সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৪ পি.এম
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কোস্ট গার্ড ৪০ জনকে আটক করেছে। এসময় ৬টি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ নগদ ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার কালুপুর ইউনিয়নের গাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গোপন সূত্রের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল রবিবার দিবাগত রাত ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
এ সময় ৪০ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "নদীর তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) জালিয়াতি, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে নানা মহলে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সংবাদে উঠে আসা অভিযোগগুলো খণ্ডন করে ‘তালাশ বিডি’তে একটি প্রতিবাদলিপি প্রকাশের জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকের মাধ্যমে তদবির চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‘তালাশ বিডি’র প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে অভিযুক্ত দেলোয়ারের পক্ষ থেকে। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো পক্ষের চাপ বা প্রভাব নয়—তথ্য, নথি, সংশ্লিষ্টদের বক্তব্য এবং যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হবে।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দেলোয়ারের রাজনৈতিক পরিচয় ও অবস্থানেও পরিবর্তন এসেছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাজুলের সঙ্গে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং শেবাচিমের আউটসোর্সিং কর্মচারীদের নেতা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগও রয়েছে।
তবে এসব রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে দেলোয়ারের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হবে।
অভিযোগ রয়েছে, একসময় শেবাচিম হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর মাধ্যমে কমিশন নেওয়ার সঙ্গে দেলোয়ার জড়িত ছিলেন। এ ঘটনায় অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তার গ্রেপ্তারের ঘটনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
পরবর্তীতে হাসপাতালের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে আউটসোর্সিং কর্মচারীদের একটি সংগঠন বা কমিটির নেতৃত্বে আসেন এবং এর মাধ্যমে হাসপাতালে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেন—এমন অভিযোগও রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে সাধারণ আউটসোর্সিং কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। কর্মচারীদের বকেয়া বেতন আদায়, প্রশাসনিক কাজে ঢাকায় যাতায়াতসহ বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন কর্মচারী।
তবে এসব অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে দেলোয়ারের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
সম্প্রতি ‘তালাশ বিডি’সহ কয়েকটি গণমাধ্যমে দেলোয়ারকে ঘিরে বিভিন্ন অভিযোগের সংবাদ প্রকাশের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন বলে জানা গেছে। পাশাপাশি সংবাদগুলোকে বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘তালাশ বিডি’র কাছে প্রতিবাদ পাঠানোর অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে। তবে প্রতিবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমটি তথ্য-প্রমাণ ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করবে বলে জানিয়েছে।
কোনো ব্যক্তি বা মহলের তদবির, চাপ কিংবা প্রভাবের কারণে সংবাদ প্রত্যাহার বা যাচাই ছাড়া প্রতিবাদ প্রকাশ করা হবে না—এমন অবস্থানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শেবাচিমের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালে কর্মচারী ব্যবস্থাপনা, আউটসোর্সিং, রোগী হয়রানি, দালালচক্র কিংবা অর্থ আদায়ের মতো কোনো অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যথাযথভাবে নির্দোষ প্রমাণের সুযোগ—দুই ক্ষেত্রেই স্বচ্ছ তদন্ত জরুরি।
এদিকে শেবাচিম হাসপাতালের বর্তমান প্রশাসনের অবস্থান এবং দেলোয়ারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও জানতে চেষ্টা করছে ‘তালাশ বিডি’।
তথ্য-প্রমাণ যাচাই ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।
দেলোয়ারকে ঘিরে উত্থাপিত অভিযোগ, হাসপাতালের আউটসোর্সিং ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে তালাশ বিডি’র অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিশেষ অনুসন্ধানের দ্বিতীয় পর্বে থাকছে আরও তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য।
চোখ রাখুন ‘তালাশ বিডি’তে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত।" তিনি উল্লেখ করেন, তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে বেকারত্ব সৃষ্টি হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে বিপর্যয় ঘটাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ সোমবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় নেতার আনা নোটিসের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিরোধীদলীয় নেতার নোটিস এবং লং মার্চের ছয় দফা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। তবে তিনি জানান, লং মার্চের কোনো প্রয়োজন ছিল না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যদি লং মার্চের পরিবর্তে জাতীয় সংসদে সরাসরি আলোচনা করা হতো, তাহলে এ বিষয়ে সারাদিন আলোচনা করা সম্ভব হতো। সংসদে বিস্তারিত আলোচনা করে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা, উৎপাদন কার্যকারিতা এবং কারিগরি তথ্য বিশ্লেষণকে আরও কার্যকর ও সুসংগঠিত করার উদ্দেশ্যে কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ব্যবস্থা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের উদ্বোধন সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার রোসেনেরগোঅ্যাটমের বাংলাদেশ শাখার পরিচালক সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ। সভাপতিত্ব করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান। স্বাগত বক্তব্য প্রদান করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. ইয়ামিন আলী।
সভাপতির বক্তব্যে ড. জাহেদুল হাছান উল্লেখ করেন, আধুনিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা ও উৎপাদন কার্যকারিতা বিভিন্ন কারিগরি, পরিচালনাগত ও অর্থনৈতিক সূচকের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, "বিভিন্ন সিস্টেম, ইকুইপমেন্ট ও অপারেশনাল প্যারামিটারের পরিবর্তন বিদ্যুৎ উৎপাদন ও ইউনিটের সামগ্রিক কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।"
তিনি আরও বলেন, "কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ও বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে অপারেশনাল প্যারামিটার এবং সিস্টেম ও ইকুইপমেন্টের পরিবর্তন বিদ্যুৎ উৎপাদন ও ইউনিটের কর্মক্ষমতায় কি প্রভাব ফেলছে, তা তথ্যভিত্তিক ভাবে মূল্যায়ন করা যাবে।"
ড. মো. জাহেদুল হাছান আরও বলেন, "একটি উৎপাদন ইউনিটের বিভিন্ন সিস্টেম ও প্যারামিটারের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই কোনো একটি সিস্টেম বা প্যারামিটারের পরিবর্তন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থা ও সামগ্রিক উৎপাদন কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।" তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলী ও কর্মকর্তারা বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কর্মক্ষমতা, অপারেশনাল অবস্থা এবং কারিগরি ও অর্থনৈতিক সূচকের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন।
এ দক্ষতা ভবিষ্যতে তথ্য বিশ্লেষণ, উৎপাদন কার্যকারিতা মূল্যায়ন, প্রতিবেদন প্রণয়ন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। প্রধান অতিথি সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং তা কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট দিমিত্রি কজলভ, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ গোলাম শাহিনুর ইসলাম, ডেপুটি ডিরেক্টর মুশফিকা আহমেদ, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ ওয়াজিহুর রহমান, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার ইরতিয়াজ মাহমুদ এবং ব্যবস্থাপক মোঃ সোলায়মানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোডাকশন অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টের (পিটিডি) প্রধান রাজু আহম্মেদ।
বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা পর্যবেক্ষণ, কারিগরি তথ্য বিশ্লেষণ ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি প্রকৌশলী ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি ও সভাপতি আনুষ্ঠানিকভাবে কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সুজানগরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। গত রোববার ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে তাকে মনোনীত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতার কারণে ছয় দফা দলীয় মনোনয়ন লাভ করেছেন এবং দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদেও রয়েছেন, যা তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ। বর্তমানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ওই কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে।
বিশেষ করে, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে গঠিত ওই কমিটির সভাপতির পদ অলংকৃত করায়, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। এলাকার জনগণ আশা করছেন, সংসদ সদস্য এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ ওই কমিটির সভাপতি হিসেবে তার মনোনয়ন নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে। সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, গুরুত্বপূর্ণ ওই কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের জন্য নির্বাচনী এলাকার জনগণের কাছে দোয়া চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ