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশটি প্রদান করেছেন। গত ১৪ মে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানিটি অনুষ্ঠিত হয়েছিল প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনের মাধ্যমে। এই শুনানিতে আরও ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার।

আরও পড়ুন: অবকাশ শেষে ২৫ অক্টোবর খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আসামিপক্ষে আইনজীবী হিসাবে ছিলেন জেড আই খান পান্না ও আইনজীবী এবিএম হামিদুল মেজবাহ।

গতকাল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করা হলে, তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালটি। আগামী ১০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন প্রসিকিউটর আবসুদ সাত্তার।

২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চার জেলায় হত্যা সংক্রান্ত ৫৮ জনের তথ্য পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে। এই ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে গত ৫ মে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে নির্বিচার গুলি চালিয়ে শতাধিক কর্মীকে হত্যার কথা উল্লেখ করে ২০২৪ সালের ২৪ নভেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব আজিজুল হক। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লিখিত হয়েছে।

আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন

ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন আরও পাঁচ আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। গত বছর ১৪ মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। পরে গত ৫ এপ্রিল আবদুল জলিল মণ্ডলকে এ মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় জেলা যুবদল আনন্দ মিছিল করেছে।

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি শেষে কার্যালয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, শফিকুল ইসলাম লিপন, আহমেদ সেকুতর রব অনীক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতারা।

এসময় বক্তারা বলেন, যুবদল অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এই সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো ছাড়া পর্তুগাল কি সত্যিই শক্তিশালী?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রোনালদো ছাড়া পর্তুগাল কি সত্যিই শক্তিশালী?

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় আগে ২০০৩ সালের এক আগস্টে কাজাখস্তানের বিপক্ষে এক মলিন মাঠে বদলি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন ১৮ বছর বয়সী এক তরুণ। তখন হয়তো কেউ ভাবেনি, মেদেইরা থেকে আসা সেই ছেলেই একদিন বিশ্ব ফুটবলের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন। ২০২৬ সালে এসে সেই ক্রিস্টিয়ানোর বয়স এখন ৪১ বছর। তিনি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন, যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির। তিনি আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করেছেন, এবং এই মহাতারকা পর্তুগিজ ফুটবলের মানসিকতাই বদলে দিয়েছেন।

কিন্তু এবারের বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে পর্তুগালে একটি প্রশ্ন বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে, প্রশ্ন হলো, পর্তুগাল দল কি আসলে রোনালদোকে ছাড়াই বেশি কার্যকর? আর তিনি কি আসলেই দলে অটো-চয়েজ বা অপরিহার্য?

একটা সময় ছিল যখন পর্তুগালে রোনালদোর স্থান নিয়ে প্রশ্ন তোলাকে রাষ্ট্রদ্রোহের শামিল মনে করা হতো। তবে সময় বদলেছে। ১৯৬৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলা কিংবদন্তি আন্তোনিও সিমোয়েসের মতো সাবেক তারকারা এখন প্রকাশ্যে বলছেন যে, রোনালদো এখন আর দলের জন্য নয় বরং নিজে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকার জন্য খেলেন। দেশের ক্রীড়া বিশ্লেষকদের এক অংশ মনে করেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা একটি দলের শুরুর একাদশে থাকার মতো ফুটবলীয় ধার এখন আর রোনালদোর মধ্যে নেই। এই আলোচনার পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক কিছু পরিসংখ্যানও।

পর্তুগাল দলের কোচ রবের্তো মার্তিনেসের অধীনে দল যখন তাদের ইতিহাসের অন্যতম বড় দুটি জয় তুলে নেয় লুক্সেমবার্গের বিপক্ষে (৯-০) এবং আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের বিধ্বস্ত করার ম্যাচ; তখন দুটি ম্যাচেই মাঠের বাইরে ছিলেন রোনালদো। ফলে স্বভাবতই আলোচনা শুরু হয়েছে, তরুণ এবং গতিময় পর্তুগিজ মাঝমাঠ এবং আক্রমণভাগ রোনালদোর অনুপস্থিতিতে আরও বেশি স্বাধীন এবং ক্ষুরধার হয়ে ওঠে কি না।

অবশ্য এই সমালোচনার বিপরীতে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন খোদ কোচ রবের্তো মার্তিনেস এবং রোনালদোর সাবেক সতীর্থরা। মার্তিনেস এই বিতর্ককে স্রেফ গুরুত্বহীন আড্ডা হিসেবে উড়িয়ে দিয়ে রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে আঙুল তুলছেন। কোচের অধীনে শেষ ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন আল-নাসরের এই ফরোয়ার্ড। মার্তিনেসের সাফ কথা হলো, রোনালদো অতীতে কী করেছেন সেই যোগ্যতায় নয় বরং এখনো সর্বোচ্চ স্তরে পারফর্ম করছেন বলেই দলে আছেন। সাবেক সতীর্থদের মতে, ৪১ বছর বয়সে এসে রোনালদোর গতি হয়তো কিছুটা কমেছে, কিন্তু তার নিখুঁত টেকনিক, গোল করার সহজাত প্রবৃত্তি এবং মাঠে তরুণদের ওপর তার মানসিক প্রভাব এখনও প্রতিপক্ষের জন্য সমান বিপজ্জনক। ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল যখন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে, তখনও দলের মূল রণকৌশল যে তাকে ঘিরেই আবর্তিত হবে, তা বলাই বাহুল্য।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও রোনালদোর প্রভাব নিয়ে বিতর্ক কম নয়। কাতার বিশ্বকাপে তাকে বেঞ্চে বসানোর খেসারত দিতে হয়েছিল তৎকালীন কোচ ফেরনান্দো সান্তোসকে, হারাতে হয়েছিল চাকরি। এমনকি সম্প্রতি পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোর মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করায় স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে, যদিও ফেডারেশন তা জোরালোভাবে অস্বীকার করেছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনকা অবশ্য জানিয়েছেন, রোনালদো-পরবর্তী যুগের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত এবং তার বিদায়ের পর ফেডারেশনের আর্থিক বা কাঠামোগত কোনো ক্ষতি হবে না।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে রোনালদোর সামনে এখন দুটি বড় লক্ষ্য রয়েছে; ইউসেবিওর করা পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোলের রেকর্ড ভাঙা এবং দেশকে অধরা বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া। মাঠের ভেতরের এবং বাইরের সমস্ত আলোচনা ও সমালোচনাকে পেছনে ফেলে সিআরসেভেন তার শেষ বিশ্বকাপে সমালোচকদের পাণ্ডুলিপি বদলে দিতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কে হবেন এবারের বিশ্বকাপের তারকা ফুটবলার?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


কে হবেন এবারের বিশ্বকাপের তারকা ফুটবলার?

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী বৃহস্পতিবার (১১ জুন)। উত্তর আমেরিকার সবুজ গালিচায় পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন বর্তমান যুগের কিংবদন্তি থেকে শুরু করে ভবিষ্যৎ শাসন করতে আসা একঝাঁক তরুণ তুর্কি। মাঠের লড়াই শুরুর আগে বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা; কারা হবেন এই আসরের ভাগ্যবিধাতা, কার পায়ের জাদু মন্ত্রমুগ্ধ করবে কোটি ফুটবল অনুরাগীকে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে শুরু করে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আলো ছড়াতে আসা নতুন তারকাদের নিয়ে ইতোমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। মরুর বুকে কাতারের ট্রফি উঁচিয়ে ধরার চার বছর পর, এবার নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এই অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন। তবে বয়সের ভার এবং শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার মিশনে এবার হয়তো মেসির ভূমিকা কিছুটা ভিন্ন হতে পারে। তবুও ড্রেসিংরুমের অনুপ্রেরণা এবং মাঠের যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অলৌকিক ক্ষমতার কারণে ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণ হয়ে থাকবেন এই বাঁ-পায়ের জাদুকরই।

মেসির পাশাপাশি এই আসরটি হতে যাচ্ছে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক মঞ্চ। ৪১ বছর বয়সেও নিজের অবিশ্বাস্য ফিটনেস ধরে রেখে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন সিআরসেভেন। কাতারে সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে অধিকাংশ সময় বেঞ্চে কাটলেও, বর্তমান কোচ রবার্তো মার্টিনেজের অধীনে এবার তিনি মাঠে পর্যাপ্ত সময় পাবেন বলে আশা করা হচ্ছে। নিজের শেষ বিশ্বকাপে পর্তুগালকে সোনালি ট্রফি এনে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের বৃত্তটা পূর্ণ করতে মরিয়া হয়ে আছেন এই গোলমেশিন।

প্রজন্মের সেরা তরুণ প্রতিভার কথা বলতে গেলে সবার আগে আসবে স্পেনের উনআঠারো বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামালের নাম। ২০২৪ সালের ইউরো জয়ের অন্যতম নায়ক এই তরুণ এবারই প্রথম খেলবেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বমঞ্চেও যদি তিনি নিজের সহজাত ড্রিবলিং এবং ক্ষিপ্রতা বজায় রাখতে পারেন, তবে বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জেতার এক নতুন রেকর্ড গড়তে পারেন বার্সেলোনার এই বিস্ময় বালক।

গত বিশ্বকাপের ফাইনালের হ্যাটট্রিক হিরো কিলিয়ান এমবাপ্পে এবার নামছেন নতুন এক মিশন নিয়ে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা অলিভিয়ের জিরুদের ৫৭ গোলের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। গতি আর নিখুঁত ফিনিশিংয়ের অনন্য মিশ্রণে গড়া এই ফরাসি ফরোয়ার্ড গতবারের রানার্স-আপ হওয়ার ক্ষত ভুলে এবার ট্রফি নিজের করে নিতে বদ্ধপরিকর। ফুটবল বিশ্লেষকদের মতে, এমবাপ্পে একাই যেকোনো রক্ষণভাগকে ধুলিসাৎ করে দেওয়ার সামর্থ্য রাখেন।

দীর্ঘ ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে নিয়ে এসে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ম্যানচেস্টার সিটির ২৫ বছর বয়সী গোলমেশিন আর্লিং হালান্ড। ইউরোপীয় বাছাইপর্বে সর্বোচ্চ ১৬ গোল করে তিনি নিজের জাত চিনিয়েছেন। মাত্র ৫০টিরও কম আন্তর্জাতিক ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা এই নরওয়েজিয়ান স্ট্রাইকার এবারই প্রথম বিশ্বকাপ খেলবেন। নরওয়ের সোনালী প্রজন্মের নেতৃত্ব দেওয়া এই দানবীয় স্ট্রাইকারের পায়ের দিকে তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব।

ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে ব্যাক-টু-ব্যাক বুন্দেসলিগা গোল্ডেন বুট জিতে ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে বিশ্বকাপে পা রাখছেন। ২০১৮ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কেইন যদি এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন, তবে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার অনন্য কীর্তি গড়বেন তিনি। থ্রি লায়ন্সদের আক্রমণভাগের মূল ভরসা হিসেবে তিনি দলকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ দিতে প্রস্তুত।

এদিকে ইনজুরি জর্জরিত ব্রাজিল দলের আক্রমণভাগের সব দায়িত্ব এখন রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরষ্কার জেতা ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে। চার বছর আগে দলে কেবল জায়গা পাওয়া ভিনিসিয়ুস এবার এসেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে। নেইমার জুনিয়রের দলে আকস্মিক অন্তর্ভুক্তি থাকলেও কোচের প্রিয় ছাত্র ভিনিসিয়ুসের গতি এবং ড্রিবলিংয়ের ওপরই ভরসা করবে সেলেসাওরা।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতানো ২৬ বছর বয়সী উইঙ্গার অ্যান্টনি সেমেনিয়ো ইনজুরিতে পড়া মোহাম্মদ কুদুসের অনুপস্থিতিতে ঘানা দলের মূল চালিকাশক্তি হতে যাচ্ছেন। এছাড়া দীর্ঘ দুই দশক পর বিশ্বকাপে ফেরা তুরস্কের ফুটবল ভক্তদের সব আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু রিয়াল মাদ্রিদের তরুণ উইঙ্গার আরদা গুলের। ইনজুরির ধাক্কা কাটিয়ে আফ্রিকান ফুটবলের আইকন মোহাম্মদ সালাহও নিজের সম্ভবত শেষ বিশ্বকাপে মিশরকে ঐতিহাসিক কিছু উপহার দিতে উত্তর আমেরিকার মাঠে নামবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী; ঝুঁকিতে ভূরঘাটা-কালকিনি সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী; ঝুঁকিতে ভূরঘাটা-কালকিনি সড়ক

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের লাল ব্রীজ এলাকার পূর্ব ঢালে ভয়াবহ ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, লাল ব্রীজ সংলগ্ন পূর্ব পাশের ঢালের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে সড়কের প্রশস্ততা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অতীতে একাধিকবার ভাঙন রোধে সংস্কার কাজ করা হলেও তা ছিল সাময়িক ও নিম্নমানের। সামান্য বৃষ্টি হলেই সংস্কারকৃত অংশ আবারও ধসে পড়ে। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। অনেকেই এসব সংস্কার কার্যক্রমকে ‘আইওয়াশ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভুক্তভোগীরা জানান, এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন এই পথ ব্যবহার করে। কিন্তু বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। রাতের অন্ধকার কিংবা প্রতিকূল আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের মতে, ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে এবং সময়মতো ব্যবস্থা না নিলে পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বারবার নামমাত্র সংস্কারের পরিবর্তে আধুনিক প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে স্থায়ীভাবে সড়কটি মেরামত করতে হবে। একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%