মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯:২৮ পি.এম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোখলেসুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, আটক হওয়ার পর অভিযুক্ত মোখলেসুর রহমানকে থানায় থেকে ছাড়িয়ে নিতে কতিপয় নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তির তদবিরের অভিযোগ উঠেছে। তবে সব ধরনের চাপ উপেক্ষা করে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে ঠাকুরগাঁও জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
তারাই আমাদের নতুন করে সাহস ও শক্তি জোগাবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তাসলিমা আখতার বলেন, শুধু সার্টিফিকেট অর্জন বা ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা শুধু নিজেদের প্রতিষ্ঠানের জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, “আমরা গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম সেখানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ ছিল। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসেছে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এবং হাজারো শহীদের প্রাণের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্খা আমাদের তৈরি হয়েছে।
বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেন সবাই সমানভাবে অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা পাওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়। পাশাপাশি যেসব স্কুল-কলেজে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, সেগুলো দূর করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো. সাজ্জাদ হোসেন রিয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মতিলাল ভৌমিক, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় ভৌমিক এবং মানদত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের সাবেক চারবারের নির্বাচিত চেয়ারম্যান, বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক মরহুম হাজী মোঃ কালু মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম হাজী মোঃ কালু মিয়া একটি মধ্যবিত্ত পরিবারে, হাজী মোঃ হোসেন আলী ভূঁইয়ার ঘরে জন্মগ্রহণ করেন কালিকাপ্রসাদ ইউনিয়নে। যথেষ্ট পরিশ্রম, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে তিনি জীবনের নানা সংগ্রাম পেরিয়ে বন্দরনগরী ভৈরবের একজন সফল ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন।
স্বাধীনতার পূর্বে এবং পরে তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চারবার নির্বাচিত হয়ে যথাযথ দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে উপজেলা পদ্ধতি চালু হলে তিনি ভৈরব থেকে সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন হাজী মোঃ কালু মিয়া। দায়িত্ব পালনকালে তিনি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়। ১৯৬৫ সালে তিনি কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ভৈরবের বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
একজন সফল ব্যবসায়ী, জনবান্ধব জনপ্রতিনিধি ও বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসেবে হাজী মোঃ কালু মিয়া ভৈরব জনগণের কাছে আজও শ্রদ্ধার সাথে স্মরণীয়। তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের তরফ থেকে ভৈরব উপজেলার সর্বস্তরের জনগণের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। চলতি বছরের ২৪ আগস্ট, সোমবার, বেলা ১১টায় রাজধানী ঢাকার বাংলামটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেল জানায়, এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি করা হচ্ছে।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের ১৮০ দিনের দায়িত্ব গ্রহণের পর, সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এ আয়োজনে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।
এই সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চীন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যে বেইজিংয়ের পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত একটি গবেষণামূলক চন্দ্রাভিযান পিছিয়ে দেওয়া হয়েছে।
একটি বিরল উৎক্ষেপণ ব্যর্থতার প্রায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনের মানববাহী মহাকাশ সংস্থার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানিয়েছে, ‘সমন্বিত মূল্যায়নের’ পর দেখা গেছে, লং মার্চ-৫ ক্যারিয়ার রকেটের মাধ্যমে চ্যাং’ই-৭ চন্দ্রযান পাঠানোর এই মিশনটি ‘উৎক্ষেপণের শর্ত পূরণ করছে না’ এবং এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে এটি উৎক্ষেপণ করা সম্ভব হবে না।
সংস্থাটি জানায়, উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতর্কতা, নির্ভরযোগ্যতা এবং মিশনের সাফল্য নিশ্চিত করার নীতির ভিত্তিতে। তবে ঠিক কোন কোন শর্ত পূরণ হয়নি বা নতুন করে কবে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।
এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান করা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, চন্দ্রযানটি সপ্তাহান্তে অথবা সোমবার উৎক্ষেপণ করা হতে পারে।
গত সপ্তাহে চীনা মহাকাশ সংস্থা জানিয়েছিল, চন্দ্রযান ও ক্যারিয়ার রকেটটি দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে উৎক্ষেপণের জন্য নেওয়া হয়েছে।
বুধবার পর্যন্ত উৎক্ষেপণস্থল ও সংশ্লিষ্ট সরঞ্জামগুলো ভালো অবস্থায় ছিল এবং সেগুলোর পরিদর্শন শেষে ‘শিগগিরই’ উৎক্ষেপণের পরিকল্পনা ছিল।
চ্যাং’ই-৭ মিশন পিছিয়ে দেওয়ার ঘটনা এমন সময় ঘটছে, যখন হাইনান থেকে উৎক্ষেপিত একটি রকেট বিস্ফোরিত হওয়ার ভিডিও ও ছবি প্রকাশের প্রায় দুই সপ্তাহও হয়নি। এতে প্রত্যক্ষদর্শীরা আকাশে আগুনের গোলার মতো দৃশ্য দেখতে পান।
ব্যর্থ ওই মিশনে লং মার্চ-৭এ ক্যারিয়ার রকেট ব্যবহার করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, রকেটটি ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
রকেটটি একটি ঝংসিং-৪বি যোগাযোগ স্যাটেলাইট বহন করছিল। উড্ডয়নের সময় এতে একটি ‘অস্বাভাবিকতা’ দেখা দেয় বলেও সিনহুয়া জানিয়েছিল।
ব্যর্থতার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছিল।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাকে দেশের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।
চীনের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশটি প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয়। মহাকাশ কর্মসূচির উচ্চাভিলাষ বাস্তবায়ন এবং উৎক্ষেপণ ব্যয় কমানোর ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
চীন ২০৩০ সালের আগে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রও তার আর্টেমিস কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ