০২:৪৯ পি.এম
জেলার রাঙ্গাবালীর একজন অসহায় ও অসুস্থ দম্পতির পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এগিয়ে এসেছেন। সম্প্রতি, পলিথিন মাথায় দিয়ে রাত কাটানো ওই দম্পতির বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন। তখন তিনি তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এখন জানা গেছে, উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম রাড়ি ও তার স্ত্রী রওশনারা বেগম দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে দিন যাপন করছেন। দুজনই নানা দূরারোগ্য ব্যাধিতে ভুগছেন এবং মাথা গোঁজার ঠাঁই হিসেবে সামান্য জায়গার ওপর তৈরি জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছেন।
সামান্য ঝড়-বৃষ্টি হলেই তাদের ঘরের চাল দিয়ে পানি পড়ে। এমনকি বৃষ্টির পানিতে ঘরের আসবাবপত্র ভিজে গেলেও পলিথিন মাথায় দিয়েই রাত কাটাতে হয় প্রবীণ দম্পতিকে। যখন বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে, তখন ইউএনও মো. নাজমুল হাসান ওই দম্পতির বাড়িতে যান। এ সময় তিনি তাদের শারীরিক এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং তাদের হাতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেন।
আরও পড়ুন: অষ্টমীতে রহমতপুরের পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন
একই সঙ্গে তিনি সরকারি বিভিন্ন সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বাসস’কে বলেন, 'অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রশাসনিক দায়িত্বের অংশ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির স্থায়ী মাথা গোঁজার ঠাঁইসহ অন্যান্য সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।' স্থানীয় এলাকাবাসী ইউএনও-এর মানবিক উদ্যোগে সন্তোষ ও প্রশংসা ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন